ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মেয়র মামদানি রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা ঘোষণা


মেয়র মামদানি রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা ঘোষণা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার কমপ্লেক্স সম্পূর্ণরূপে বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন মেয়র জোহরান মামদানি। নতুন পরিকল্পনার আওতায়, ২০৩২ সালের শেষ নাগাদ বর্তমান কারাগারে বন্দি রাখার কার্যক্রম বন্ধ করে সেখানে থাকা সব বন্দিকে শহরের চারটি বরোতে নির্মিত ছোট ও আধুনিক কারাগারে স্থানান্তরিত করা হবে।

শুক্রবার প্রকাশিত এই পরিকল্পনাকে মামদানি প্রশাসন রাইকার্স আইল্যান্ড বন্ধের জন্য শহরের প্রথম পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা হিসেবে চিহ্নিত করেছে। এতে কারাগার বন্ধের পাশাপাশি বিচার-পূর্ব আটক কমানো, মামলার দীর্ঘসূত্রতা দূর করা, কারা বিভাগের আধুনিকায়ন এবং অপরাধীদের পুনর্বাসনে বিনিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এক বিবৃতিতে মামদানি বলেন, ‘রাইকার্স আইল্যান্ড বন্ধ করার সময় এসেছে। কয়েক দশক ধরে নিউইয়র্কবাসী নিরাপদ ও মানবিক কারাব্যবস্থার দাবি জানিয়ে আসছেন। এই পরিকল্পনা সেই লক্ষ্য অর্জনের পথ তৈরি করবে। এর মাধ্যমে রাইকার্স বন্ধ, বিচার-পূর্ব আটক কমানো, দ্রুত বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ন করা মামলার জট দূর করা এবং কারাবন্দিত্বের চক্র ভাঙতে কার্যকর সহায়তা কর্মসূচিতে ১৪ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগ করা হবে।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরানের তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে

তবে এই পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কারণ, নিউইয়র্ক সিটি কাউন্সিলের ২০১৯ সালের আইনে ২০২৭ সালের ৩১ আগস্টের মধ্যে রাইকার্স আইল্যান্ড বন্ধের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। নতুন সময়সীমা কার্যকর করতে সিটি কাউন্সিলকে আইন সংশোধন করে অনুমোদন দিতে হবে। মেয়র এককভাবে এ সময়সীমা পরিবর্তন করতে পারবেন না।

চার বরোতে নির্মিত হবে নতুন কারাগার

২০১৯ সালে তৎকালীন মেয়র বিল ডি ব্লাজিওর স্বাক্ষরে কার্যকর হওয়া আইনে রাইকার্স আইল্যান্ডের পরিবর্তে ব্রুকলিন, ব্রঙ্কস, কুইন্স ও ম্যানহাটনে চারটি ছোট ও আধুনিক কারাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু নির্মাণকাজে বিলম্ব এবং ২০২০ সালের পর থেকে নিউইয়র্কের কারাগারগুলোতে বন্দির সংখ্যা বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে রাইকার্স বন্ধ করা সম্ভব হচ্ছে না।

মামদানি প্রশাসনের পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, ব্রুকলিনের নতুন কারাগারটি ২০২৯ সালে চালু হওয়ার কথা। এরপর ২০৩১ সালে ব্রঙ্কস ও কুইন্সের কারাগার এবং ২০৩২ সালে ম্যানহাটনের কারাগার চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আঞ্চলিক শত্রুর নাম নেই

চারটি কারাগারে মোট প্রায় ৪ হাজার ৫০০টি শয্যা থাকবে। অথচ নভেম্বরের শুরুতে রাইকার্স আইল্যান্ডসহ নিউইয়র্কের কারাগারগুলোতে প্রায় ৬ হাজার ৬০০ মানুষ আটক ছিলেন। ফলে নতুন কারাগারগুলোর ধারণক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রাখতে বন্দির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো জরুরি হয়ে পড়েছে।

পরিকল্পনার আওতায়, ২০২৯ সালে ব্রুকলিনের কারাগার চালুর সময় বন্দির সংখ্যা সর্বোচ্চ ৫ হাজার ৫০০-তে নামিয়ে আনা হবে। ২০৩২ সালের শেষ নাগাদ তা কমিয়ে ৪ হাজার ১০০ বা তার নিচে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মানসিক স্বাস্থ্য ও পুনর্বাসনে ১৪ কোটি ৬০ লাখ ডলার

কারাগার বন্ধের পাশাপাশি বন্দি ও অপরাধের শিকার ব্যক্তিদের জন্য বিভিন্ন সহায়তা কর্মসূচি চালুর পরিকল্পনা করেছে মামদানি প্রশাসন। আগামী অর্থবছরে এসব উদ্যোগে মোট ১৪ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইরাকের বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ২, আহত ২৮

এর আওতায় গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা এবং জটিল চিকিৎসার প্রয়োজন রয়েছে—এমন নিউইয়র্কবাসীর জন্য কয়েক শ বিশেষায়িত পরিচর্যা ও চিকিৎসার শয্যা তৈরি করা হবে। কারাগারের ভেতরে এবং কমিউনিটিভিত্তিক পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা, মাদকাসক্তির চিকিৎসা, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ বাড়ানো হবে। পাশাপাশি অপরাধের শিকার ব্যক্তি ও তাদের স্বজনদের জন্যও সহায়তা কর্মসূচি থাকবে।

পরিকল্পনায় ৫ কোটি ডলার ব্যয়ে কারাগার ও কমিউনিটিভিত্তিক এলাকায় কারিগরি প্রশিক্ষণ, শিক্ষামূলক কার্যক্রম, মানসিক স্বাস্থ্য পরামর্শ এবং মাদকাসক্তির চিকিৎসাসহ বিভিন্ন সেবা সম্প্রসারণের কথা বলা হয়েছে।

এ ছাড়া নিউইয়র্কবাসীর জন্য কমিউনিটিভিত্তিক সহায়তা বাড়াতে আরও ৭ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগ করা হবে। এর মধ্যে কারাগার থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের সমাজে পুনর্বাসন এবং সহায়তামূলক আবাসনের মতো কর্মসূচি সম্প্রসারণের বিষয়টি রয়েছে। অপরাধের শিকার ব্যক্তি ও তাদের স্বজনদের মানসিক স্বাস্থ্যসেবা এবং আইনি সহায়তা বাড়াতে ১ কোটি ৬০ লাখ ডলার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বিচার-পূর্ব আটক ও মামলার জট কমানোর উদ্যোগ

আরও পড়ুন: নিউইয়র্কে নতুন রেস্তোরাঁর ধারা, জাদুঘরেও জমছে আয়োজন

রাইকার্স আইল্যান্ড বন্ধের পরিকল্পনায় বিচার-পূর্ব আটক কমানোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মামলার দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এ জন্য বিকল্প ব্যবস্থা, কমিউনিটিভিত্তিক কর্মসূচি এবং পুনর্বাসনসেবার সুযোগ বাড়ানোর কথা বলা হয়েছে।

পরিকল্পনায় আরও বলা হয়েছে, ২০২৩ সাল থেকে বন্ধ থাকা অনলাইনে জামিনের অর্থ পরিশোধের ব্যবস্থা ২০২৭ সালে পুনরায় চালু করা হবে। এতে জামিন পাওয়া ব্যক্তিদের অর্থ পরিশোধের প্রক্রিয়া সহজ হবে বলে আশা করছে প্রশাসন।

কারাগারের কর্মী ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামোও ঢেলে সাজানো হবে। কর্মীদের দায়িত্ব বণ্টন আরও কার্যকর করা, তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি চালু এবং কারাগারে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া উন্নত করার পরিকল্পনা রয়েছে।

নতুন কারাগারগুলোতে যেন রাইকার্স আইল্যান্ডের বর্তমান অব্যবস্থাপনা ও পরিচালনাগত সমস্যাগুলো স্থানান্তরিত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হলেন মাওলানা আহমদ বাটলা

ফেডারেল আদালতের তদারকিতে রাইকার্স

দীর্ঘদিন ধরে রাইকার্স আইল্যান্ড কারাগারের বন্দিদের প্রতি আচরণ, অবকাঠামোগত দুরবস্থা, কর্মীসংকট, সহিংসতা এবং বন্দিদের মৃত্যুর ঘটনা নিয়ে সমালোচনা হয়ে আসছে। নাগরিক অধিকারকর্মী, স্থানীয় আইনপ্রণেতা ও বিভিন্ন সংগঠন কারাগারটির পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে।

গত বছর তৎকালীন মেয়র এরিক অ্যাডামসের আমলে একজন ফেডারেল বিচারক রাইকার্স আইল্যান্ডের ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করেন। কারাগারটির নিয়ন্ত্রণ নিউইয়র্ক নগর প্রশাসনের সরাসরি কর্তৃত্বের বাইরে নিয়ে একজন স্বাধীন কর্মকর্তার অধীনে দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে ওই কর্মকর্তা নিয়োগ পান। কারাগারের ব্যবস্থাপনা ও পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে।

মামদানি প্রশাসনের পরিকল্পনায় বলা হয়েছে, এ কর্মসূচি বাস্তবায়নে সিটি কাউন্সিলের পাশাপাশি ফেডারেল আদালতের নিয়োগ করা তদারক কর্মকর্তা, রিমিডিয়েশন ম্যানেজার এবং সংশোধনাগারবিষয়ক বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হবে।

আরও পড়ুন: মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলল, প্রত্যাবাসনের আশ্বাস দিল

মামদানি বলেন, ‘রাইকার্স বন্ধ করা আমাদের আইনগত ও নৈতিক দায়িত্ব। সিটি কাউন্সিল, আদালত ও অলাভজনক সংস্থাগুলোর সঙ্গে কাজ করে আমরা এ দায়িত্ব পালন করব—কারাগারে থাকা মানুষ, তাঁদের সেবায় নিয়োজিত কর্মী, অপরাধের শিকার ব্যক্তি এবং নিউইয়র্কের প্রতিটি নাগরিকের স্বার্থে।’

সময় বাড়ানোর পক্ষে সিটি কাউন্সিল স্পিকার

নতুন পরিকল্পনা প্রকাশের পর নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন বলেন, আগের প্রশাসনগুলোর সময় নানা বিলম্বের কারণে রাইকার্স বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও সময় প্রয়োজন বলে স্পষ্ট হয়েছে।

তিনি বলেন, ২০১৯ সালে সিটি কাউন্সিল নিউইয়র্কবাসীর কাছে যে অঙ্গীকার করেছিল, তা পূরণ করতে সময় বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। রাইকার্সের ব্যবস্থাপনা এখন ফেডারেল আদালতের নির্দেশনায় পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শহরের ইতিহাসের এই উদ্বেগজনক অধ্যায়ের অবসান ঘটাতে হবে।

তবে পরিকল্পনাটি কার্যকর করতে সিটি কাউন্সিলের অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন আইন পাস না হলে ২০২৭ সালের নির্ধারিত সময়সীমা পরিবর্তন করা সম্ভব হবে না।

দ্বীপটির ভবিষ্যৎ ব্যবহারের পরিকল্পনাও রয়েছে

রাইকার্স আইল্যান্ডের কারাগার বন্ধ হওয়ার পর দ্বীপটির ভবিষ্যৎ ব্যবহার নিয়েও পরিকল্পনা রয়েছে মামদানি প্রশাসনের। সেখানে নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশগত টেকসই উন্নয়ন প্রকল্পের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো পরিকল্পনা জানানো হয়নি।

মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাইকার্স বন্ধের প্রতিশ্রুতি দিয়ে আসছেন মামদানি। এ লক্ষ্যে তিনি ‘ক্লোজ রাইকার্স জার’ হিসেবে পরিচিত বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করেছেন। পাশাপাশি নিউইয়র্কের সংশোধন বিভাগের নেতৃত্বে স্ট্যানলি রিচার্ডসকে দায়িত্ব দিয়েছেন। কারাগারে থাকার অভিজ্ঞতা রয়েছে এমন প্রথম ব্যক্তি হিসেবে তিনি এ বিভাগের প্রধান হয়েছেন।

এর আগে গত জুনে রাইকার্স আইল্যান্ডের নর্থ ইনফার্মারি কমান্ড স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেন মামদানি। ১৯৩২ সালে চালু হওয়া ওই স্থাপনাটি তখন খালি ছিল এবং সেখানে কোনো বন্দি রাখা হতো না। পরে স্থাপনাটি ও আরও দুটি কেন্দ্রের বড় অংশের দায়িত্ব নগর প্রশাসনের অন্য একটি বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

নতুন পরিকল্পনায় প্রতি তিন মাস অন্তর অগ্রগতির তথ্য প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে মামদানি প্রশাসন। এ উদ্যোগের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত ও স্বচ্ছভাবে জনসমক্ষে তুলে ধরা হবে।

মামদানি প্রশাসনের ভাষায়, শুক্রবার প্রকাশিত প্রতিবেদনটি কেবল শুরু। সব উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়েই রাইকার্স আইল্যান্ড কারাগার পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে। তবে নতুন সময়সীমা নির্ধারণ, বন্দির সংখ্যা কমানো এবং চারটি কারাগারের নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ করার ওপরই পরিকল্পনার সফলতা নির্ভর করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে শর্টসার্কিটের কারণে বসতঘরে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


মুন্সীগঞ্জে শর্টসার্কিটের কারণে বসতঘরে আগুন

মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে মো. বিপ্লবের ভাড়া বাসায় আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের কারণে ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন মো. বিপ্লব। বাড়ির মালিক হচ্ছেন মো. রাজু আহমেদ।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা অগ্নিদুর্ঘটনা এড়াতে সকলকে বৈদ্যুতিক সংযোগ ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে জরুরি হটলাইন ১০২ নম্বরে যোগাযোগের অনুরোধ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে মাদক বিরোধী সমাবেশে মাদকে না করার জন্য পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান ওসি সাহেবের,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


শেরপুরে মাদক বিরোধী সমাবেশে মাদকে না করার জন্য পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান ওসি সাহেবের,

 

মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ। তিনি বলেছেন, মাদক সেবন ও বিক্রির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিলে তথ্যদাতার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেও পুলিশকে জানানো যাবে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টায় শেরপুর সদর উপজেলার ছনকান্দা মিয়াবাড়ি তিনরাস্তা মোড়ে মাদকবিরোধী আলোচনা সভা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছনকান্দা যুব সমাজ ও এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করে।

ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, একজন মাদকসেবী কোনো এলাকায় মাদক সেবন শুরু করলে ধীরে ধীরে পুরো এলাকা মাদকের অভয়ারণ্যে পরিণত হতে পারে। দেরিতে হলেও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর এ উদ্যোগকে তিনি স্বাগত জানান। কেউ মাদক সেবন বা বিক্রি করলে পুলিশকে খবর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খবর পেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ ছাড়া এলাকায় অপরিচিত কাউকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে খোঁজখবর নিয়ে পুলিশকে অবহিত করার পরামর্শ দেন তিনি। মাদকের পাশাপাশি অনলাইন জুয়া, ইভ টিজিংসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ওসি।

আলহাজ্ব দুলাল মিয়ার সভাপতিত্বে এবং মো. সৌরভের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৭ নম্বর ভাতশালা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, বিট কর্মকর্তা এএসআই মো. এনামুল হক এবং ছনকান্দা মিয়াবাড়ি জামে মসজিদের ইমাম মোহাম্মদ জামাল উদ্দিন।

আয়োজক কমিটির পক্ষে বক্তব্য দেন মো. কামরুল ইসলাম, মো. বাজু মিয়া, আশিক আহমেদ, মো. আশরাফুল ইসলাম ও মো. নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মো. জহুরুল ইসলাম, মো. বাবু, মো. মিনাল, মো. মুন্না, শেখ রাসেল, তহুর, রবিউল, ফেরদৌস, সোহেল, উজ্জ্বল, শরিফ ও রাশেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাপ্য সেবা নিশ্চিত করতে চেয়ারম্যান পদে লড়বেন সেচ্ছাসেবক দল নেতা রঙ্গিন

আন্তর্জাতিক ডেস্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


প্রাপ্য সেবা নিশ্চিত করতে চেয়ারম্যান পদে লড়বেন সেচ্ছাসেবক দল নেতা রঙ্গিন
 
 বগুড়ার নন্দীগ্রামে পরিষদ কর্তৃক প্রাপ্য সেবা নিশ্চিত করতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে লড়বেন সেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর সিদ্দিক রঙ্গিন। 
 
শনিবার (২১ নভেম্বর) সকালে সাংবাদিককে তিনি তার উদ্দেশ্যের কথা জানান। তিনি তার জন্মস্থান ৩নং ভাটড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। আবু বক্কর সিদ্দিক রঙ্গিন অত্র ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের এক প্রভাবশালী পরিবারের সন্তান এবং বগুড়া জেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক।
 
তিনি বলেন, ইউনিয়ন বাসী পরিষদের সঠিক সেবা থেকে বঞ্চিত। গ্রাম মহল্লায় উন্নত যোগাযোগ ব্যবস্থা নেই, সরকারী সুযোগ সুবিধার সঠিক বন্টন নেই, পরিষদের সঠিক সেবা পেতে হয়রানী, শিক্ষা ও নৈতিকতা বৃদ্ধিতে পরিষদ কর্তৃক কোন উদ্যোগ নেই, মাদক থেকে যুব-সমাজ ও ছাত্র সমাজকে রক্ষায় সচেতনতা বৃদ্ধির কোন ব্যবস্থা গ্রহন নেই, অর্থাৎ ইউনিয়ন পরিষদের কাংখিত সেবা থেকে বরাবর বঞ্চিত ইউনিয়ন বাসী। সুতরাং ইউনিয়ন বাসীকে পরিষদের প্রাপ্য সেবার আওতায় আনতে এবং সঠিক সেবা প্রদানের মাধ্যমে ইউনিয়ন বাসীর জীবন মান উন্নয়নে কাজ করার লক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবো। সেক্ষেত্রে ইউনিয়নে বসবাসকারী সকল জনগন ও ভোটারগনের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন সেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর সিদ্দিক রঙ্গিন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে চুরির অভিযোগে কোমড়ে সিকল বেধে রাস্তায় ঘুরানো বৃদ্ধ রুহুল আমিনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


জিয়ানগরে চুরির অভিযোগে কোমড়ে সিকল বেধে রাস্তায় ঘুরানো বৃদ্ধ রুহুল আমিনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

পিরোজপুরের জিয়ানগরে সুপারি ও কলা চুরির অভিযোগে কোমড়ে লোহার শিকল বেধে রাস্তায় ঘুরানো হতদরিদ্র বৃদ্ধ রুহুল আমিনকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। জানা যায়, শনিবার পিরোজপুর জেলা প্রশাসকের নির্দেশে জিয়ানগর উপজেলার ইউএনওর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম বৃদ্ধ রুহুল আমিনের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ০৪ নং ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, ইউপি সদস্য মোঃ মজনু হোসেন রনি।
উল্লেখ্য, গত সোমবার সকালে কালাইয়া গ্রামের রুহুল আমিন হাওলাদার পার্শ^বর্তী আব্দুল হালিম হাওলাদারের কয়েক ছড়ি সুপারী ও এক কাদি কলা চুরি করে। পরে স্থানীয়রা তাকে আটক করে সুপারী ছড়ি ও কলার কাদি তার গলায় ঝুলিয়ে এবং কোমড়ে সিকল বেধে রাস্তায় রাস্তায় জনতার মাঝে ঘুরায় ও নির্যাতন করে। আবার সেই দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠলে এবং বিষয়টি গনমাধ্যমে প্রকাশ পেলে জেলা প্রশাসনের নজরে আসে।
এব্যাপারে জিয়ানগর উপজেলার ইউএনওর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে বৃদ্ধ রুহল আমিনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া ওই বৃদ্ধকে পুনঃর্বাসনের জন্য সব ধরণের সহযোগীতা করবেন বলে জেলা প্রশাসক মহোদয় আশ্বাস প্রদান করেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%