১১:৩৭ পি.এম
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এবং চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার (২৮ অক্টোবর) তিনি পৃথকভাবে এই দুটি শিল্পাঞ্চল পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট দেশি-বিদেশি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বুধবার বেলা ১১টার দিকে বিজন কান্তি সরকার কেইপিজেড পরিদর্শন করেন। এ সময় জোনটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে বেলা সাড়ে ১২টার দিকে তিনি চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেন। সেখানে তিনি জোনটির উন্নয়ন কার্যক্রম এবং অবকাঠামোগত অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, পরিদর্শন শেষে বিজন কান্তি সরকার জানান, খুব দ্রুত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের কার্যক্রম শুরু হবে। আগামী ১৮ মাসের মধ্যে এ জোনে প্রথম কারখানা চালুর পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই কারখানাটি চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: কারিগরি প্রশিক্ষণকে টেকসই কর্মসংস্থানে রূপ দিতে আহ্বান জানালেন হুমায়ুন কবির
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নুর জাহান খানম এবং পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন