০৩:২০ পি.এম
নেপালে ভয়াবহ বন্যার পর পুনর্গঠন ও ত্রাণসহায়তা নিয়ে দক্ষিণ এশিয়ার দুই প্রভাবশালী দেশ ভারত ও চীনের মধ্যে নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। ভারত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এই সহায়তার মাধ্যমে নেপালের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার সুযোগ দেখছে।
গত আগস্টে নেপালে আকস্মিক ভয়াবহ বন্যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। দুর্যোগের পরপরই ভারত ত্রাণসামগ্রী পাঠানোর পাশাপাশি যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারে সহায়তা প্রদান করে। এবার বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও জনপদ পুনর্গঠনে বড় অঙ্কের অর্থ সহায়তার ঘোষণা এসেছে।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ মার্চে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে ভারতে গেলে এই সহায়তার ঘোষণা আসে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের মতে, পুনর্গঠনে দেশটির প্রায় ৫০০ কোটি ডলার প্রয়োজন হবে। ভারতের প্রতিশ্রুত সহায়তা এখন পর্যন্ত নেপালের জন্য সবচেয়ে বড় সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরার বৈধ পথ নেই: শিশির মনির
ভারত ও চীনের মধ্যে অবস্থানগত কারণে নেপাল দীর্ঘদিন ধরে দুই দেশের প্রভাব বিস্তারের প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক সম্পর্কের কারণে নেপালের ওপর ভারতের ঐতিহ্যগত প্রভাব থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে চীনের বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো সহযোগিতা বেড়েছে। ফলে কাঠমান্ডুর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে দিল্লিকে এখন আগের চেয়ে বেশি তৎপর হতে হচ্ছে।
গত এক দশকে ভারত-নেপাল সম্পর্কের মধ্যে টানাপোড়েন বেড়েছে। সীমান্ত বিরোধ এবং ২০১৫ সালের অবরোধের কারণে দুই দেশের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। নেপালের অনেক মানুষ ওই অবরোধের জন্য ভারতকে দায়ী করলেও দিল্লি এই অভিযোগ অস্বীকার করেছে। এই অসন্তোষের সুযোগে নেপালে চীনের প্রভাব বাড়ার ক্ষেত্র তৈরি হয়েছে।
চীনের অর্থনৈতিক সক্ষমতা ও বিনিয়োগ নেপালকে প্রতিবেশী দুই দেশের সঙ্গে দর-কষাকষিতে বাড়তি সুযোগ দিয়েছে। একসময় নেপালের ওপর ভারত নিজেদের প্রভাবকে প্রায় স্বাভাবিক বলে মনে করলেও চীনের ক্রমবর্ধমান উপস্থিতি সেই অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
আর্থিক সহায়তার ক্ষেত্রেও নেপালে ভারতের অবস্থান শক্তিশালী হচ্ছে। গত অর্থবছরে নেপালকে দেওয়া ভারতের আর্থিক সহায়তা চীনের তুলনায় চার গুণেরও বেশি ছিল। বিশ্লেষকদের মতে, নতুন ১৬২ কোটি ডলারের সহায়তা নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সরকারকে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করতে পারে। একই সঙ্গে কাঠমান্ডুর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ পাবে দিল্লি।
আরও পড়ুন: জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর
দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো এখনও উন্নয়ন সহায়তার ক্ষেত্রে ভারতের ওপর তুলনামূলকভাবে বেশি নির্ভরশীল। কারণ, ভারত দীর্ঘমেয়াদি উন্নয়ন অনুদানের পাশাপাশি দুর্যোগের সময় দ্রুত জরুরি সহায়তা দিতে পারে। অন্যদিকে, চীনের সহযোগিতার বড় অংশ সাধারণত রাষ্ট্রীয় অর্থায়নে বড় ঋণ ও অবকাঠামো প্রকল্পকেন্দ্রিক।
এদিকে চীনও নেপালের বন্যার পর সহায়তা প্রদান করেছে। দেশটি নগদ অর্থ, ত্রাণসামগ্রী এবং বিশেষজ্ঞ সহায়তা পাঠিয়েছে। চীনের দাবি, নেপালের সঙ্গে তাদের সহযোগিতা কোনো তৃতীয় দেশকে মোকাবিলা করার উদ্দেশ্যে নয়।
বিশ্লেষকদের মতে, নেপালে ভারতের বর্তমান কৌশল সরাসরি চীনকে হটিয়ে দেওয়া নয়; বরং চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব যাতে রাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ারে পরিণত না হয়, তা নিশ্চিত করা। এ কারণে দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন সহায়তাকে দিল্লি কেবল মানবিক সহযোগিতা হিসেবে দেখছে না, বরং নেপালের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থা ও সম্পর্ক পুনর্গঠনের সুযোগ হিসেবেও কাজে লাগাতে চাইছে।
ভারত সফরে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দিল্লিকে ‘নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিবেশী’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি শিক্ষা ও নগর উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার চুক্তি করেছেন এবং নেপালে ভারতীয় বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন।
আরও পড়ুন: বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান
বিশ্লেষকদের ধারণা, নেপাল যাতে চীনের দিকে অতিমাত্রায় ঝুঁকে না পড়ে, সে লক্ষ্যেই ভারত এই সহায়তা দিচ্ছে। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের পর দেশটির সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতির উদাহরণও এ ক্ষেত্রে সামনে আসছে। নেপালেও একইভাবে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে রাজনৈতিক আস্থা ফিরিয়ে আনতে চায় দিল্লি।
নেপালের বন্যা দেশটির জন্য বড় মানবিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করলেও ভারত ও চীনের জন্য এটি ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের নতুন ক্ষেত্র হয়ে উঠেছে। পুনর্গঠন সহায়তা, বিনিয়োগ ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে দুই দেশই কাঠমান্ডুর আস্থা অর্জনের চেষ্টা করছে। তবে নেপালের নতুন নেতৃত্ব এই প্রতিযোগিতাকে কীভাবে কাজে লাগিয়ে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করে, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।
চীনের প্রভাব সীমিত করতে ভারতের কৌশল
সূত্র: মডার্ন ডিপ্লোম্যাসি ও রয়টার্স
আরও পড়ুন: ফেনীর ওসির যুবলীগ নেত্রীকে রাত দেড়টায় বাসায় আসতে বলার ফোনালাপ ফাঁস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন