০৩:৫৫ পি.এম
কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় পাঁচ বছর আগে আসা পরিচয়হীন নেপালি যুবক রিয়ান আনসারী অবশেষে তার পরিবারের কাছে ফিরতে চলেছেন। বাংলাদেশ সরকার এবং নেপাল দূতাবাসের সহযোগিতায় তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে নেপাল দূতাবাসের প্রতিনিধিরা দৌলতপুরের ফিলিপনগরে এসে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যান। রিয়ান, যিনি নেপালের বারা জেলার কালাইয়া থানার বাসিন্দা, বাদল আনসারীর ছেলে।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে নেপাল দূতাবাস। তার পরিবারের সদস্যরা পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে তার জন্য অপেক্ষা করছেন। সেখানে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল
স্থানীয়রা জানিয়েছেন, রিয়ান প্রায় পাঁচ বছর ধরে দৌলতপুরের বিভিন্ন স্থানে পরিচয়হীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন। ফিলিপনগর এলাকার পলাশ আহমেদ তাকে আশ্রয় দেন এবং পরিবারের সদস্যের মতো দেখাশোনা করেন। চলতি বছরের জুলাইয়ে রিয়ানের দেওয়া একটি ফোন নম্বরের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয় এবং পরিবারের সন্ধান মেলে। এরপর থেকে স্বজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে।
পলাশ আহমেদ বলেন, "প্রায় চার বছর ধরে রিয়ান আমার কাছে আছে। শুরুতে ভাষা বুঝতে কষ্ট হলেও এখন কিছুটা বাংলা বলতে পারেন। জুলাইয়ে পরিবারের নম্বর পাওয়ার পর থেকে রিয়ান প্রতিদিন চার-পাঁচবার স্বজনদের সঙ্গে কথা বলতে চান। পরিবারের কাছে ফিরতে পেরে তিনি খুব খুশি।"
তিনি আরও বলেন, "তাকে ফিরিয়ে দিতে পেরে আনন্দ হচ্ছে, তবে দীর্ঘদিন একসঙ্গে থাকায় খারাপও লাগছে।"
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক জানান, "ছেলেটি দীর্ঘদিন এখানে ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে নেপাল দূতাবাসের একজন কর্মকর্তা তাকে নিয়ে গেছেন।"
আরও পড়ুন: চট্টগ্রাম ওয়াসা সুপেয় পানির উৎপাদন ও সরবরাহ বাড়াতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চায়
নেপাল দূতাবাসের তৃতীয় সচিব সূরাজ আমগাইন বলেন, "সরকারি উদ্যোগে তাকে দেশে পৌঁছে দেওয়া হচ্ছে। তাকে বাংলাবান্ধায় পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।"
দৌলতপুরের ইউএনও নাভিদ সরোয়ার জানান, "সরকারি নিয়ম অনুসরণ করেই তাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।"
রিয়ানের স্বজনদের কাছে ফেরার খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একজন অসহায় বিদেশি যুবককে বছরের পর বছর আশ্রয় দিয়ে আগলে রাখায় পলাশ আহমেদও প্রশংসায় ভাসছেন।
আরও পড়ুন: কাঠালিয়ায় ফেসবুকে অপপ্রচার ও মানহানির ঘটনা প্রশাসনের নজরে, আইনি পদক্ষেপের পরামর্শ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন