ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ৫ দিনব্যাপী আবির্ভাব উৎসব শুরু, মঙ্গল শোভাযাত্র অনুষ্ঠিত


কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ৫ দিনব্যাপী আবির্ভাব উৎসব শুরু, মঙ্গল শোভাযাত্র অনুষ্ঠিত

লাখো ভক্ত ও পুণ্যার্থীদের সমাগমের মধ্য দিয়ে বুধবার (২৫ নভেম্বর) পিরোজপুরের কাউখালীতে শুরু হয়েছে উপমহাদেশের অন্যতম শ্রীগুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী আবির্ভাব উৎসব ও মিলন মেলা। আশ্রম অঙ্গনে সঙ্ঘ পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ।
শোভাযাত্রার আগে সূচনা বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর বলেন, এই উৎসবে আমার এবং আমাদের সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে। এ দেশে জাতি-ধর্মের ভেতরে কোনো বিভক্তি নেই। আমরা সবাই বাংলাদেশি সংখ্যালঘু’ বলতে কোনো শব্দ নেই। তারেক রহমানের সরকার হিন্দু সম্প্রদায়ের পাশে সব সময় আছে এবং থাকবে।
বুধবার সকাল ১১টায় ১২৮টি শাখা সঙ্ঘের হাজার হাজার ভক্তের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি এস. এম. আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব উপলক্ষে আয়োজিত এই উৎসব বুধবার (২৫ নভেম্বর) শুরু হয়ে আগামী রোববার (২৯ নভেম্বর) পর্যন্ত চলবে। পাঁচ দিনের এ আয়োজন ঘিরে দেশ-বিদেশ থেকে কয়েক লক্ষাধিক ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। প্রতি বছরের মতো এবারও আশ্রম প্রাঙ্গণের বিশাল এলাকাজুড়ে বসেছে ঐতিহ্যবাহী রাস মেলা।
আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল জানান, পাঁচ দিনের এই উৎসবে বিভিন্ন রাজনৈতিক দল ও সঙ্ঘের ভক্তদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষও অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করে থাকেন। উৎসব চলাকালে পাঁচ দিনই তিন বেলা আগত লক্ষাধিক মানুষের জন্য প্রসাদ ও খাবার পরিবেশনের ব্যবস্থা করেছে আশ্রম কর্তৃপক্ষ।
উৎসবের আইনশৃঙ্খলা কমিটির প্রধান আহ্বায়ক ও কাউখালী ইউএনও রেহেনা আক্তার জানান, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং জেলা প্রশাসকের নির্দেশনায় আবির্ভাব উৎসবকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, পুরো উৎসব এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি পুণ্যার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বসানো হয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের বন্যা: ভারত-চীনের মধ্যে ত্রাণ সহায়তায় ভূরাজনৈতিক প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


নেপালের বন্যা: ভারত-চীনের মধ্যে ত্রাণ সহায়তায় ভূরাজনৈতিক প্রতিযোগিতা

নেপালে ভয়াবহ বন্যার পর পুনর্গঠন ও ত্রাণসহায়তা নিয়ে দক্ষিণ এশিয়ার দুই প্রভাবশালী দেশ ভারত ও চীনের মধ্যে নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। ভারত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এই সহায়তার মাধ্যমে নেপালের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার সুযোগ দেখছে।

গত আগস্টে নেপালে আকস্মিক ভয়াবহ বন্যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। দুর্যোগের পরপরই ভারত ত্রাণসামগ্রী পাঠানোর পাশাপাশি যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারে সহায়তা প্রদান করে। এবার বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও জনপদ পুনর্গঠনে বড় অঙ্কের অর্থ সহায়তার ঘোষণা এসেছে।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ মার্চে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে ভারতে গেলে এই সহায়তার ঘোষণা আসে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের মতে, পুনর্গঠনে দেশটির প্রায় ৫০০ কোটি ডলার প্রয়োজন হবে। ভারতের প্রতিশ্রুত সহায়তা এখন পর্যন্ত নেপালের জন্য সবচেয়ে বড় সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারত ও চীনের মধ্যে অবস্থানগত কারণে নেপাল দীর্ঘদিন ধরে দুই দেশের প্রভাব বিস্তারের প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক সম্পর্কের কারণে নেপালের ওপর ভারতের ঐতিহ্যগত প্রভাব থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে চীনের বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো সহযোগিতা বেড়েছে। ফলে কাঠমান্ডুর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে দিল্লিকে এখন আগের চেয়ে বেশি তৎপর হতে হচ্ছে।

গত এক দশকে ভারত-নেপাল সম্পর্কের মধ্যে টানাপোড়েন বেড়েছে। সীমান্ত বিরোধ এবং ২০১৫ সালের অবরোধের কারণে দুই দেশের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। নেপালের অনেক মানুষ ওই অবরোধের জন্য ভারতকে দায়ী করলেও দিল্লি এই অভিযোগ অস্বীকার করেছে। এই অসন্তোষের সুযোগে নেপালে চীনের প্রভাব বাড়ার ক্ষেত্র তৈরি হয়েছে।

চীনের অর্থনৈতিক সক্ষমতা ও বিনিয়োগ নেপালকে প্রতিবেশী দুই দেশের সঙ্গে দর-কষাকষিতে বাড়তি সুযোগ দিয়েছে। একসময় নেপালের ওপর ভারত নিজেদের প্রভাবকে প্রায় স্বাভাবিক বলে মনে করলেও চীনের ক্রমবর্ধমান উপস্থিতি সেই অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

আর্থিক সহায়তার ক্ষেত্রেও নেপালে ভারতের অবস্থান শক্তিশালী হচ্ছে। গত অর্থবছরে নেপালকে দেওয়া ভারতের আর্থিক সহায়তা চীনের তুলনায় চার গুণেরও বেশি ছিল। বিশ্লেষকদের মতে, নতুন ১৬২ কোটি ডলারের সহায়তা নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সরকারকে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করতে পারে। একই সঙ্গে কাঠমান্ডুর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ পাবে দিল্লি।

দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো এখনও উন্নয়ন সহায়তার ক্ষেত্রে ভারতের ওপর তুলনামূলকভাবে বেশি নির্ভরশীল। কারণ, ভারত দীর্ঘমেয়াদি উন্নয়ন অনুদানের পাশাপাশি দুর্যোগের সময় দ্রুত জরুরি সহায়তা দিতে পারে। অন্যদিকে, চীনের সহযোগিতার বড় অংশ সাধারণত রাষ্ট্রীয় অর্থায়নে বড় ঋণ ও অবকাঠামো প্রকল্পকেন্দ্রিক।

এদিকে চীনও নেপালের বন্যার পর সহায়তা প্রদান করেছে। দেশটি নগদ অর্থ, ত্রাণসামগ্রী এবং বিশেষজ্ঞ সহায়তা পাঠিয়েছে। চীনের দাবি, নেপালের সঙ্গে তাদের সহযোগিতা কোনো তৃতীয় দেশকে মোকাবিলা করার উদ্দেশ্যে নয়।

বিশ্লেষকদের মতে, নেপালে ভারতের বর্তমান কৌশল সরাসরি চীনকে হটিয়ে দেওয়া নয়; বরং চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব যাতে রাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ারে পরিণত না হয়, তা নিশ্চিত করা। এ কারণে দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন সহায়তাকে দিল্লি কেবল মানবিক সহযোগিতা হিসেবে দেখছে না, বরং নেপালের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থা ও সম্পর্ক পুনর্গঠনের সুযোগ হিসেবেও কাজে লাগাতে চাইছে।

ভারত সফরে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দিল্লিকে ‘নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিবেশী’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি শিক্ষা ও নগর উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার চুক্তি করেছেন এবং নেপালে ভারতীয় বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন।

বিশ্লেষকদের ধারণা, নেপাল যাতে চীনের দিকে অতিমাত্রায় ঝুঁকে না পড়ে, সে লক্ষ্যেই ভারত এই সহায়তা দিচ্ছে। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের পর দেশটির সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতির উদাহরণও এ ক্ষেত্রে সামনে আসছে। নেপালেও একইভাবে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে রাজনৈতিক আস্থা ফিরিয়ে আনতে চায় দিল্লি।

নেপালের বন্যা দেশটির জন্য বড় মানবিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করলেও ভারত ও চীনের জন্য এটি ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের নতুন ক্ষেত্র হয়ে উঠেছে। পুনর্গঠন সহায়তা, বিনিয়োগ ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে দুই দেশই কাঠমান্ডুর আস্থা অর্জনের চেষ্টা করছে। তবে নেপালের নতুন নেতৃত্ব এই প্রতিযোগিতাকে কীভাবে কাজে লাগিয়ে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করে, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।

চীনের প্রভাব সীমিত করতে ভারতের কৌশল

সূত্র: মডার্ন ডিপ্লোম্যাসি ও রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


কুমিল্লায় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুন

কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানের মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া এলাকা থেকে তাকে আটক করে।

মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ বছরে ৬৭৫৬ ক্যামেরায় বিরল বুশ ডগ মাত্র ১২ বার ধরা পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


২৫ বছরে ৬৭৫৬ ক্যামেরায় বিরল বুশ ডগ মাত্র ১২ বার ধরা পড়েছে

দক্ষিণ আমেরিকার বিরল প্রজাতির বন্য কুকুর, বুশ ডগ, ২৫ বছরে মাত্র ১২ বার শনাক্ত হয়েছে। ৬ হাজার ৭৫৬টি ট্রেইল ক্যামেরা স্থাপন করে সাতটি দেশের ৯৭টি এলাকায় দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ চালানোর পর গবেষকরা এই তথ্য পেয়েছেন।

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির (ডব্লিউসিএস) বিজ্ঞানীদের পরিচালিত গবেষণাটি Canid Biology & Conservation সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণায় ৬ লাখ ১১ হাজার ১৫৯ রাতের ক্যামেরা পর্যবেক্ষণের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এই পর্যবেক্ষণে ১২টি ঘটনায় মোট ১৪টি বুশ ডগ শনাক্ত করা হয়েছে।

বুশ ডগ একটি ছোট আকারের মাংসাশী বন্য কুকুর। মধ্য ও দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে বসবাসকারী এই প্রাণীটির কাঁধের উচ্চতা প্রায় ৩০ সেন্টিমিটার এবং ওজন ৫ থেকে ৭ কেজি। ২০১১ সাল থেকে প্রাণীটি ‘বিপন্নতার কাছাকাছি’ (Near Threatened) হিসেবে তালিকাভুক্ত রয়েছে।

গবেষণায় প্যারাগুয়ে, পেরু ও ভেনেজুয়েলায় বুশ ডগের উপস্থিতি পাওয়া যায়নি। তবে প্রাণীটির ছবি ধরা পড়েছে বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া ও ইকুয়েডরে।

বুশ ডগের উপস্থিতি অন্যান্য প্রাণীর তুলনায় একই ক্যামেরায় অনেক কম পাওয়া গেছে। ছোট কানওয়ালা বন্য কুকুরের তুলনায় ৫০ গুণ, ওসেলটের তুলনায় প্রায় ২৮০ গুণ এবং জাগুয়ারের তুলনায় ১০০ গুণ কম ক্যামেরায় ধরা পড়েছে এই প্রাণীটি।

গবেষণার সহলেখক ও ডব্লিউসিএসের জীববিজ্ঞানী মারিয়া এস্তেলা ভিসকারা মন্তব্য করেন, "হাজার হাজার ক্যামেরায় ২৫ বছর ধরে অসংখ্য বন্যপ্রাণীর ছবি পাওয়া গেলেও বুশ ডগের উপস্থিতি ছিল হাতেগোনা।" তিনি আরও বলেন, এই বিরলতা নির্দেশ করে যে, প্রাণীটির আবাসস্থল বিচ্ছিন্ন বা বিঘ্নিত হলে জনসংখ্যা কতটা ঝুঁকিতে পড়তে পারে।

গবেষকরা অনুমান করছেন, আমাজন বনাঞ্চলে প্রতি ৩৫০ বর্গকিলোমিটারে গড়ে একটি বুশ ডগ রয়েছে। বন ধ্বংস, আবাসস্থল বিচ্ছিন্ন হওয়া, জলবায়ু পরিবর্তন, দাবানল, সড়ক নির্মাণ, নিধন এবং গৃহপালিত কুকুর থেকে ছড়ানো রোগ প্রাণীটির অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সূত্র: ইয়াহু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গি: প্রতিশোধের বদলে মানবিক সম্পর্কের উন্নয়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গি: প্রতিশোধের বদলে মানবিক সম্পর্কের উন্নয়ন

প্রতিশোধস্পৃহা বিভিন্ন ধরনের অশান্তি সৃষ্টি করে। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিশোধ নয়, বরং ক্ষমা একটি কার্যকরী উপায়। অত্যাচার ও উৎপীড়নের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও কারো প্রতি সহনশীলতা ও উদারতা প্রদর্শন করাকে ক্ষমা বলা হয়। ক্ষমা মানুষের মহত্ত্বের একটি চিহ্ন। প্রতিশোধের পরিবর্তে ক্ষমা প্রদর্শন ও বিনয়ের মাধ্যমে মানুষের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়। এর ফলে সামাজিক ও পারিবারিক সম্পর্ক আরো সুদৃঢ় হয়।

সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। সর্বোপরি কাউকে ক্ষমা করার মাধ্যমে আল্লাহর ক্ষমা লাভ ও ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ‘যারা সচ্ছল ও অসচ্ছল সব অবস্থায় ব্যয় করে, ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। আর এ ধরনের সৎকর্মশীলদের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৩৪)

কাউকে ক্ষমা করার ফলে যেমন মানসিক শান্তি আসে, তেমনি সমাজের মানুষের কাছে সম্মান ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘সদকা করলে সম্পদের ঘাটতি হয় না, আর যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আর কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য বিনীত হলে তিনি তার মর্যাদা আরো বাড়িয়ে দেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৫৮৮)

রাগ সংবরণ, ক্ষমা ও বিনয় একটি ইবাদত। ক্ষমা করার মনোভাবের অভাবের কারণে সমাজে প্রতিনিয়ত হানাহানি, গুম ও খুন ঘটছে। এর ফলে সামাজিক সম্পর্কের অবনতি হচ্ছে এবং পারিবারিক সম্পর্ক ভাঙনের শিকার হচ্ছে। সমাজে অশান্তি সব সময় বিরাজমান। এমনকি সংসারে ভাঙন ও হত্যার মতো ভয়ংকর ঘটনা ঘটছে প্রতিনিয়ত। ক্ষমার গুরুত্ব প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘আর যদি তোমরা ক্ষমা ও সহনশীলতার আচরণ করো এবং মাফ করে দাও, তবে নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, অসীম দয়ালু।’ (সুরা : তাগাবুন, আয়াত : ১৪)

অতীতে আপনার কারো সঙ্গে তিক্ত সম্পর্ক থাকতে পারে, কিন্তু প্রতিশোধ গ্রহণের ক্ষমতা ও সুযোগ থাকা সত্ত্বেও যদি আপনি তাকে ক্ষমা করে দেন এবং তার প্রতি বিনয় প্রদর্শন করেন, তাহলে আপনি প্রকৃত ক্ষমাশীল। এটি আমাদের রাসুল (সা.)-এর শিক্ষা। রাসুল (সা.) ছিলেন বিনয় ও ক্ষমাশীলতার মূর্ত প্রতীক।

একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে—একবার এক ইহুদি রাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেহমান হয়েছিল। মহানবী (সা.) তাকে সমাদর করেছিলেন এবং সুন্দর রাত্রিযাপনের ব্যবস্থা করেছিলেন। কিন্তু ওই ইহুদি অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছিল। শেষরাতের দিকে সেই ইহুদি রাসুল (সা.)-এর বিছানায় ইচ্ছাকৃতভাবে প্রস্রাব-পায়খানা করেছিল। এর মাধ্যমে তার উদ্দেশ্য ছিল রাসুল (সা.)-কে কষ্ট দেওয়া। ভোর হওয়ার আগেই সে গোপনে চলে যায় এবং মনে মনে ভাবতে থাকে—আচ্ছা যাক, মুহাম্মদকে কষ্ট দিতে পারলাম।

কিন্তু সে ভুলে তার তরবারিটি রাসুল (সা.)-এর বাড়িতে রেখে গেছে। তরবারির কথা মনে হতেই সে আবার ফিরে আসে। এসে দেখে রাসুল (সা.) নিজে ময়লা পরিষ্কার করছেন। সে ভাবল রাসুল (সা.) হয়তো তাকে এর শাস্তি দেবেন। তাকে ক্ষমা করবেন না। সে খুব অনুনয়-বিনয়ের সঙ্গে নবী (সা.)-কে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। জবাবে রাসুল (সা.) বলেন, হয়তো আপনার খিদমতের কমতি হয়েছে। আমি আপনার ঠিকঠাক খিদমত করতে পারিনি। আপনার এমন অবস্থার জন্য আমি দুঃখিত। রাসুল (সা.)-এর এই ব্যবহারে ইহুদি অত্যন্ত মুগ্ধ ও লজ্জিত হলো। এভাবেই ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গি বহু সমস্যা সমাধানে সহায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%