০৭:০৮ পি.এম
বিদেশফেরত প্রবাসীদের পুনর্বাসন এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে তিনটি পর্যায়ে মোট তিন হাজার কোটি টাকা প্রাক-অর্থায়ন ঋণ প্রদান করা হয়েছে, এমনটি জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। এ সময় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করছিলেন।
অর্থমন্ত্রী উল্লেখ করেন, বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ঋণ কর্মসূচি চালু রেখেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রবাসী কল্যাণ ব্যাংক বিদেশ প্রত্যাগত কর্মীদের পুনর্বাসনের জন্য ঋণ সহায়তা প্রদান করে আসছে।
আরও পড়ুন: কারিগরি প্রশিক্ষণকে টেকসই কর্মসংস্থানে রূপ দিতে আহ্বান জানালেন হুমায়ুন কবির
বিদেশফেরত প্রবাসীদের মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প-কারখানা, সেবা ও বাণিজ্য, ক্ষুদ্র ও কুটির শিল্পসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রতি পর্যায়ে এক হাজার কোটি করে মোট তিন হাজার কোটি টাকা প্রাক-অর্থায়ন ঋণ প্রদান করেছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সফল বাস্তবায়নের পর বর্তমানে তৃতীয় পর্যায়ের বাস্তবায়ন চলছে। গ্রাহক পর্যায়ে এ ঋণের সর্বোচ্চ সুদহার ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অর্থমন্ত্রী জানান, সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘উদ্যোগ’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় যোগ্য তরুণ উদ্যোক্তাদের চাহিদা ও মূল্যায়ন সাপেক্ষে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং সমপরিমাণ ১০ লাখ টাকা অনুদানসহ মোট ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়নের সুযোগ রয়েছে। এই কর্মসূচিটি ধাপে ধাপে সারা দেশে বাস্তবায়িত হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের তহবিলের পরিমাণ ১০০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।
আরও পড়ুন: মেজর জিয়ার নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উত্থান ও আধুনিকায়ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন