ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চেহারা নিয়ে কটূক্তিতে সরাসরি সম্প্রচারে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী ভিনা মালিক


চেহারা নিয়ে কটূক্তিতে সরাসরি সম্প্রচারে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী ভিনা মালিক

পাকিস্তানের অভিনেত্রী ও উপস্থাপিকা ভিনা মালিক সম্প্রতি অনলাইনে নিজের ওজন এবং শারীরিক গঠন নিয়ে কটূক্তির শিকার হয়ে সরাসরি সম্প্রচারে কান্নায় ভেঙে পড়েন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকদের উদ্দেশে আবেগঘন বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ জানান।

একটি অনুষ্ঠানে নিজের ওজন কমানোর অভিজ্ঞতা শেয়ার করার পর ভিনা নেতিবাচক মন্তব্যের সম্মুখীন হন। এর প্রতিক্রিয়ায় তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে নিজের উঁচু জুতা খুলে স্বাভাবিক উচ্চতা প্রদর্শন করেন। এরপর তিনি মুখের প্রসাধনী মুছে সমালোচকদের উদ্দেশে প্রশ্ন করেন।

ভিনা প্রশ্ন করেন, "প্রসাধনী ছাড়া তার স্বাভাবিক চেহারা ও গায়ের রং নিয়ে কি সংবাদমাধ্যম নতুন করে খবর প্রকাশ করবে?" এ সময় আবেগ ধরে রাখতে না পেরে তিনি কেঁদে ফেলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন: ‘মামাকে বিয়ে’ বিতর্কে মুখ খুললেন কীর্তি, অস্বস্তিতে রাধিকা

অন্য একটি ভিডিও তে সমাজে নারীদের প্রতি আচরণ নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তিনি প্রকাশ্যে নারীদের অপমান করা ব্যক্তিদের নিজেদের পরিবার ও আশপাশের নারীদের সঙ্গে কেমন আচরণ করেন, তা নিয়েও প্রশ্ন রাখেন।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনার পাশে দাঁড়িয়েছেন ভক্ত ও সহকর্মী তারকারা। পাশাপাশি অনলাইনে নারীদের শারীরিক গঠন ও চেহারা নিয়ে অপমানজনক মন্তব্যের নেতিবাচক প্রভাব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

সূত্র: সামা টিভি

আরও পড়ুন: ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন ম্যাকোলে কালকিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের কাছে ২৬ রানে অলআউট নেপাল, বিশাল ৩০৬ রানের জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


ভারতের কাছে ২৬ রানে অলআউট নেপাল, বিশাল ৩০৬ রানের জয়

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে অলআউট করে ভারত ২৬ রানে, ফলে ৩০৬ রানের বিশাল জয় অর্জন করেছে।

শুক্রবার কাতারের দোহার ইস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারত টস জিতে প্রথমে ব্যাটিং শুরু করে। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩২ রান সংগ্রহ করে ভারত।

দলের হয়ে অসাধারণ ব্যাটিং করে শতকের দেখা পান কুমার কুশাগ্রে এবং অধিনায়ক তিলক ভার্মা। কুশাগ্রে ১০২ বলে ১১৭ রান করেন, অন্যদিকে তিলক ভার্মা ১১৩ বলে ১০৭ রান করেন। এই দুই ব্যাটারের সেঞ্চুরির ফলে ভারত বড় সংগ্রহ করতে সক্ষম হয়।

৩৩৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নেপাল ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে। মাত্র ১১.৩ ওভারে ২৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। নেপালের কোনো ব্যাটারই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।

ভারতের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন প্রিন্স যাদব। তিনি মাত্র ৬ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন। এছাড়া হর্ষিত রানা ৪ উইকেট নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা সরকারের মেগা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রকল্পের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


আর্জেন্টিনা সরকারের মেগা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রকল্পের অনুমোদন

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : আর্জেন্টিনা সরকার শুক্রবার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির একটি বিশাল প্রকল্পের জন্য বিভিন্ন প্রণোদনার ঘোষণা করেছে, যা বিনিয়োগ আকৃষ্ট করবে। প্রকল্পটিতে ২০৫০ সাল পর্যন্ত মোট ৫০০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই প্রকল্পটি বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত আর্জেন্টাইন প্রতিষ্ঠান ওয়াইপিএফ, ইতালির কোম্পানি এনি এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান এক্সআরজি যৌথভাবে কাজ করবে। এটি আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ প্রকল্প হিসেবে চিহ্নিত হচ্ছে।

প্রকল্পের আওতায় আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চলের ভাকা মুয়ের্তা গ্যাসক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হবে, যেখানে দেশের সবচেয়ে বড় গ্যাসের মজুত রয়েছে।

প্রতিবছর এখান থেকে ১ কোটি ২০ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি করা হবে।

আর্জেন্টিনার অর্থমন্ত্রী লুইস কাপুতো জানিয়েছেন, ২০২৭ থেকে ২০৩০ সালের মধ্যে প্রকল্পটিতে ২ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। ২০৫০ সালের মধ্যে মোট বিনিয়োগের পরিমাণ ৫ হাজার কোটি ডলারে পৌঁছাবে।

এই প্রকল্পটি সরকারের ‘বৃহৎ বিনিয়োগ প্রণোদনা কর্মসূচি’ (আরআইজিআই) এর আওতায় বাস্তবায়িত হবে, যা ২০২৪ সালে উদারনীতিবাদী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সরকারের দ্বারা চালু করা হয়।

কর্মসূচির লক্ষ্য হচ্ছে কর ছাড়, বিনিময় হারসংক্রান্ত সুবিধা এবং অন্যান্য প্রণোদনার মাধ্যমে দেশি ও বিদেশি বড় বিনিয়োগ আকৃষ্ট করা।

অর্থমন্ত্রী কাপুতো আরও জানান, প্রকল্পের আওতায় গ্যাস পরিবহনের জন্য একটি এবং তেল পরিবহনের জন্য আরেকটি পাইপলাইন নির্মাণ করা হবে। প্রতিটি পাইপলাইনের দৈর্ঘ্য হবে ৫২৪ কিলোমিটার (৩২৫ মাইল)।

এই পাইপলাইন দুটি আটলান্টিক মহাসাগর উপকূলবর্তী রিও নেগ্রো প্রদেশ পর্যন্ত বিস্তৃত হবে, যেখানে ভাসমান দুটি গ্যাস তরলীকরণ ইউনিট স্থাপন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরণব্যাধিতে আক্রান্ত শামীম ওসমান, চতুর্থ স্টেজে ক্যানসার হয়েছে তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


মরণব্যাধিতে আক্রান্ত শামীম ওসমান, চতুর্থ স্টেজে ক্যানসার হয়েছে তার

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে পড়েছেন। তিনি নিজেই জানিয়েছেন যে, তার ক্যানসার বর্তমানে চতুর্থ স্টেজে পৌঁছেছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশগ্রহণ করে তিনি তার শারীরিক অসুস্থতার বিষয়টি তুলে ধরেন। বর্তমানে তিনি বিদেশে পলাতক অবস্থায় রয়েছেন।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল গড়ে তুললে বদলে যাবে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি: মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল গড়ে তুললে বদলে যাবে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি: মীর হেলাল

রাঙ্গামাটি, ২১ নভেম্বর, ২০২৬ : ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি, বলেছেন, ফ্রিল্যান্সিং খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব।

তিনি উল্লেখ করেন, কর্মহীনতা দূর করার জন্য পাহাড়ের মানুষের জীবনে স্বস্তি, শান্তি ও সচ্ছলতা ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন।

গতকাল রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত কর্মসূচির আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণ-তরুণীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ অনুষ্ঠানের আয়োজন করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছেন। এর ধারাবাহিকতায় ফ্রিল্যান্সিং খাতে সরকার নানামুখী প্রণোদনা প্রদান করছে। ইতোমধ্যেই ফ্রিল্যান্সারদের সুবিধার্থে একাধিক ই-পেমেন্ট গেটওয়ে উন্মুক্ত করা হয়েছে এবং কর ও ভ্যাট কমিয়ে লেনদেন প্রক্রিয়া সহজ করা হয়েছে।

মীর হেলাল বলেন, বড় বিনিয়োগের মাধ্যমে রাতারাতি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা একটি চ্যালেঞ্জ। তবে ফ্রিল্যান্সিং খাতে দক্ষ জনবল তৈরি করতে পারলে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতিতে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, একটি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ১০০ জন বেকার তরুণ-তরুণী দক্ষ হয়ে উঠলে তাদের ৯৫ শতাংশেরও বেশি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক অর্থনীতির সঙ্গে যুক্ত হতে পারবেন। পরবর্তীতে তারা নিজেদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন। এর ফলে বিদ্যমান অর্থনীতির পাশাপাশি নতুন একটি শক্তিশালী অর্থনৈতিক বলয় গড়ে উঠবে।

বৈশ্বিক বাজারের সম্ভাবনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ইউরোপ, আমেরিকা ও সিঙ্গাপুরসহ উন্নত দেশগুলোর কল সেন্টারের বড় একটি অংশ পার্শ্ববর্তী দেশগুলোতে পরিচালিত হচ্ছে। এসব দেশ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করতে পেরেছে বলেই এ সুযোগ কাজে লাগাতে পারছে।

বাংলাদেশের তরুণ-তরুণীরাও অত্যন্ত মেধাবী ও স্মার্ট। যথাযথ প্রশিক্ষণ পেলে তারা নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে দেশের জন্য বিশাল অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম হবেন।

স্থানীয় অর্থনীতিতে অর্থের প্রবাহের গুরুত্ব ব্যাখ্যা করে মীর হেলাল বলেন, একজন ব্যক্তি যদি স্থানীয় বাজারে পাঁচ হাজার টাকা ব্যয় করেন, তবে তা একপর্যায়ে বিনিয়োগের মতো কাজ করে। এই অর্থের একটি অংশ সবজি বিক্রেতা, মুরগি সরবরাহকারী কিংবা কাপড় ব্যবসায়ীর কাছে পৌঁছায়। স্থানীয় পর্যায়ে এ ধরনের অর্থনৈতিক চক্র যত বেশি গড়ে উঠবে, দেশের উন্নয়ন তত দ্রুত ত্বরান্বিত হবে।

তিনি বলেন, এককভাবে প্রধানমন্ত্রী কিংবা কোনো একটি মন্ত্রণালয়ের পক্ষে সব কাজ করা সম্ভব নয়। তাই নিজ নিজ অবস্থান থেকে অবদান রেখে মানুষকে স্বনির্ভর করে গড়ে তোলার উদ্যোগ এগিয়ে নিতে হবে।

এ সময় তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ফ্রিল্যান্সিং, ই-লার্নিং ও অন্যান্য উন্নয়ন প্রকল্পের প্রশংসা করেন।

অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথি। সনদ পেয়ে প্রশিক্ষণার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, পরিষদের নির্বাহী প্রকৌশলী এরশাদুল হক মণ্ডলসহ পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%