০২:৩৭ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি বর্তমানে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ভুতুড়ে পরিবেশে পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে, রাতের বেলা ভবনটি মাদকসেবী ও জুয়াড়িদের আড্ডাখানায় পরিণত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে তিনতলাবিশিষ্ট এই কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে দুই কোটি টাকা ব্যয়ে। ২০১৯ সালে নির্মাণকাজ শুরু হয়ে ২০২২ সালে শেষ হলেও, ভবনটি এখনো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। ফলে নির্মাণের চার বছর পরেও ভবনটি কোনো কাজে আসছে না।
স্থানীয় বাসিন্দাদের মতে, দেখাশোনার অভাবে ভবনটির প্রবেশপথে অকেজো তালা ঝুলছে, কিন্তু মূল ভবনের দরজা উন্মুক্ত রয়েছে। ভবনের সামনে ময়লা-আবর্জনার স্তূপ ও মূত্রত্যাগের কারণে পরিবেশের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে। ভেতর ও চারপাশে আগাছা জন্মে জরাজীর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে। এছাড়াও, ভেতর থেকে জেনারেটর, সোলার প্যানেল, ফ্যান, বৈদ্যুতিক তারসহ মূল্যবান সরকারি সরঞ্জাম ও আসবাব চুরি হয়ে গেছে।
আরও পড়ুন: তারেক রহমানের সরকারের উন্নয়নের ছোঁয়া, ফরিদপুর অঞ্চলে ২৮৭১ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো প্রকল্প
সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর দুর্বৃত্তরা কমপ্লেক্সটির সব আসবাব ও মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং ভবনটির সামনে থাকা ম্যুরাল ধ্বংসসহ দরজা-জানালার মূল্যবান কাচ ভেঙে চুরমার করে দেয়।
সরকারি নকশা অনুযায়ী, ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় ছয়টি বাণিজ্যিক দোকান এবং তৃতীয় তলায় বীর মুক্তিযোদ্ধাদের কার্যালয়, গ্রন্থাগার, সম্মেলনকক্ষ ও জাদুঘর রয়েছে। এসব দোকান ও কক্ষের ভাড়া থেকে অর্জিত আয় বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ তহবিলে জমা হওয়ার কথা ছিল।
কমপ্লেক্সটি সংস্কার করে আসবাবসহ ব্যবহারের উপযোগী করে বীর মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে উপজেলা নাগরিক কমিটি ও এলাকাবাসী। তাঁরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভবনটির সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির জানিয়েছেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন: বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন