১১:৫৪ পি.এম
দক্ষিণ আফ্রিকায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৫ নভেম্বর) রাতে দেশটির পিটারমারিৎজবার্গ ও রাজধানী প্রিটোরিয়ার পার্শ্ববর্তী এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (১৬ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে রোববার গভীর রাতে পিটারমারিৎজবার্গ শহরের বাইরের সুইটওয়াটার্স এলাকায়। সেখানে গুলিবিদ্ধ ও ঝাঁঝরা হয়ে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে আটজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।
এর কয়েক ঘণ্টা পর রাজধানী প্রিটোরিয়ার অদূরে জেফসভিল নামক একটি অস্থায়ী বসতি এলাকায় দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। সেখানে একটি চার কক্ষের টিনের ঘরের ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় ছয় পুরুষ ও তিন নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মধ্যরাতের ঠিক আগে এই হামলা চালানো হয়। এক শিশু তার এক আত্মীয়কে খুঁজতে ওই ঘরে প্রবেশ করলে বিষয়টি জানাজানি হয়।
আরও পড়ুন: জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধে আটকে কপ-৩১-এর চূড়ান্ত চুক্তি
সোমবার দক্ষিণ আফ্রিকার জাতীয় পুলিশ কমিশনার ফ্যানি মাসেমোলা জানান, প্রায় ৫৩০ কিলোমিটার দূরত্বে সংঘটিত এই দুটি হত্যাকাণ্ডের পেছনের কারণ বা উদ্দেশ্য সম্পর্কে তদন্তকারীরা এখনো নিশ্চিত হতে পারেননি।
মাসেমোলা বলেন, “সম্প্রতি আমরা যেভাবে একের পর এক বন্দুক হামলার মুখোমুখি হচ্ছি, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের অবশ্যই এই অপরাধীদের খুঁজে বের করতে হবে। জনমনে আতঙ্ক সৃষ্টি করতে বা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে জিম্মি করার সুযোগ তাদের দেওয়া যাবে না।”
এদিকে প্রিটোরিয়ার জেফসভিল এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। গাউতেং প্রদেশের পুলিশ কমিশনার টমি এমথমবেনি জানান, নিহতদের মধ্যে একজন গত বছর পার্শ্ববর্তী সলসভিল বসতিতে সংঘটিত একটি বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন ছিলেন। ওই হামলায় ১২ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছিলেন। পুলিশ কমিশনারের ধারণা, সাম্প্রতিক এই হত্যাকাণ্ডটি আগের ঘটনার প্রতিশোধমূলক হামলা হতে পারে।
অন্যদিকে, পিটারমারিৎজবার্গের পুলিশের মুখপাত্র রবার্ট নেতশিউন্দা জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্ত করতে কিছু পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। তবে সবার পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত হামলার কারণ ও জড়িতদের সম্পর্কে মন্তব্য করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: রাবণকে গৌরবান্বিত করার চেষ্টা! ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবিতে সরব বিশ্ব হিন্দু পরিষদ
দীর্ঘদিন ধরেই উচ্চমাত্রার সহিংস অপরাধের সঙ্গে লড়াই করছে দক্ষিণ আফ্রিকা। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে এ ধরনের ভয়াবহ বন্দুক হামলা ও প্রাণহানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। সূত্র: আল জাজিরা, এপি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন