প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রোদ থেকে চোখের সুরক্ষা নিশ্চিত করতে অনেকেই সানগ্লাস বা রোদচশমা ব্যবহার করেন। তবে কখনো কখনো সানগ্লাস পরার পর চারপাশের দৃশ্য অস্বাভাবিক মনে হতে পারে। সোজা রেখাকে বাঁকা দেখা, রঙের পরিবর্তন কিংবা কোনো বস্তুকে কিছুটা হেলে আছে বলে মনে হওয়ার অভিজ্ঞতাও হতে পারে। কিন্তু কেন এমন হয়?
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে ভাসান আই কেয়ারের জয়ানগর শাখার রেটিনা, ছানি ও রিফ্র্যাকটিভ সার্জন চিকিৎসক মধুরা এম এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
চিকিৎসকের মতে, সানগ্লাসের লেন্স আলোকে কীভাবে প্রতিফলিত, প্রতিসরিত ও পরিশোধিত করে, তার ওপর নির্ভর করে দৃষ্টিতে এমন পরিবর্তন দেখা দিতে পারে। লেন্সের বাঁক, উপাদান, রঙের প্রলেপ, পোলারাইজেশন এবং তৈরির মানও এর জন্য দায়ী হতে পারে।
পোলারাইজড সানগ্লাস কেন দৃশ্য আলাদা লাগে? পোলারাইজড সানগ্লাস রাস্তা, পানি ও কাচের মতো পৃষ্ঠ থেকে প্রতিফলিত আলো কমিয়ে চোখের ঝলকানি বা গ্লেয়ার নিয়ন্ত্রণ করে। এতে চোখের আরাম বাড়ে এবং দৃশ্য আরো স্পষ্ট হয়। তবে আলো ও বৈপরীত্যের পরিবর্তনের কারণে কারও কারও কাছে চারপাশের উজ্জ্বলতা, দূরত্ব বা গভীরতা কিছুটা আলাদা মনে হতে পারে। বিশেষ করে আলো-অন্ধকারের পরিবেশ পরিবর্তনের সময় কিংবা ডিজিটাল পর্দার দিকে তাকালে বিষয়টি বেশি বোঝা যায়।
সোজা রেখাও বাঁকা দেখায় কেন?
সানগ্লাসের লেন্সের বাঁক সমান না হলে, তৈরিতে ত্রুটি থাকলে কিংবা চোখের সঙ্গে লেন্সের অবস্থান ঠিকভাবে না মিললে দৃষ্টিতে বিকৃতি তৈরি হতে পারে। তখন সোজা রেখাকে বাঁকা, কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে সরে যাওয়া কিংবা চারপাশকে কিছুটা ঢেউখেলানো মনে হতে পারে।
প্রেসক্রিপশনযুক্ত সানগ্লাসের ক্ষেত্রেও একই সমস্যা দেখা দিতে পারে। লেন্সের পাওয়ার ভুল হলে অথবা নতুন পাওয়ারের সঙ্গে চোখের মানিয়ে নিতে সময় লাগলে এমন অস্বস্তি হতে পারে।
চিকিৎসক মধুরার মতে, নতুন সানগ্লাস ব্যবহারের পর সামান্য দৃষ্টিবিভ্রম হলে অনেক সময় মস্তিষ্ক নতুন দৃশ্যের সঙ্গে মানিয়ে নেওয়ার পর তা ঠিক হয়ে যায়। তবে দীর্ঘ সময় ধরে এমন সমস্যা থাকলে, মাথাব্যথা, মাথা ঘোরা, বমিভাব, দূরত্ব বুঝতে অসুবিধা কিংবা ঝাপসা দেখার মতো উপসর্গ দেখা দিলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। এগুলো লেন্সের মান, প্রেসক্রিপশন বা ফ্রেমের অবস্থানজনিত সমস্যার ইঙ্গিত হতে পারে। কখনো চোখের অন্য সমস্যার কারণেও এমন হতে পারে।
সানগ্লাস কেনার সময় যা খেয়াল রাখবেন
সানগ্লাস কেনার সময় শুধু লেন্স কতটা গাঢ়, তা দেখে নির্বাচন করা ঠিক নয়। কারণ গাঢ় রঙের লেন্স মানেই বেশি অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা নয়। সূর্যের অতিবেগুনি রশ্মি দীর্ঘদিন চোখের ক্ষতি করতে পারে। তাই ইউভিএ ও ইউভিবি রশ্মি থেকে সুরক্ষা দেয়—এমন সনদযুক্ত সানগ্লাস বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
সানগ্লাস পরার পর কয়েক দিন পার হলেও দৃষ্টির বিকৃতি না কমলে সেটি ব্যবহার বন্ধ করে চক্ষু বিশেষজ্ঞ বা অপটোমেট্রিস্টের মাধ্যমে লেন্স পরীক্ষা করানো উচিত। আর সানগ্লাস খুলে ফেলার পরও যদি কোনো বস্তু বাঁকা বা ঢেউখেলানো দেখায়, তাহলে দ্রুত চোখ পরীক্ষা করানো জরুরি। কারণ এ ধরনের সমস্যা রেটিনা বা ম্যাকুলার অসুস্থতার লক্ষণও হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন