০৯:১৫ পি.এম
ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬ : পর্তুগালের প্রাক্তন কোচ রবার্তো মার্তিনেস ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মন্তব্য করেছেন যে, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে এই খেলোয়াড়ের সম্মান প্রাপ্য।
৪১ বছর বয়সী রোনালদো ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগাল বিদায় নেওয়ার পর তিনি জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন। মাত্র চার মাসেরও কম সময়ের মধ্যে তিনি অবসরের সিদ্ধান্ত নেন। এর আগে মার্তিনেসও জাতীয় দলের দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন।
মঙ্গলবার বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে আর্সেনালের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটি মাঠে বসে দেখার পর অ্যামাজন প্রাইমকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোকে কোচিং করানোর অভিজ্ঞতা সম্পর্কে মার্তিনেস বলেন, “আমার কাছে এটি ছিল আনন্দের বিষয়।”
আরও পড়ুন: লাকসাম স্টেডিয়ামকে গ্যালারিসহ পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর
তিনি আরও উল্লেখ করেন, “আমার ও আমার কোচিং স্টাফের জন্য ৩৭টি ম্যাচে তাঁর সঙ্গে কাজ করা ছিল দারুণ আনন্দের। আমার অধীনে ৩৭ ম্যাচে তিনি ২৮টি গোল করেছেন। তিনি নিঃসন্দেহে আইকনিক ব্যক্তিত্বদের একজন। আমার মনে হয় না, পর্তুগাল আবার এমন মাপের কোনো খেলোয়াড় পাবে।”
আল নাসরের অধিনায়ক রোনালদো পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন। তিনি পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা এবং সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় হিসেবে পরিচিত।
রোনালদোর এই পরিসংখ্যান কেউ ছাড়িয়ে যেতে পারবেন কি না, এমন প্রশ্নের উত্তরে মার্তিনেস বলেন, “আমার মনে হয় না, কেউ তা পারবে। ক্রিস্টিয়ানোর কাছ থেকে আপনি একটি বিষয় শিখবেন- তাঁর মানসিকতা শুধুমাত্র ম্যাচ জেতা, কিংবা ব্যালন ডি’অর জয় ছিল না। তাঁর প্রেরণা ছিল পরদিন আরও ভালো হওয়া। ফুটবলের প্রতি তাঁর নিবেদন অতুলনীয়। দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলে যাওয়ার ক্ষমতা সব মতামতের ঊর্ধ্বে।”
গত মাসে মার্তিনেসের উত্তরসূরি হোর্হে জেসুসের সঙ্গে খেলার সময় নিয়ে বিরোধের কারণে জাতীয় দল ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য রোনালদো সমালোচনার সম্মুখীন হন।
আরও পড়ুন: এবার ‘মিস্টার বাংলাদেশ’ হতে চান গোল্ড জিমের ট্রেইনার পুষ্টিবিদ নিয়ন
মার্তিনেস বলেন, “গত কয়েক দিনে রোনালদো সম্পর্কে অনেক ব্যক্তিনির্ভর মতামত এসেছে। কিন্তু পরিসংখ্যান ব্যক্তিনির্ভর নয়।”
তিনি আরও বলেন, “খেলায় তাঁর প্রভাবের কথা ভাবুন। আমরা এমন একজন খেলোয়াড়ের কথা বলছি, যাঁর সঙ্গে হয়তো লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা ও ইয়োহান ক্রুইফের তুলনা করা যায়। ক্রিস্টিয়ানোর পরিসংখ্যানও ঠিক তেমনই।”
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোর নেতৃত্বে ২০১৬ সালে ইউরো শিরোপা জেতে পর্তুগাল। তিন বছর পর উয়েফা নেশন্স লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় দলটি। ২০২৫ সালেও এই প্রতিযোগিতার শিরোপা জেতে পর্তুগাল। এ বছরের গ্রীষ্মে ফিফা বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা একমাত্র খেলোয়াড়ের কীর্তি গড়েন রোনালদো।
মার্তিনেস বলেন, “পর্তুগালের জনসংখ্যা এক কোটি। ২০০৩ সালে ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় দলে আসার পর থেকে সাড়ে ২৩ মৌসুমে পর্তুগাল কোনো বড় টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়নি। এর পেছনে রয়েছে তাঁর অবদান, পেশাদারীত্ব এবং পরিসংখ্যান- জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচ।
আরও পড়ুন: ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ‘আক্ষেপ’ গার্দিওলার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন