ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভৈরবে মহাসড়ক ঘেঁষে বালুর রমরমা ব্যবসা, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি


ভৈরবে মহাসড়ক ঘেঁষে বালুর রমরমা ব্যবসা, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি

সওজের জায়গা দখল করে বালু মজুত ও বেচাকেনার অভিযোগ; লোড-আনলোডে উড়ছে ধুলা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, বালুর স্তূপের আড়ালে অপরাধীদের লুকিয়ে থাকার অভিযোগও


কিশোরগঞ্জের ভৈরব–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে বালুর ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। মহাসড়কের পাশে খোলা জায়গায় বালু স্তূপ করে রাখা এবং সেখান থেকে নিয়মিত বালু লোড-আনলোড করার কারণে উড়ছে ধুলাবালি। এতে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীবাহী যানবাহনের চালক, যাত্রী, পথচারী ও আশপাশের এলাকার বাসিন্দারা। পাশাপাশি বালুর স্তূপের আড়ালে অপরাধীদের লুকিয়ে থাকার অভিযোগও করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে সওজের জায়গা দখল করে বালুর ব্যবসা চালানো হচ্ছে। এসব জায়গায় বালু মজুত করে রাখা হয়। পরে ট্রাকসহ বিভিন্ন যানবাহনে বালু ওঠানো-নামানোর সময় তা আশপাশে ছড়িয়ে পড়ে। সামান্য বাতাসেই বালুর সূক্ষ্ম কণা উড়ে মহাসড়কে চলাচলরত যানবাহন ও মানুষের চোখ-মুখে গিয়ে লাগে। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

আরও পড়ুন: ঝিনাইদহে অন্তঃসত্ত্বাকে বহনকারী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় নবজাতকের মৃত্যু

বিশেষ করে বালু লোড-আনলোডের সময় ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে পড়েন বাস, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের যাত্রীরা। বালু উড়ে চালকদের চোখে পড়ায় সামনের দৃশ্য দেখতে সমস্যা হয়। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হচ্ছে। পথচারীদেরও ধুলাবালির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।

শুধু মহাসড়কে চলাচলকারী মানুষই নন, আশপাশের বসতবাড়িতে বসবাসকারীরাও পড়েছেন ভোগান্তিতে। বাতাসে উড়ে আসা বালু ঘরের বারান্দা, জানালা, উঠান এমনকি ঘরের ভেতরেও জমা হচ্ছে। ফলে প্রতিদিন বাড়িঘর পরিষ্কার করতে হচ্ছে বাসিন্দাদের। শিশু ও বয়স্কদের নিয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

মহাসড়কে চলাচলকারী চালক বাহার মিয়া ও আরিফ মিয়া বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। রাস্তার পাশে বালু রাখার কারণে বাতাস হলেই ধুলাবালি উড়ে গাড়ির সামনে চলে আসে। এতে সামনে দেখতে সমস্যা হয়। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহনের চালকদের বেশি ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় বালু চোখে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টির দ্রুত সমাধান হলে সবার জন্য ভালো হবে।

জামাল নামে এক যাত্রী বলেন, বাস কিংবা অন্য যানবাহনে যাতায়াতের সময় বালু উড়ে এসে চোখে-মুখে লাগে। এতে যাত্রীদের পাশাপাশি চালকেরাও সমস্যায় পড়েন। মহাসড়কের পাশে এভাবে বালুর ব্যবসা চলতে থাকলে সাধারণ মানুষ স্বস্তিতে যাতায়াত করবে কীভাবে? সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক।

আরও পড়ুন: শেরপুরে শেষ হলো গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব

আকবর মিয়া নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, বালু উড়ে আমাদের বাড়িঘরেও এসে জমা হয়। দরজা-জানালা বন্ধ রাখলেও বাতাসে বালু ঘরের ভেতরে ঢুকে পড়ে। প্রতিদিন ঘর পরিষ্কার করতে হয়। শিশু ও বয়স্কদের নিয়ে আমরা বেশি চিন্তায় থাকি। এভাবে আর কত দিন চলতে হবে?

তিনি আরও অভিযোগ করেন, বালুর স্তূপের আড়ালে কিছু ডাকাত, ছিনতাইকারীরা লুকিয়ে থাকে। এতে আশপাশের মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। মহাসড়কের পাশে বালুর স্তূপ থাকায় আড়াল তৈরি হচ্ছে, যা অপরাধীদের লুকিয়ে থাকার সুযোগ করে দিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা সোহান বলেন, মহাসড়কে বালুর ব্যবসার কারণে সড়কে চলাচরত জনগণের অনেক সমস্যা হয়। যদি বালুর ব্যবসা করতে হয় তাহলে এখান থেকে সড়িয়ে নিয়ে অন্য জায়গায় ব্যবসা করলে সমস্যা সমাধান হবে। আমরা চাই কর্তৃপক্ষ যেন বিষয়টি সমাধান করে।

স্থানীয়দের মতে, মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে বালুর ব্যবসা পরিচালনার বিষয়টি সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার। এর সঙ্গে জনসাধারণের চলাচলে বিঘ্ন, পরিবেশে ধুলাবালির বিস্তার এবং সড়ক নিরাপত্তার ঝুঁকিও যুক্ত হয়েছে। বালু পরিবহনের জন্য মহাসড়কের পাশে ট্রাকসহ বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে রাখলে সড়কের স্বাভাবিক চলাচলও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

তাঁদের দাবি, বালুর ব্যবসা পরিচালনার জন্য নির্দিষ্ট স্থান থাকতে হবে। বালু খোলা অবস্থায় না রেখে ঢেকে রাখা এবং লোড-আনলোডের সময় ধুলাবালি নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সড়কের পাশে বালুর ব্যবসার বিষয়ে হাবিব ট্রেডার্সের মালিক বলেন, আমি উত্তরপাশে ব্যবসা করি তেমন সমস্যা হয়না। তবে যারা দক্ষিণ পাশে বালু রাখছে সেটার জন্য সমস্যা হয়।
তিনি আরও বলেন,আমরাতো রাস্তায় বালু রাখছি না। আগে রাস্তার দুপাশে গর্ত ছিলো যার কারণে দূর্ঘটনা হতো। আমরা বালু ফেলে ব্যবসার করার ফলে আর গর্তের মধ্যে পড়ে না। যদি রাস্তার কাজে সরকার জায়গা নিয়ে যায় তাহলে দিয়ে দিবো।

এ বিষয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী (সওজ), ভৈরবের স্বর্ণা আক্তার বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। যেখানে বালু স্তূপ করে রাখা হয়েছে, সেই জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের। বালুর স্তূপের কারণে সড়কে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে এবং সড়কের পাশে অবৈধভাবে বালুর ব্যবসা পরিচালনার বিষয়টি কীভাবে সমাধান করা যায়, তা তদারকি করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ অবস্থায় মহাসড়কের দুই পাশ থেকে অবৈধভাবে মজুত করা বালু সরানো, সওজের জায়গা দখলমুক্ত করা এবং বালু লোড-আনলোডের সময় ধুলাবালি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা।

আরও পড়ুন: মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক

তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসন দ্রুত সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এতে মহাসড়কে যানবাহন চলাচলের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি আশপাশের বাসিন্দারাও ধুলাবালির দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ড মিয়ানমারে বিরল মৃত্তিকা খননের রাসায়নিক রপ্তানি বন্ধ করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


থাইল্যান্ড মিয়ানমারে বিরল মৃত্তিকা খননের রাসায়নিক রপ্তানি বন্ধ করছে

থাইল্যান্ড মিয়ানমারে বিরল মৃত্তিকা বা রেয়ার আর্থ খননে ব্যবহৃত রাসায়নিক পদার্থের রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সীমান্তবর্তী অঞ্চলে নদীদূষণ এবং পরিবেশগত ক্ষতির উদ্বেগ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ইয়োতচানান ওংসাওয়াত এই পরিকল্পনার কথা প্রকাশ করেছেন। তিনি জানান, সম্ভাব্য সকল উপায় ব্যবহার করে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। মিয়ানমারসহ সংশ্লিষ্ট কয়েকটি দেশে রপ্তানির জন্য বিরল মৃত্তিকা উৎপাদনে ব্যবহৃত রাসায়নিকের সরবরাহ বন্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এদিকে, থাই সরকার জানিয়েছে, আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর থাইল্যান্ড, চীন এবং মিয়ানমারের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

মিয়ানমারে ব্যাপকভাবে বিরল মৃত্তিকা খননের কারণে উত্তর থাইল্যান্ডের নদীগুলো দূষিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় খননকাজে ব্যবহৃত রাসায়নিক পদার্থ নদীর পানিতে মিশে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টি করছে।

এই পরিস্থিতিতে রবিবার থাই সরকার ঘোষণা করেছে, বিষাক্ত দূষণ মোকাবেলায় কোক নদীর থাইল্যান্ড অংশকে ‘দূষণ নিয়ন্ত্রণ অঞ্চল’ হিসেবে চিহ্নিত করার পরিকল্পনা রয়েছে।

বিরল মৃত্তিকা আধুনিক প্রযুক্তি, ইলেকট্রনিকস এবং বৈদ্যুতিক গাড়িসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এর উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত রাসায়নিকের কারণে পরিবেশদূষণের ঝুঁকি তৈরি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে শেষ হলো গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


শেরপুরে শেষ হলো গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব

শস্যদেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নতুন ফসল ঘরে তোলার আনন্দ এবং শত বছরের ঐতিহ্যকে ধারণ করে শেরপুরের ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব তিন দিনব্যাপী ওয়ানগালা শেষ হয়েছে।

উপজেলার মরিয়মনগর উচ্চবিদ্যালয় মাঠে গত শুক্রবার থেকে শুরু হওয়া এই উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে রোববার (২২ নভেম্বর) বিকেলে। মরিয়মনগর ক্রিশ্চিয়ান মিশনের উদ্যোগে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন.ডি. ক্রুশ, ওএমআই।

উৎসবের দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। সভায় সভাপতিত্ব করেন মরিয়মনগর মিশনের পালপুরোহিত ফাদার লরেন্স রিবেরু। অনুষ্ঠানে আর্চবিশপ বিজয় এন.ডি. ক্রুশসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা বক্তব্য দেন।

তিন দিনের আয়োজনে গারো ভাষায় ছড়া আবৃত্তি, গান, নাচ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিস ওয়ানগালা প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী খেলাধুলা, ব্যান্ড সংগীত ও পুরস্কার বিতরণী অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও মান্দি ভাষায় বাণী পাঠ, পবিত্র খ্রিস্টযাগ, প্রার্থনা, নকগাথা এবং নতুন ফসল কর্তনের প্রার্থনাসহ নানা ধর্মীয় আচার পালন করা হয়।

উৎসব উপলক্ষে বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও বিভিন্ন সামগ্রীর অস্থায়ী মেলা বসে। এতে স্থানীয় গারো সম্প্রদায়ের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবস্থল মুখর হয়ে ওঠে।

গারো সম্প্রদায়ের কাছে ওয়ানগালা শুধুমাত্র আনন্দ-উৎসব নয়; এটি তাদের জাতিগত পরিচয়, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। নতুন ফসল ঘরে তোলার পর শস্যদেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা জানানো এবং পরিবারের ও সমাজের মঙ্গল কামনায় এই উৎসব উদ্‌যাপন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


হবিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক

হবিগঞ্জ, ২২ নভেম্বর, ২০২৬ : শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্যকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান-এসআরবি।

আজ রোববার বেলা ৩টায় গণমাধ্যমে পাঠানো এসআরবি-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ সাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এসআরবি জানায়, আজ ভোর রাতে এসআরবির শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শায়স্তাগঞ্জ উপজেলার খাদ্য গুদাম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতদের মধ্যে রয়েছেন- চুনারুঘাট উপজেলার শানখলা এলাকার শফিক মিয়ার ছেলে আনারুল মিয়া (২৬), একই এলাকার আব্দুল হামিদের ছেলে আব্দুর রউফ (৩৫), সদর উপজেলার ইয়ালা মক্রমপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে শরীফ উদ্দিন (২১) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের আব্দুল মোনাফের ছেলে মনু মিয়া (৪৯)।

এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও জুয়া খেলার অ্যাপস জব্দ করা হয়েছে। আটকদের শায়স্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ার্ন মিউনিখের রেকর্ড আয় ও সদস্যসংখ্যার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


বায়ার্ন মিউনিখের রেকর্ড আয় ও সদস্যসংখ্যার ঘোষণা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখ রাজস্ব আয়ের একটি নতুন রেকর্ড গড়েছে, যা ৯৮ কোটি ৮২ লাখ ইউরো (১০৮ কোটি ৩০ লাখ ডলার) হয়েছে। একই সময়ে, জার্মান জায়ান্টরা সদস্যসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে প্রথম ফুটবল ক্লাব হিসেবে একটি নতুন মাইলফলক অর্জন করেছে।

শনিবার মিউনিখে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এই তথ্য প্রকাশ করা হয়। গত মৌসুমে বায়ার্নের আয় আগের মৌসুমের তুলনায় প্রায় এক কোটি ইউরো বৃদ্ধি পেয়েছে।

তবে, কর দেওয়ার আগে মুনাফা কিছুটা কমে দাঁড়িয়েছে ৩ কোটি ৫৩ লাখ ইউরো। আগের মৌসুমে এই পরিমাণ ছিল ৪ কোটি ২৫ লাখ ইউরো।

বিশ্বজুড়ে যেকোনো ক্রীড়া সংগঠনের মধ্যে সর্বাধিক সদস্যসংখ্যার রেকর্ড গড়ার মাধ্যমে বায়ার্ন প্রথমবারের মতো পাঁচ লাখ সদস্যের সংখ্যা অতিক্রম করেছে। ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোট দেওয়ার অধিকার রয়েছে।

গত ১২ বছরে বায়ার্নের সদস্যসংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে সদস্য সংখ্যা ছিল আড়াই লাখ, যা বর্তমানে বেড়ে পাঁচ লাখে পৌঁছেছে।

২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন লিগ ও কাপ উভয় শিরোপা জিতেছে। সব প্রতিযোগিতায় তারা ৫৩ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে পরাজিত হয়েছে।

ইউরোপে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছেছিল জার্মান জায়ান্টরা। সেখানে তারা দুই লেগের খেলায় ৬-৫ ব্যবধানে চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর কাছে পরাজিত হয়ে বিদায় নেয়।

বায়ার্নের নারী দলও ঘরোয়া লিগ ও কাপের শিরোপা জিতেছে। তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছানোর মাধ্যমে পুরুষ দলের সাফল্য পুনরাবৃত্তি করেছে। তবে, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন বার্সেলোনার কাছে হেরে তাদের বিদায় নিতে হয়েছে।

ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রিসেন মন্তব্য করেন, ‘আমরা আরও একটি রেকর্ড গড়া বছর পার করেছি। এটি প্রমাণ করে, আমাদের ক্লাবের ভিত্তি অত্যন্ত মজবুত। নিজেদের দলগুলোর ক্রীড়াসাফল্যের জন্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করতে আমরা বিনিয়োগ অব্যাহত রেখেছি।’

৩৫ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্নের ৭০ শতাংশ মালিকানা ক্লাবের সদস্যদের হাতে রয়েছে। জার্মানির নিয়ম অনুযায়ী, কোনো ক্লাবের সংখ্যাগরিষ্ঠ মালিকানা সদস্য বা সমর্থকদের হাতে থাকতে হয়; বায়ার্নের ক্ষেত্রে এই হার প্রয়োজনীয় ন্যূনতম সীমার চেয়ে অনেক বেশি।

বাকি ৩০ শতাংশ মালিকানা জার্মানির চারটি প্রতিষ্ঠান- অ্যাডিডাস, অডি, আলিয়াঞ্জ ও ভিসম্যানের হাতে রয়েছে। প্রতিষ্ঠানগুলোর সবগুলোরই বাভারিয়া অঞ্চলে শিকড় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%