১০:৫১ পি.এম
বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের রাজনীতিতে চরম চাপের মধ্যে রয়েছেন। অক্টোবরের নির্বাচনে পরাজয়ের পর তিনি ক্ষমতা ধরে রাখার সংগ্রামে ক্রমাগত কোণঠাসা হয়ে পড়ছেন। বিরোধী দলগুলো একত্রিত হয়ে নতুন সরকার গঠনের দিকে এগিয়ে যাওয়ায় নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এখন পর্যন্ত বিরোধীদের কঠোর সমালোচনা করে আসলেও, বর্তমান পরিস্থিতির কারণে নেতানিয়াহু ঐক্যবদ্ধ সরকার গঠনের প্রস্তাব দিচ্ছেন। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পর, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দিয়ে বলেছেন, "বিরোধী জোট ক্ষমতায় এলে ইসরাইলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে।"
তবে রাজনৈতিক বিশ্লেষকেরা নেতানিয়াহুর এই আহ্বান এবং গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশকে রাজনৈতিক কৌশল এবং ক্ষমতা ধরে রাখার জন্য সময়ক্ষেপণের চেষ্টা হিসেবে দেখছেন।
আরও পড়ুন: জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধে আটকে কপ-৩১-এর চূড়ান্ত চুক্তি
ইসরাইলের ১২০ আসনের সংসদ নেসেটে সরকার গঠনের জন্য ৬১টি আসন প্রয়োজন। এতদিন নেতানিয়াহুর জোটের সমর্থক হিসেবে পরিচিত ধর্মভিত্তিক কয়েকটি দল এবার তার পক্ষ ত্যাগ করে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর ফলে বিরোধী জোটের আসনসংখ্যা বেড়ে প্রায় ৬৭-তে পৌঁছাতে পারে। ফলে নতুন সরকার গঠনের দৌড়ে নেতানিয়াহুর অবস্থান আরও দুর্বল হয়ে পড়ছে।
নিজের জোটে আসনসংখ্যা ধরে রাখতে এবং সম্ভাব্য দলবদল ঠেকাতে এখন বিভিন্ন দলের সঙ্গে কঠিন দরকষাকষি করতে হচ্ছে তাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর দীর্ঘদিনের ক্ষমতার ভিত্তি এবার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।
তবে নেতানিয়াহুর জন্য ক্ষমতা হারানোর অর্থ কেবল প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া নয়। এর সঙ্গে জড়িয়ে আছে তার ব্যক্তিগত ভবিষ্যৎ ও আইনি পরিণতি। ক্ষমতা হারালে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির মামলাগুলোতে তাকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।
এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ইসরাইলি সরকারের ব্যর্থতার দায় নিয়েও নতুন করে জবাবদিহির মুখে পড়তে পারেন তিনি। ওই হামলার আগে ও পরে নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ দুর্বলতা এবং গোয়েন্দা ব্যর্থতা নিয়ে দেশটিতে ব্যাপক সমালোচনা রয়েছে।
আরও পড়ুন: সংঘর্ষের জেরে বেড়ার ওসি নয়ন কুমার সরকার প্রত্যাহার, পরিস্থিতি থমথমে
নতুন সংসদে শপথ নিতে যাওয়া অনেক সদস্য ওই হামলায় স্বজন হারিয়েছেন। সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী গাদি আইজেনকোটও এই যুদ্ধে নিজের পরিবারের সদস্য হারিয়েছেন। ফলে নতুন সংসদে ৭ অক্টোবরের হামলা এবং সরকারের ব্যর্থতা নিয়ে স্বাধীন তদন্তের দাবি আরও জোরালো হতে পারে।
এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। বিরোধী দলগুলো তাকে আর রাজনৈতিক ছাড় দিতে আগ্রহী নয়। ক্ষমতা হারালে একদিকে দুর্নীতির মামলার আইনি লড়াই, অন্যদিকে ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার জবাবদিহি—দুই দিক থেকেই চাপের মুখে পড়তে পারেন তিনি।
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু বর্তমানে তার রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন সময় পার করছেন। ক্ষমতা ধরে রাখতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা করলেও বিরোধী জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা তার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন: ছাত্রদল পরিচয়ে গোপালগঞ্জে বাস আটকে যাত্রীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন