০৯:০৪ পি.এম
ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক মন্তব্য করেছেন, ‘২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়া দলের একজন গর্বিত সদস্য ছিলাম আমি। আমি আশা করেছিলাম, ২০২৬ সালে নতুন একটি দল সেই সাফল্যের পুনরাবৃত্তি করবে। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও আমাদের অপেক্ষা দীর্ঘ হলো। আশা করি, আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের কাঙ্খিত শিরোপা জিতবে।’
আজ রোববার পল্টনের আউটার স্টেডিয়ামে ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে পরাজয়ের পরও বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি পুরো টুর্নামেন্টে দর্শকদের সমর্থন ও ফুটবলের প্রতি মানুষের আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন।
আরও পড়ুন: লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করল ৪০০ রান
এ সময় ডিআরইউকে সিড মানির আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়ে পুনরায় আশ্বাস দেন প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে ডিআরইউর ক্রীড়া দল দেশের ক্রীড়াঙ্গনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে নতুন চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশন। ফাইনালে তারা ৩ উইকেটে চ্যানেল ২৪ টেলিভিশনকে পরাজিত করে শিরোপা অর্জন করে।
প্রথমে ব্যাট করতে নেমে চ্যানেল ২৪ ৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৫ রান করে। দলের হয়ে সজীব ১৬ ও রেদওয়ান শুয়েব ৯ রান করেন। ইনডিপেনডেন্ট টেলিভিশনের ছেরাজুল মুস্তাহেদিন সর্বোচ্চ দুটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ইনডিপেনডেন্ট টেলিভিশন ৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৮ রান করে জয় নিশ্চিত করে। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন মাজহারুল ইসলাম। একই দলের ছেরাজুল মুস্তাহেদিন ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।
এর আগে দিনের দুটি সেমিফাইনালে ইনডিপেনডেন্ট টেলিভিশন ৩৯ রানে জাগো নিউজ ২৪ ডটকমকে এবং চ্যানেল ২৪ টেলিভিশন ১৩ রানে বাংলাদেশ প্রতিদিনকে পরাজিত করে ফাইনালে ওঠে।
আরও পড়ুন: কোস্টারিকার বিপক্ষে নতুন দুই খেলোয়াড়ের অভিষেকের পরিকল্পনা স্ক্যালোনির
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার সানোয়ার হোসেন, ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ডেপুটি ম্যানেজার মো. মারুফ বিল্লাহ এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র অ্যাডিশনাল নির্বাহী পরিচালক রবিউল ইসলাম মিল্টন।
অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য আলী আজম, মোহাম্মদ নঈমুদ্দীন ও সুমন চৌধুরী।
আরও পড়ুন: ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার দিনো সানি ৯৪ বছর বয়সে মারা গেছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন