০২:৩৬ পি.এম
সরকার চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক-কর্মচারীদের জন্য ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করেছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বে এই খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ৭ হাজার ১০০ টাকা।
অন্যদিকে, কর্মচারীদের জন্য ৫ হাজার ৮৮০ টাকা বাড়িয়ে নতুন ন্যূনতম মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮ হাজার ৫২৫ টাকা। শিক্ষানবিশ কর্মচারীদের মাসিক মজুরি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
গত সপ্তাহে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক ও কর্মচারীদের নতুন মজুরি চূড়ান্ত করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মজুরি বোর্ডের মাধ্যমে এ খাতের মজুরি নির্ধারণ করা হয়েছিল।
আরও পড়ুন: তারেক রহমানের সরকারের উন্নয়নের ছোঁয়া, ফরিদপুর অঞ্চলে ২৮৭১ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো প্রকল্প
মজুরিকাঠামোতে শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড রাখা হয়েছে। সর্বনিম্ন ষষ্ঠ গ্রেডে সহকারী অপারেটরদের মোট মাসিক মজুরি ১১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে মূল মজুরি ৬ হাজার টাকা এবং বাড়িভাড়া ভাতা ৩ হাজার টাকা অন্তর্ভুক্ত রয়েছে। চিকিৎসা ভাতা ১ হাজার টাকা, যাতায়াত ভাতা ৬০০ টাকা ও খাদ্য ভাতা বাবদ ১ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ২ হাজার ৯০০ টাকার ভাতা সব গ্রেডের শ্রমিকদের জন্য সমান হারে প্রদান করা হবে।
অন্যান্য গ্রেডের মধ্যে পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের জন্য মোট মাসিক মজুরি ১৩ হাজার ৮৫ টাকা এবং চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের জন্য মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তৃতীয় গ্রেডের অপারেটরদের জন্য মজুরি ১৫ হাজার ৮৭৫ টাকা এবং দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের জন্য মজুরি ১৭ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ প্রথম গ্রেডের চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদের শ্রমিকদের মাসিক বেতন বেড়ে ২৩ হাজার ২৫৫ টাকা হয়েছে।
এদিকে, কর্মচারীদের চারটি গ্রেডের মধ্যে সর্বনিম্ন চতুর্থ গ্রেডের মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মূল মজুরি ৭ হাজার ৬৭০ টাকা এবং বাড়িভাড়া ভাতা ৩ হাজার ৮৩৫ টাকা। শ্রমিকদের মতো কর্মচারীরাও চিকিৎসা, যাতায়াত ও খাদ্য বাবদ মোট ২ হাজার ৯০০ টাকা ভাতা পাবেন। তৃতীয় গ্রেডের কর্মচারীদের মোট মজুরি ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডের কর্মচারীদের ১৮ হাজার ৮১৫ টাকা এবং প্রথম গ্রেডের কর্মচারীদের মাসিক মজুরি বেড়ে ২০ হাজার ৬০০ টাকা হয়েছে।
আরও পড়ুন: বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন