০৫:১১ পি.এম
ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতির উদ্দেশ্যে বাংলাদেশ তুরস্কের সঙ্গে সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছে। আসন্ন কপ-৩১ জলবায়ু সম্মেলনে দুই দেশের অংশগ্রহণের প্রস্তুতির প্রেক্ষাপটে এই গুরুত্বারোপ করা হয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বৈঠকে রাষ্ট্রদূত আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম সম্মেলন (কপ-৩১) আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
আরও পড়ুন: শেরপুরে বাসের লকারে ১১ কেজি গাঁজা, যুবক আটক
তিনি আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বনেতাদের সম্মেলনের বিষয়েও উল্লেখ করেন এবং এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন বলে আলোচনা করেন।
শামা ওবায়েদ ইসলাম কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান। তিনি রাষ্ট্রদূতকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনে অংশ নেবেন।
সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও তুরস্কের নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়নে অগ্রগতির জন্য দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: টঙ্গীবাড়ীতে যুগান্তর স্বজন সমাবেশের পূর্ণাঙ্গ কমিটি গঠন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন