ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শরদ কাপুরের পাশে দাঁড়ালেন শাহরুখ খান


শরদ কাপুরের পাশে দাঁড়ালেন শাহরুখ খান

১৯৯৪ সালে ‘মেরা পেয়ারা ভারত’ সিনেমার মাধ্যমে অভিনয়ের শুরু করেন বলিউডের অভিনেতা শরদ পাওয়ার। নির্মাতা মহেশ ভাটের ‘দস্তক’ সিনেমায় অভিনয় করে তিনি পরিচিতি অর্জন করেন।

তবে ২০০০ সালে মুক্তি পাওয়া শাহরুখ খানের সঙ্গে ‘জোশ’ সিনেমাটি তাকে আরও বেশি জনপ্রিয় করে তোলে। বর্তমানে শরদ পাওয়ারের জীবনে কঠিন সময় চলছে। দীর্ঘদিন ধরে কাজের অভাব রয়েছে তার। এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন শরদ পাওয়ার।

একসময়ের সফল এই অভিনেতা আকুতি জানিয়ে সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করেন। তার সেই আবেদন শুনে বলিউডের কয়েকজন তারকা পাশে দাঁড়ান। এবার শাহরুখ খানও তার ডাকে সাড়া দিয়েছেন।

আরও পড়ুন: ‘নকীব পদক ২০২৬’ অর্জন করলো কলরব শিল্পীগোষ্ঠী

সম্প্রতি শরদ পাওয়ার জানিয়েছেন, কাজের জন্য ভিডিও প্রকাশের পর বাদশাহ শাহরুখ খান তাকে ফোন করেন। এই সময় শাহরুখ তাকে নিজের পছন্দের কাজ করার পরামর্শ দেন।

তিনি বলেন, ‘শাহরুখ খান বলেছেন— তোমার যা ভালো লাগে, তুমি সেটাই করো। আমি তোমাকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।’ শরদ পাওয়ার জানান, শিগগিরই শাহরুখের ছেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তার। ‘জোশ’ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। শাহরুখের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল। শরদ পাওয়ার শাহরুখ খানকে প্রশংসা করে বলেন, তিনি একজন বড়মাপের মানুষ।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে শরদ পাওয়ার অভিনয় থেকে দূরে রয়েছেন। সম্প্রতি চার পোষা কুকুরকে অন্যত্র পাঠানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে তিনি নিজেই একটি ভিডিও প্রকাশ করে কাজের সুযোগ চান। এ নিয়ে তার শারীরিক ও আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা।

আরও পড়ুন: রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিয়ে নিয়ে মিমির খোলামেলা মন্তব্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীত মৌসুমে হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের জিলাপির কদর বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


শীত মৌসুমে হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের জিলাপির কদর বেড়েছে

/খোরশেদ আলম শিমুল/

চট্টগ্রাম (উত্তর), ২১ নভেম্বর, ২০২৬ : শীত মৌসুমে উত্তর চট্টগ্রামের হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের তৈরি জিলাপির চাহিদা ও কদর বেড়ে গেছে।

এ ব্যতিক্রমী মচমচে এবং সুস্বাদু জিলাপি স্থানীয় মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রাচীনকাল থেকে শীতকালে হাটহাজারীর গ্রামাঞ্চলে মহিলারা ঘরোয়াভাবে চালের জিলাপি তৈরি ও পরিবেশন করে আসছেন। শীত মৌসুমে ধর্মীয় সম্মেলন ও মাহফিলকে কেন্দ্র করে বসা বিভিন্ন মেলায়ও জিলাপি বিক্রি হয়ে থাকে। বর্তমানে হাটহাজারী পৌরসদর ও কয়েকটি হাটবাজারে জিলাপির বিক্রি জমজমাটভাবে চলছে। প্রতিদিন উপজেলার ছয়টি বাজারে প্রতি কেজি ১২০ টাকা দরে অন্তত ৫ হাজার কেজি জিলাপি বিক্রি হচ্ছে।

যেসব বাজারে চালের তৈরি জিলাপি বিক্রি হয়:
হাটহাজারী উপজেলার মধ্যে চৌধুরীহাটে ২ জন, সরকারহাট বাজারে ৩/৪ জন, মনিয়া পুকুর পাড়ে ২/৩ জন, হাটহাজারী বাজারে ৬ জন এবং কাটিরহাট বাজারে ১ জন জিলাপি তৈরির কারিগর সকালের প্রথম প্রহর থেকে গভীর রাত পর্যন্ত জিলাপি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। শীতের আগমনের সাথে সাথে জিলাপির চাহিদা বৃদ্ধি পাওয়ায় মৌসুমী ফল বিক্রেতারা অল্প পরিশ্রম ও পুঁজি খাটিয়ে ভালো আয় করতে ঝুঁকে পড়েছেন।

চালের জিলাপি কি উপকরণ দিয়ে তৈরি হয়:
চালের গুঁড়া ও গুড়ের তৈরি মিঠাই। গরম পানি দিয়ে চালের গুঁড়ার পেস্ট প্রস্তুত করা হয়। একটি কাপড়ে সে পেস্ট রেখে বিশেষভাবে ঘুরিয়ে চক্রাকারে ফুটন্ত তেলের ওপর দিয়ে জিলাপি তৈরি করা হয়। জিলাপির রং লাল হয়ে আসলে তা গুড়ের মিঠাতে ভিজিয়ে রাখা হয়। প্রতিটি জিলাপির ওজন হয় প্রায় এক কেজি।

গত বছর জিলাপির দাম ছিল ১২০ টাকা প্রতি কেজি। তবে এবারে জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে প্রতি কেজি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সরেজমিনে হাটহাজারী বাসস্টেশন এলাকার জিলাপি তৈরিকারক করিম, ইউসুফ, মঞ্জু এবং সরকারহাট বাজারের মো. মাহাবুব, মো. আবুল হোসেন, মো. মহিন উদ্দিনের সঙ্গে কথা হলে তারা বাসস’কে জানান, প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন শতাধিক কেজি জিলাপি বিক্রি করেন। জিলাপির চাহিদা বেশি হওয়ায় বিক্রেতারা বানিয়ে কূল পাচ্ছেন না।

হাটহাজারী বাসস্ট্যান্ডের জিলাপি তৈরিকারক ইউসুফ বাসস’কে জানান, তিনি প্রতিদিন অন্তত এক থেকে দেড় শতাধিক কেজি জিলাপি বিক্রি করেন। সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত জিলাপি বিক্রি করেন। এ কাজে তাকে ২ জন স্টাফ সহযোগিতা করেন। প্রতিদিন দেড়শ’ কেজি চালের গুঁড়া, প্রায় ৭০ কেজি গুড়, জ্বালানি হিসেবে ৮০ কেজি কেরোসিন, এবং ৮০ কেজি সয়াবিন তেল ব্যবহার করেন। স্টাফসহ সার্বিক খরচ বাদ দিয়ে তার মোটামুটি হাজার দু’এক টাকা রোজগার হয়। তিনি বলেন, ১৫ বছর ধরে হাটহাজারী বাজারে জিলাপি বিক্রি করে আসছি। ‘যতক্ষণ বানানো যাচ্ছে, ততক্ষণই বিক্রি হচ্ছে।’

জিলাপি ক্রেতা মো. হোসেন বাসস’কে বলেন, হাটহাজারী চালের জিলাপি এই এলাকার একটি ঐতিহ্যবাহী শীতকালীন খাবার। মচমচে, সুস্বাদু এই জিলাপি খেতে বেশ মজা এবং পরিবারের সবাই, বিশেষ করে বাচ্চারাও এটি খুব পছন্দ করে। তাই সপ্তাহে দুই থেকে তিনবার পরিবারের জন্য চাল জিলাপি কিনে থাকি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মীর শাহে আলম: দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


মীর শাহে আলম: দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন যে, "দেশের মানুষের জন্য যা ভালো, বিএনপি সরকার তা-ই করবে এবং মানুষের সব আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে।" তিনি আরও বলেন, ‘দেশের বাইরে আমাদের কারো কোনো ঠিকানা নেই। আমরা এ দেশেই থাকবেন এবং এ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব।’

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় গোবিন্দগঞ্জে আগমন ও বিভিন্ন কর্মসূচির সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করতে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফরের কথা রয়েছে। সফরকালে তিনি করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের সম্মানি প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন বলে সম্ভাব্য কর্মসূচিতে রয়েছে। এছাড়া দুটি পথসভায় বক্তব্য দেওয়ারও সম্ভাব্য কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে মীর শাহে আলম বলেন, সবকিছু ঠিক থাকলে ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, এই সফরে গোবিন্দগঞ্জের উন্নয়ন, নদী খনন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে।

পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার সিএমএসএমই খাতের অবদান ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করতে চায়: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


সরকার সিএমএসএমই খাতের অবদান ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করতে চায়: বাণিজ্যমন্ত্রী

মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অবদান ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, এই উদ্যোগ আয়বৈষম্য কমানো ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে নেয়া হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মতিঝিলে জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণের জন্য, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ পাওয়ার প্রক্রিয়াকে সহজতর করার পাশাপাশি বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

এই লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণের সুদহার ১৩ থেকে ১৪ শতাংশ থেকে কমিয়ে ৬ থেকে ৭ শতাংশে নামানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া, এসএমই ফাউন্ডেশনের সুপারিশের ভিত্তিতে উদ্যোক্তাদের জন্য নতুন প্রণোদনা কর্মসূচি গ্রহণের কথাও জানিয়েছেন মন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৬ সালে টেস্টে সর্বাধিক উইকেটশিকারি মোহাম্মদ আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


২০২৬ সালে টেস্টে সর্বাধিক উইকেটশিকারি মোহাম্মদ আব্বাস

ঢাকা, ২১ নভেম্বর ২০২৬ : শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে ইংল্যান্ডের জশ টাংকে পেছনে ফেলে ২০২৬ সালে টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেটশিকারি হিসেবে আবির্ভূত হয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস।

এই সিরিজে আট উইকেট নিয়ে তিনি সিরিজসেরার পুরস্কার অর্জন করেন। পাকিস্তান দ্বিতীয় টেস্টে আট উইকেটের জয়লাভের মাধ্যমে ১-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করার পর, আব্বাস বার্ষিক বোলিং তালিকার শীর্ষে উঠে আসেন।

ডানহাতি এই মিডিয়াম পেসার চলতি বছরে আট টেস্টে ৩৯ উইকেট সংগ্রহ করেছেন। তাঁর ইকোনমি রেট ২.৫৬। এর মধ্যে তিনটি পাঁচ উইকেটের ইনিংস এবং একটি চার উইকেটের ইনিংস অন্তর্ভুক্ত রয়েছে।

আব্বাসের পেছনে দ্বিতীয় স্থানে নেমে গেছেন টাং। ইংলিশ পেসার সাত টেস্টে ৪.১৯ ইকোনমি রেটে ৩৩ উইকেট নিয়েছেন।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। ছয় ম্যাচে তাঁর শিকার ৩২ উইকেট। অন্যদিকে, শীর্ষ পাঁচে ভারতের কোনো বোলার নেই। তিন টেস্টে ২.৮৪ ইকোনমি রেটে ২৩ উইকেট নিয়ে ভারতীয়দের মধ্যে সবচেয়ে এগিয়ে দশম স্থানে রয়েছেন মানব সুতার।

২০২৬ সালে টেস্টে সর্বাধিক উইকেটশিকারির তালিকা:

১. মোহাম্মদ আব্বাস (পাকিস্তান)- ৮ ম্যাচে ৩৯ উইকেট

২. জশ টাং (ইংল্যান্ড)- ৭ ম্যাচে ৩৩ উইকেট

৩. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)-  ৬ ম্যাচে ৩২ উইকেট

৪. অলি রবিনসন (ইংল্যান্ড)- ৪ ম্যাচে ২৮ উইকেট

৫. মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)- ৮ ম্যাচে ২৮ উইকেট

এদিকে, চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ২০২৫-২৭ চক্রে ৩৯ উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারিদের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন ৩৬ বছর বয়সী আব্বাস।

১৩ ম্যাচে ৭৩ উইকেট নিয়ে এ তালিকার শীর্ষে অবস্থান করছেন স্টার্ক। ১২ ম্যাচে ৬৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের টাং।

আইসিসি ডব্লিউটিসি ২০২৫-২৭ চক্রে সর্বাধিক উইকেটশিকারি:

১. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৭৩ উইকেট

২. জশ টাং (ইংল্যান্ড)- ৬৪

৩. সাইমন হারমার (দক্ষিণ আফ্রিকা)- ৫০

৪. মোহাম্মদ সিরাজ (ভারত)- ৪৩

৫. জোফরা আর্চার (ইংল্যান্ড)- ৪১

৬. শামার জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)- ৪০

৭. মোহাম্মদ আব্বাস (পাকিস্তান)- ৩৯।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%