মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০২:০৭ এম
অবৈধ কার্যক্রমের জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় তিন নেতার একটি ভার্চুয়াল বৈঠকের অডিও রেকর্ড প্রকাশিত হয়েছে। বৈঠকে তারা নেতাকর্মীদের নির্দেশনা দেন, যাতে দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং নৈরাজ্য সৃষ্টি করা যায়।
সোমবার (১৬ নভেম্বর) সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টের মাধ্যমে এই বিষয়টি প্রকাশ করেন।
বৈঠকে অংশগ্রহণকারী আওয়ামী লীগ নেতাদের মধ্যে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন এবং ইব্রাহিম হোসেন মুন অন্তর্ভুক্ত ছিলেন।
জুলকারনাইন সায়ের তার পোস্টে উল্লেখ করেন, গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন তাদের নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন, যা দেশের মধ্যে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার উদ্দেশ্যে ছিল। তিনি বলেন, বৈঠকের অডিও রেকর্ড তার কাছে এসেছে এবং তা এখানে সংযুক্ত করা হয়েছে।
রেকর্ডে মোজাম্মেল হককে বলতে শোনা যায়, আগামী ১৯ নভেম্বর দলের ঘোষিত লকডাউন সফল করার জন্য প্রতিটি ইউনিয়নে অন্তত তিনটি করে বাড়িতে আগুন লাগানোর নির্দেশ দিতে হবে। এ সময় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর শারীরিক নির্যাতন, এমনকি প্রয়োজনে হত্যার কথাও তিনি উল্লেখ করেন। এ সময় ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে গালাগাল করতে শোনা যায়।
জুলকারনাইন সায়ের আরও উল্লেখ করেন, ভারতে আশ্রয় নেওয়া পলাতক আওয়ামী লীগ নেতারা সেখান থেকে বসে বাংলাদেশে অগ্নিসংযোগ ও হত্যার নির্দেশ দিচ্ছেন। তিনি বলেন, বাংলাদেশ সরকারের উচিত বিষয়টি অবিলম্বে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে উত্থাপন করা এবং জানতে চাওয়া, তাদের ভূখণ্ড থেকে প্রতিবেশী দেশের বিরুদ্ধে এমন প্রতিহিংসামূলক ধ্বংসাত্মক কার্যকলাপ চালানোর সুযোগ তারা কীভাবে দিচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী তানিয়া সুলতানার বাবা মো. হাবিবুর রহমানের মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার হয় নিখোঁজের দুই দিন পর। হত্যার অভিযোগে মামলা দায়ের করা হলেও তিন সপ্তাহ পার হলেও পুলিশ এখনও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।
নিহত হাবিবুর রহমানের বয়স ছিল ৬৯ বছর। তিনি জামালপুর পৌরসভার সকাল বাজারে আইকন ফার্নিচারের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রায় চার মাস আগে তিনি চাকরি ছেড়ে বাড়িতে ফিরে আসেন। গত ২১ অক্টোবর ফজরের নামাজের পর সকাল ছয়টার দিকে তিনি বাড়ি থেকে বের হন এবং এরপর আর ফিরে আসেননি।
পরিবারের সদস্যরা তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
এজাহার সূত্রে জানা যায়, নিখোঁজের দুই দিন পর ২৩ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে জামালপুর সদর থানার ৬ নম্বর নরুন্দি ইউনিয়নের নামা কোচনধারা-সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর পূর্ব পাড়ে ছাতিয়ানতলা গ্রামের বালুচরে তাঁর মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনেরা। পরে ঘটনাস্থলে গিয়ে তাঁরা মরদেহ শনাক্ত করেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর ২৪ অক্টোবর বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে হাবিবুর রহমানকে দাফন করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, হাবিবুর রহমানকে হত্যা করে তাঁর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধারের পর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন, জিহ্বা কাটা, চোখ উপড়ে ফেলা এবং মুখে অ্যাসিডজাতীয় পদার্থ নিক্ষেপের চিহ্ন দেখতে পাওয়ার দাবি করেছেন স্বজনেরা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এখনও তাঁদের হাতে আসেনি।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. রাশেদা বেগম ২৫ অক্টোবর জামালপুর সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা দায়ের করেন।
নিহতের মেয়ে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া সুলতানা তদন্তের অগ্রগতি ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ২১ অক্টোবর থেকে তাঁর বাবা নিখোঁজ ছিলেন এবং পরে ২৩ অক্টোবর বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের ধারণা, তাঁকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
তানিয়া বলেন, ‘ঘটনার ২০ দিনের বেশি পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি ময়নাতদন্তের প্রতিবেদনও আমরা হাতে পাইনি। এতে আমরা চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছি।’
তিনি আরও বলেন, ‘আমি আমার বাবার মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা কামনা করছি।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব এ বিষয়ে বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। হত্যার রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় সব কার্যক্রম চলমান রয়েছে।
নিহতের পরিবার নির্দিষ্ট কয়েকজনকে আসামি করে মামলা করতে চাইলেও পুলিশ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা নিয়েছে বলে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘থানা প্রশাসন কখনোই বাদীকে মামলা না নেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়ার অধিকার রাখে না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মো: হারুন মিয়া, ভ্রাম্যমাণ প্রতিনিধিদীর্ঘ সাড়ে তিন মাস পর নতুন অফিসার ইনচার্জ (ওসি) পেল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা জেলা পুলিশের নির্দেশে ইন্সপেক্টর ফখরুল ইসল
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৪১ এম
দীর্ঘ সাড়ে তিন মাস পর নতুন অফিসার ইনচার্জ (ওসি) পেল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা জেলা পুলিশের নির্দেশে ইন্সপেক্টর ফখরুল ইসলামকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।
জানা যায়, গত ২৮ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানার তৎকালীন ওসি সাইফুল আলমকে সাভার থানায় বদলি করা হয়। এরপর থেকে প্রায় সাড়ে তিন মাস ধরে গুরুত্বপূর্ণ এই থানায় স্থায়ীভাবে কোনো অফিসার ইনচার্জ ছিলেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে চলছিল থানার দৈনন্দিন কার্যক্রম।
দীর্ঘদিন ওসি পদ শূন্য থাকায় থানার প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক পুলিশি ব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হয়। অবশেষে নতুন ওসি নিয়োগের মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান হলো।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ ইন্সপেক্টর ফখরুল ইসলামকে কেরানীগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধ দমন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশের সঙ্গে জনগণের সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে নতুন ওসি নিয়োগের মধ্য দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশি কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
নবনিযুক্ত ওসি ফখরুল ইসলামের নতুন কর্মস্থলে সফলতা কামনা করেছেন কেরানীগঞ্জবাসী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ রামা দে (৫৩) নামক একজন ডিম ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় আনন্দময়ী পাড়া থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রায় এক মাস পূর্বে শ্রীনগর বাজারে নিজস্ব ডিমের গোডাউনে শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রামা দের বিরুদ্ধে। ঘটনার পর বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে।
সম্প্রতি এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শ্রীনগর বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। পরে শিশুটির দাদি বাদী হয়ে শ্রীনগর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে রামা দেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির দাদি বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চব্বিশের গণ-অভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মৃত্যুদণ্ডের’ রায়ের এক বছর পূর্ণ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় প্রদান করেছিল। গত বছর ১৭ নভেম্বর দেওয়া রায়টি পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম রায় হিসেবে চিহ্নিত হয়। এর মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক কোনো সরকারপ্রধানকে সাজা দেওয়ার নজির সৃষ্টি হয়।
সেদিন একই অপরাধের দায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয় ট্রাইব্যুনালের পক্ষ থেকে। জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং গুরুতর আহত আন্দোলনকারীদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও রায়ে অন্তর্ভুক্ত ছিল। মামলার আরেক আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মামলার আদ্যোপান্ত : ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর ২০২৪ সালের ১৪ আগস্ট শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়। এই অভিযোগের তদন্ত শুরু হয় ২০২৪ সালের ১৪ অক্টোবর। পরে গত বছর ১২ মে মামলার তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
গত বছর ১ জুন প্রসিকিউশন ‘আনুষ্ঠানিক অভিযোগ’ দাখিল করলে তা আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ১০ জুলাই মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ’ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। ৩ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তাসহ ২৮ কার্যদিবসে ৫৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর ১৭ নভেম্বর রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। চলতি বছর ১৩ জানুয়ারি ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
রায়ের বিরুদ্ধে আপিল শুনানির অপেক্ষায় : মামলার দুটি অভিযোগের মধ্যে প্রথম অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড এবং দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রথম অভিযোগে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড চেয়ে গত বছর ১৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে চিফ প্রসিকিউটর কার্যালয়। আপিল শুনানির বিষয়ে জানতে চাইলে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম কালের কণ্ঠকে বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১ (৪) ধারা অনুসারে আপিল দায়েরের ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বিধান রয়েছে। আমি মনে করি, আইনের এই বিধান মানা উচিত। প্রসিকিউশনের আপিলটি আপিল বিভাগের কার্যতালিকায় এলেও শুনানি হচ্ছে না।’
শেখ হাসিনার বিরুদ্ধে বিচারাধীন ৬ মামলা, তদন্তে আরো দুটি : সাবেক সরকারপ্রধান শেখ হাসিনার বিরুদ্ধে আরো ছয়টি মামলার বিচার চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর কার্যালয়। এর মধ্যে আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম, আটক, নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলা রয়েছে। মামলাগুলোর সাক্ষ্যগ্রহণ চলছে। এ ছাড়া বিচারাধীন মামলার মধ্যে আছে এক যুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের অভিযোগের মামলাটিও। এই মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ’ গঠনের শুনানি চলছে।
২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরে কথিত জঙ্গি আস্তানা ‘জাহাজ বাড়িতে’ অভিযান চালিয়ে ৯ জনকে হত্যা, ২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরের জয়দেবপুরে জঙ্গি আস্তানায় অভিযানে সাতজনকে হত্যা এবং ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে বিচারাধীন তিন মামলায়ও শেখ হাসিনা প্রধান আসামি।
চব্বিশের গণ-আন্দোলনে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক এই সরকারপ্রধানের বিরুদ্ধে আরো দুটি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন প্রসিকিউশন।
সম্পদ বাজেয়াপ্তে সরকারকে প্রসিকিউশনের চিঠি : এক বছর আগে মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পদ বাজেয়াপ্তের রায় হলেও শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি সরকারকে চিঠি দেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর এই চিঠি দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ