বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:২০ পি.এম
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৩,৯৬২ টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
আজ ডিএমপির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই মামলাগুলি করেছে।
ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি এবং ৪২টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা রুজু করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ৮টি ট্রাক, ২১টি সিএনজি এবং ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৬০টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬টি বাস, ৩টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৮১টি সিএনজি এবং ২০১টি মোটরসাইকেলসহ মোট ৪০৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ৪০টি ট্রাক, ৪৪টি কাভার্ডভ্যান, ১২২টি সিএনজি এবং ১৪০টি মোটরসাইকেলসহ মোট ৫০২টি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি এবং ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৪টি মামলা রুজু করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২২টি বাস, ২১টি ট্রাক, ৫৪টি কাভার্ডভ্যান, ১২৪টি সিএনজি এবং ৫০৮টি মোটরসাইকেলসহ মোট ৮৬৭টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪টি বাস, ৪০টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৬৩টি সিএনজি এবং ২২৭টি মোটরসাইকেলসহ মোট ৬৭৪টি মামলা রুজু করা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৪৭টি বাস, ২১টি ট্রাক, ৫৩টি কাভার্ডভ্যান, ১৩৪টি সিএনজি এবং ৩০২টি মোটরসাইকেলসহ মোট ৯৫২টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, অভিযানের সময় ৯৩৭টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এসব তথ্য প্রদান করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। বিশেষ অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক উপস্থিত থাকবেন।
মিডিয়া ব্রিফিংয়ে ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গৃহীত উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশই এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানের। সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, কারিকুলাম সংস্কার, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে।
ভাইস-চ্যান্সেলর জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৫৯টি বিষয়ের কারিকুলাম সংস্কারের কাজ চলছে। মোট ৪ হাজার ২০০টি কোর্সের মধ্যে ৫৫০টির সংস্কার সম্পন্ন হয়েছে। ২০৩০ সালের মধ্যে সব বিষয়ের কারিকুলাম সংস্কারের লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে অনার্স প্রথম বর্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), দ্বিতীয় বর্ষে প্রায়োগিক আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, আউটসোর্সিং, ডেটা প্রসেসিং, ফ্রিল্যান্সিং ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। অধিভুক্ত কলেজের শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে ১২ হাজার শিক্ষককে। ইতিমধ্যে সাড়ে তিন হাজার শিক্ষকের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, আরবি, জার্মান, স্প্যানিশ ও ফরাসি ভাষা শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ২৭টি কলেজে ভাষা ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। চলতি বছরের মধ্যে আরো ১০০টি ভাষা ক্লাব প্রতিষ্ঠার কার্যক্রম চলছে। নারী শিক্ষার্থীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ৫০ হাজার নারীকে ফ্রিল্যান্সিং ও আইসিটি প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান শিক্ষার্থী ও ঝরে পড়া তরুণদের জন্য ১০ থেকে ১৪ ক্রেডিটের মাইক্রো-লার্নিং ও মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স চালুর করা হচ্ছে।
ড. আমানুল্লাহ বলেন, বর্তমান প্রশাসনের সময়ে ২২১টি পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করা হয়েছে। এসব পরীক্ষায় অংশ নিয়েছেন ৬১ লাখ ২৮ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী। দীর্ঘদিনের বিভিন্ন পর্যায়ের সেশনজট থাকলেও ইতোমধ্যে এক বছর কমানো হয়েছে।
তিনি বলেন, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। পরীক্ষার কারণে কলেজের নিয়মিত পাঠদান ব্যাহত হওয়া ঠেকাতে প্রাথমিকভাবে ৩০০টি এবং পর্যায়ক্রমে ৫০০টি উপজেলায় স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষাও পুনরায় চালু করা হয়েছে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে এরই মধ্যে ১২টি আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়েছে।
তিনি আরো বলেন, পর্যায়ক্রমে আরো ২০টি কেন্দ্র চালুর উদ্যোগ রয়েছে। এ ছাড়া দেশি-বিদেশি ১৫০টি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বাংলা একাডেমি, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) সঙ্গে পাঠ্যপুস্তক ও প্রকাশনা কার্যক্রম নিয়েও সমঝোতা হয়েছে।
এ শিক্ষাবিদ বলেন, পরিবেশ সংরক্ষণে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় পাঁচ বছরে দুই কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ২৫০টি কলেজে লক্ষাধিক গাছ লাগানো হয়েছে। ‘গ্রিন ক্যাম্পাস, গ্রিন এনার্জি’ কর্মসূচির আওতায় ২৫০টি কলেজকে পরিবেশবান্ধব ক্যাম্পাসে রূপান্তরের কাজ শুরু হয়েছে।
তিনি আরো বলেন, ২০৩০ সালের মধ্যে কমপক্ষে এক হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির আওতায় খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। ৬৪ জেলায় পারফরমিং আর্টস কলেজ সম্প্রসারণ এবং স্পোর্টস সায়েন্স বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ‘রোডম্যাপ ২০৩০’-এর আওতায় অধিভুক্ত কলেজগুলোকে স্থানীয় পর্যায়ের গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভাইস-চ্যান্সেলর ড. আমানুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং কলেজগুলোর অধ্যক্ষদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত পরিবর্তন ত্বরান্বিত হবে। ২৮ নভেম্বরের অধ্যক্ষ সম্মিলন সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দেশের ৬৪টি জেলা থেকে আসা ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ ও অতিথিদের সক্রিয় অংশগ্রহণে সম্মিলনটি একটি প্রাণবন্ত, ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ আয়োজনে পরিণত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তিস্তায় বিভিন্ন স্থানে ডুবোচর জেগে উঠছে। নদীর ঘাটগুলো অনেক দূরে সরে গেছে। চারপাশে শুধু চরের বিস্তীর্ণ বালুচর দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে যান্ত্রিক পরিবহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয়দের পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করতে হচ্ছে। তবে শীতকালীন ফসল ও অন্যান্য মালামাল পরিবহনে সমস্যা সৃষ্টি হচ্ছে।
এই সমস্যা সমাধানে গাইবান্ধার তিস্তার চরাঞ্চলে ঘোড়ার গাড়ি ব্যবহার করা হচ্ছে।
স্থানীয়রা জানাচ্ছেন, সদর থেকে জিনিসপত্র আনা কিংবা চর থেকে সদরে যাওয়ার জন্য ঘোড়ার গাড়ির চাহিদা বর্তমানে অনেক বেড়ে গেছে। ঘোড়ার গাড়িতে মালামাল পরিবহন করে জীবিকা নির্বাহ করছেন কয়েক হাজার কোচোয়ান (ঘোড়ার গাড়ির চালক)।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চণ্ডিপুর, শ্রীপুর এবং কাপাসিয়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তার খরস্রোতা রূপ এখন আর নেই। নদীটি দীর্ঘদিন ধরে খনন করা হয়নি। ফলে পানি শুকিয়ে যাওয়ার সাথে সাথে ডুবোচর জেগে উঠছে।
এদিকে, জেগে ওঠা চরে চাষাবাদ করছেন ভাঙনের শিকার হয়ে জমি হারানো পরিবারগুলো। বাজারে তাদের উৎপাদিত ফসলের চাহিদা অনেক বেশি। সেসব ফসল পরিবহনের জন্য ঘোড়ার গাড়ি এখন চরবাসীর একমাত্র ভরসা।
সম্প্রতি সরেজমিনে বেলকা ও হরিপুর ঘুরে এসব দৃশ্য দেখা গেছে। ঘাটগুলোতে সবসময় ১০ থেকে ১৫টি ঘোড়ার গাড়ি অপেক্ষমাণ অবস্থায় থাকে। খেয়া বা রিজার্ভ নৌকা আসা-যাওয়ার সময় ক্রম অনুসারে গাড়িতে মালামাল ওঠান কোচোয়ানরা।
বেলকার চরের কৃষক মান্নান মিয়া জানান, তার দুই বিঘা জমিতে এবার আমন ধান আবাদ হয়েছে। ধান কাটার পর জমি থেকে বাড়ি বা সংলগ্ন ধান মাড়াইয়ের জায়গার দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। ওই ধান বহনের জন্য কোচোয়ানকে অন্তত দুই হাজার টাকা দিতে হবে। যন্ত্রচালিত যানবাহন হলে খরচ কমতো বলে তিনি উল্লেখ করেন।
মান্নান মিয়া আরও জানান, বালুচরে অন্য কোনো যানবাহন সহজে চলাচল করতে পারে না। এমনকি তিস্তার শাখা নদী বা খালগুলোর হাঁটু ও গলাপানি পার হতে ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো বাহন নেই। তাই খরচ বাড়লেও নিরাপদে ধান বাড়িতে নেওয়া যায়।
একই চরের সৈয়দ আলী জানান, শুধু ধান নয়, চাষাবাদের জন্য প্রয়োজনীয় সার, বীজসহ যাবতীয় উপকরণ বহনে তিস্তার চরে এখন ঘোড়ার গাড়ির বিকল্প নেই।
হরিপুরের মুদি দোকানি সাহেব আলী বলেন, বেশ কয়েকটি শাখানদী পাড়ি দিয়ে মালামাল নিয়ে আসতে হয়। ঘোড়ার গাড়ি পানির ভেতর দিয়ে চলে আসে। তবে খরচ একটু বেশি। তাই পণ্য বিক্রির সময় দামও বেশি নিতে হয়।
বেলকা চরের গাড়িচালক সাদেকুল মিয়া জানান, সারাদিন ঘোড়ার গাড়ি চালিয়ে এক থেকে দেড় হাজার টাকা রোজগার করা যায়। ঘোড়ার খাবার এবং গাড়ির পেছনে প্রায় ৬০০ টাকা খরচ হয়। তবে বর্ষা মৌসুমে বেকার থাকতে হয়। গাড়ি চালানো যায় না। সব সময় ভাড়াও হয় না। এই সময় যা সঞ্চয় করে রাখা যায়।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী বলেন, তিস্তার চরাঞ্চল এখন আবাদি জমিতে পরিণত হয়েছে। পলি জমে থাকায় চরাঞ্চলের মাটিতে অনেক উর্বর। রাসায়নিক সার ছাড়াই ফলন ভালো হচ্ছে। বিশেষ করে ভুট্টা, গম, আলু, মরিচ, পিয়াজ, রসুন, সরিষা, তিল, তিশি; নানা রকমের শাকসবজি এবং ধানের চাষ বেশি হচ্ছে।
কৃষি কর্মকর্তা আরও বলেন, কৃষকরা নানা ফসল চাষাবাদ করে বেশ লাভবান হচ্ছেন, কিন্তু পণ্য সরবরাহের জন্য যানবাহন সংকট রয়েছে। তাই ঘোড়ার গাড়ি এখন চরের একমাত্র ভরসা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রোদ থেকে চোখের সুরক্ষা নিশ্চিত করতে অনেকেই সানগ্লাস বা রোদচশমা ব্যবহার করেন। তবে কখনো কখনো সানগ্লাস পরার পর চারপাশের দৃশ্য অস্বাভাবিক মনে হতে পারে। সোজা রেখাকে বাঁকা দেখা, রঙের পরিবর্তন কিংবা কোনো বস্তুকে কিছুটা হেলে আছে বলে মনে হওয়ার অভিজ্ঞতাও হতে পারে। কিন্তু কেন এমন হয়?
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে ভাসান আই কেয়ারের জয়ানগর শাখার রেটিনা, ছানি ও রিফ্র্যাকটিভ সার্জন চিকিৎসক মধুরা এম এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
চিকিৎসকের মতে, সানগ্লাসের লেন্স আলোকে কীভাবে প্রতিফলিত, প্রতিসরিত ও পরিশোধিত করে, তার ওপর নির্ভর করে দৃষ্টিতে এমন পরিবর্তন দেখা দিতে পারে। লেন্সের বাঁক, উপাদান, রঙের প্রলেপ, পোলারাইজেশন এবং তৈরির মানও এর জন্য দায়ী হতে পারে।
পোলারাইজড সানগ্লাস কেন দৃশ্য আলাদা লাগে? পোলারাইজড সানগ্লাস রাস্তা, পানি ও কাচের মতো পৃষ্ঠ থেকে প্রতিফলিত আলো কমিয়ে চোখের ঝলকানি বা গ্লেয়ার নিয়ন্ত্রণ করে। এতে চোখের আরাম বাড়ে এবং দৃশ্য আরো স্পষ্ট হয়। তবে আলো ও বৈপরীত্যের পরিবর্তনের কারণে কারও কারও কাছে চারপাশের উজ্জ্বলতা, দূরত্ব বা গভীরতা কিছুটা আলাদা মনে হতে পারে। বিশেষ করে আলো-অন্ধকারের পরিবেশ পরিবর্তনের সময় কিংবা ডিজিটাল পর্দার দিকে তাকালে বিষয়টি বেশি বোঝা যায়।
সোজা রেখাও বাঁকা দেখায় কেন?
সানগ্লাসের লেন্সের বাঁক সমান না হলে, তৈরিতে ত্রুটি থাকলে কিংবা চোখের সঙ্গে লেন্সের অবস্থান ঠিকভাবে না মিললে দৃষ্টিতে বিকৃতি তৈরি হতে পারে। তখন সোজা রেখাকে বাঁকা, কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে সরে যাওয়া কিংবা চারপাশকে কিছুটা ঢেউখেলানো মনে হতে পারে।
প্রেসক্রিপশনযুক্ত সানগ্লাসের ক্ষেত্রেও একই সমস্যা দেখা দিতে পারে। লেন্সের পাওয়ার ভুল হলে অথবা নতুন পাওয়ারের সঙ্গে চোখের মানিয়ে নিতে সময় লাগলে এমন অস্বস্তি হতে পারে।
চিকিৎসক মধুরার মতে, নতুন সানগ্লাস ব্যবহারের পর সামান্য দৃষ্টিবিভ্রম হলে অনেক সময় মস্তিষ্ক নতুন দৃশ্যের সঙ্গে মানিয়ে নেওয়ার পর তা ঠিক হয়ে যায়। তবে দীর্ঘ সময় ধরে এমন সমস্যা থাকলে, মাথাব্যথা, মাথা ঘোরা, বমিভাব, দূরত্ব বুঝতে অসুবিধা কিংবা ঝাপসা দেখার মতো উপসর্গ দেখা দিলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। এগুলো লেন্সের মান, প্রেসক্রিপশন বা ফ্রেমের অবস্থানজনিত সমস্যার ইঙ্গিত হতে পারে। কখনো চোখের অন্য সমস্যার কারণেও এমন হতে পারে।
সানগ্লাস কেনার সময় যা খেয়াল রাখবেন
সানগ্লাস কেনার সময় শুধু লেন্স কতটা গাঢ়, তা দেখে নির্বাচন করা ঠিক নয়। কারণ গাঢ় রঙের লেন্স মানেই বেশি অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা নয়। সূর্যের অতিবেগুনি রশ্মি দীর্ঘদিন চোখের ক্ষতি করতে পারে। তাই ইউভিএ ও ইউভিবি রশ্মি থেকে সুরক্ষা দেয়—এমন সনদযুক্ত সানগ্লাস বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
সানগ্লাস পরার পর কয়েক দিন পার হলেও দৃষ্টির বিকৃতি না কমলে সেটি ব্যবহার বন্ধ করে চক্ষু বিশেষজ্ঞ বা অপটোমেট্রিস্টের মাধ্যমে লেন্স পরীক্ষা করানো উচিত। আর সানগ্লাস খুলে ফেলার পরও যদি কোনো বস্তু বাঁকা বা ঢেউখেলানো দেখায়, তাহলে দ্রুত চোখ পরীক্ষা করানো জরুরি। কারণ এ ধরনের সমস্যা রেটিনা বা ম্যাকুলার অসুস্থতার লক্ষণও হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালের দিকে শেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গনে শেরপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় শেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার এ. কে.এম জহিরুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী অফিসার আসমা বিনতে রফিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াত নেতা আব্দুল বাতেন সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী ও জেলার বিভিন্ন রাজনীতিবিদ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ