ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রত্যাবর্তনের গল্প লিখে বার্সার দুর্দন্ত জয়


প্রত্যাবর্তনের গল্প লিখে বার্সার দুর্দন্ত জয়

কিছু বুঝতে পারার আগেই শুরুতেই দুই গোল হজম করে ফেলেছিল বার্সেলোনা। এরপর দীর্ঘ সময় ধরে আক্রমণের ঝড় বইয়ে দিলেও তারা জালের দেখা পাচ্ছিল না। অবশেষে দশ মিনিটের মধ্যে ভিয়ারিয়ালকে হারিয়ে একটি দারুণ প্রত্যাবর্তনের গল্প রচনা করল বার্সেলোনা।

লা লিগার ঘরের মাঠে রোববার, ৭ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়া গতবারের চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত ৩-২ গোলে জয়লাভ করেছে।

এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদের সঙ্গে ৩ পয়েন্টের ব্যবধান ধরে রেখে শীর্ষে অবস্থান করছে কাতালোনিয়ার দলটি।

আরও পড়ুন: নরসিংদীতে শুরু হলো ৭ দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা

প্রথমে পেনাল্টি মিস করার পরও, গতিময় সব আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে ব্যতিব্যস্ত করে তুলেন ইয়ামাল, এবং সতীর্থের গোলেও রাখেন অবদান।

বিস্তারিত আসছে …

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে উদ্ধার ১৩টি ঝুঁকিপূর্ণ গ্রেনেড নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


টেকনাফে উদ্ধার ১৩টি ঝুঁকিপূর্ণ গ্রেনেড নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা থেকে উদ্ধার হওয়া ১৩টি গ্রেনেড সেনাবাহিনী দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টার সময় উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী ফায়ারিং রেঞ্জে এই গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করা হয়।

রাত ৮টার দিকে এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

এসআরবি-১৫ জানায়, গত ২০ নভেম্বর উপজেলার দমদমিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সংস্থাটির সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)। অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) এবং তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় তিন-চারজন একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের উপস্থিতিতে বস্তাটিতে তল্লাশি চালিয়ে একটি পুরোনো প্লাস্টিকের বয়ামে ৭টি গ্রেনেড, একটি পলিথিনের ভেতরে ৬টি এজিএল (এজিএল) গ্রেনেড এবং অপর দুটি প্লাস্টিকের বয়ামে ৭৬ রাউন্ড এমজি গুলি পাওয়া যায়। এছাড়া ওই সময় একটি খালি ম্যাগাজিন ও পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইকও জব্দ করা হয়।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, উদ্ধার করা গ্রেনেডগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো পরিবহন ও সংরক্ষণে জানমালের ক্ষতির আশঙ্কা ছিল। এ কারণে আদালতের নির্দেশনা চাওয়া হয়। পরে ১০ পদাতিক ডিভিশনের বোমা নিষ্ক্রিয়করণ দল শীলখালী ফায়ারিং রেঞ্জে নিয়ে ১৩টি গ্রেনেড নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।

তিনি আরো জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনীতির একদিকে স্বস্তি, অন্যদিকে বাড়ছে সংকট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


অর্থনীতির একদিকে স্বস্তি, অন্যদিকে বাড়ছে সংকট

দেশের অর্থনীতিতে বর্তমানে রিজার্ভ এবং প্রবাসী আয়ের বৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতি কিছুটা কমে আসায় স্বস্তির চিত্র ফুটে উঠছে। তবে বেসরকারি খাতে ঋণপ্রবাহ ৪ শতাংশের ঘরে নেমে এসেছে, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি সামান্য এবং বাণিজ্য ঘাটতি বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের অক্টোবর মাসের অর্থনৈতিক সূচকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে অক্টোবরের মধ্যে প্রবাসী আয় ১৩ শতাংশ বেড়েছে। কিন্তু জুলাই-সেপ্টেম্বর সময়ে বাণিজ্য ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭১ কোটি ৫০ লাখ ডলার থেকে বেড়ে ৭৪৭ কোটি ৫০ লাখ ডলারে দাঁড়িয়েছে। অর্থনীতির কিছু সূচকে ইতিবাচক অগ্রগতি থাকলেও বিনিয়োগ, রাজস্ব এবং বৈদেশিক বাণিজ্যে চাপের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনৈতিক সূচকবিষয়ক প্রতিবেদনে দেশের অর্থনীতির এই চিত্র তুলে ধরা হয়েছে।

খাত-সংশ্লিষ্টরা জানাচ্ছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিনিয়োগ এবং কর্মসংস্থানে গতি ফিরিয়ে আনা। বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি ৪ শতাংশের ঘরে নেমে আসা ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে আমদানি রপ্তানির তুলনায় দ্রুত বাড়ায় বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পাচ্ছে, যা বৈদেশিক লেনদেনের ওপর চাপ সৃষ্টি করছে। রেমিট্যান্স এবং রিজার্ভের ইতিবাচক প্রবণতা অর্থনীতিকে কিছুটা স্বস্তি দিলেও, তা দীর্ঘমেয়াদে ধরে রাখতে উৎপাদন, রপ্তানি, বিনিয়োগ এবং রাজস্ব আদায়ে গতি বাড়ানো জরুরি।

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ (এমপিডি) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, অক্টোবর মাসে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি সামান্য কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এই হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের ক্ষেত্রে স্বস্তির জায়গা তৈরি হয়নি। অক্টোবর মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। বিপরীতে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশে নেমেছে, যেখানে সেপ্টেম্বরে এই হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ।

মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার আরও উদ্বেগজনক। অক্টোবর মাসে জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হার কমে ৭ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে। টানা চতুর্থ মাসের মতো মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে রয়েছে। ফলে পণ্য এবং সেবার দাম যে হারে বাড়ছে, সে তুলনায় মানুষের আয় বাড়ছে না। এতে সাধারণ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা আরও কমছে।

বেসরকারি খাতে ঋণপ্রবাহে স্থবিরতা

অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সূচক বেসরকারি খাতে ঋণপ্রবাহেও দুর্বলতা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ০৯ শতাংশ। আগের বছরের একই সময়ে এ প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ২৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণপ্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমেছে।

অন্যদিকে একই সময়ে দেশের ব্যাপক মুদ্রা বা ব্রড মানির প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৯৭ শতাংশে। আগের বছরের সেপ্টেম্বরে এ প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১৪ শতাংশ। মুদ্রা সরবরাহ বাড়লেও বেসরকারি খাতে ঋণপ্রবাহের গতি কম থাকা অর্থনীতিতে বিনিয়োগ এবং উৎপাদন সম্প্রসারণের দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনে দেখা যায়, সেপ্টেম্বর শেষে সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি বেড়ে ৩৩ দশমিক ২২ শতাংশে দাঁড়িয়েছে। সরকারের নিট ঋণ গ্রহণের প্রবৃদ্ধি হয়েছে ৩৬ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ বেসরকারি খাতের তুলনায় সরকারি খাতে ঋণ গ্রহণের প্রবৃদ্ধি অনেক বেশি।

এদিকে ব্যাংক খাতে সুদের ব্যবধানও বাড়ছে। সেপ্টেম্বরে ব্যাংকগুলোর আমানতের গড় সুদহার ছিল ৬ দশমিক ০৯ শতাংশ এবং ঋণের গড় সুদহার ১১ দশমিক ৮০ শতাংশ। এতে সুদের ব্যবধান দাঁড়িয়েছে ৫ দশমিক ৭১ শতাংশ। আগস্টে এ ব্যবধান ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, টানা দ্বিতীয় মাসের মতো সুদের ব্যবধান বেড়েছে।

রাজস্ব আদায়ে বড় ধাক্কা

সরকারের রাজস্ব আদায়েও প্রত্যাশিত গতি নেই। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাস জুলাই-সেপ্টেম্বরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আদায় হয়েছে ৯২ হাজার ৫২২ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৯১ হাজার ২৬৯ কোটি টাকা। এতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১ দশমিক ৩৭ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ২০ দশমিক ৮০ শতাংশ।

প্রথম তিন মাসে এনবিআরের রাজস্ব আদায় চলতি অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রার মাত্র ১৩ দশমিক ৩১ শতাংশ। ২০২৬-২৭ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।

এদিকে এনবিআর এবং এনবিআরবহির্ভূত উৎস মিলিয়ে প্রথম তিন মাসে মোট কর রাজস্ব আদায় হয়েছে ৯৪ হাজার ১১৪ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৯২ হাজার ৯৫৮ কোটি টাকা। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি মাত্র ১ দশমিক ২৪ শতাংশ।

সরকারের ঘাটতি অর্থায়নেও ব্যাংকনির্ভরতা বেড়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিপরীতে ব্যাংকবহির্ভূত উৎস থেকে নিট ঋণ গ্রহণ কমেছে। ফলে সামগ্রিক ঘাটতি অর্থায়নের পরিমাণ বেড়েছে।

রপ্তানি বাড়লেও আমদানিতে বেশি গতি

বৈদেশিক বাণিজ্যে রপ্তানি আয় কিছুটা ভালো অবস্থানে থাকলেও আমদানি ব্যয় বেশি গতিতে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৭০৪ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ১ হাজার ৬০৮ কোটি ৪০ লাখ ডলার। এতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৯৭ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে এ প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৮৬ শতাংশ। রপ্তানি আয়ের বড় অংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। চার মাসে ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৬০০ কোটি ৩০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৮২ শতাংশ বেশি। নিটওয়্যার রপ্তানি থেকে আয় হয়েছে ৭৭০ কোটি ৮০ লাখ ডলার। এ খাতে প্রবৃদ্ধি ৬ দশমিক ৯৯ শতাংশ। তবে কৃষিপণ্য রপ্তানি কমেছে ১৩ দশমিক ৫৪ শতাংশ। হিমায়িত ও জীবন্ত মাছ রপ্তানি কমেছে ১০ দশমিক ৮৭ শতাংশ এবং প্লাস্টিক পণ্য রপ্তানি কমেছে ৫ দশমিক ১৭ শতাংশ।

অন্যদিকে জুলাই-সেপ্টেম্বর সময়ে কাস্টমস ভিত্তিক আমদানি প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৩৭ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে এ প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৪৯ শতাংশ। বিশেষ করে মধ্যবর্তী এবং ভোগ্যপণ্যের আমদানি বৃদ্ধির কারণে আমদানি ব্যয় বেড়েছে। জুলাই-অক্টোবর সময়ে আমদানি ঋণপত্র খোলা ও নিষ্পত্তি উভয়ই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময়ে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বেড়েছে ১১৮ দশমিক ০৪ শতাংশ।

রেমিট্যান্সে ইতিবাচক ধারা

প্রবাসী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৬০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৪ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ চার মাসে রেমিট্যান্স বেড়েছে ১৩১ কোটি ৮০ লাখ ডলার। দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। চার মাসে দেশটি থেকে এসেছে ২১৯ কোটি ৯০ লাখ ডলার, যা মোট রেমিট্যান্সের ১৯ দশমিক ১৭ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৭০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেপ্টেম্বরে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের কারণে রিজার্ভ কমেছিল। অক্টোবরে বড় ধরনের আকু পরিশোধ না থাকায় রিজার্ভ আবার বেড়েছে। তবে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে উদ্বেগ রয়েছে। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ৫০ লাখ ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ৫৭১ কোটি ৫০ লাখ ডলার। একই সময়ে চলতি হিসাবে ঘাটতি বেড়ে ১৩৩ কোটি ২০ লাখ ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ৮২ কোটি ১০ লাখ ডলার।

সামগ্রিক লেনদেনের ভারসাম্যেও ঘাটতি তৈরি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সামগ্রিক ঘাটতি দাঁড়িয়েছে ১১৬ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে ৮৫ কোটি ৩০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল। একই সময়ে আর্থিক হিসাবে উদ্বৃত্ত কমে ৩২ কোটি ৩০ লাখ ডলারে নেমেছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৭৯ কোটি ৬০ লাখ ডলার।

শিল্প উৎপাদনেও দুর্বলতা

বিনিয়োগ এবং উৎপাদনের চিত্রেও দুর্বলতা দেখা যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৬ সালের জুলাই মাসে বৃহৎ শিল্পের উৎপাদন আগের বছরের একই মাসের তুলনায় শূন্য দশমিক ২২ শতাংশ কমেছে। আগের মাস জুনে এ খাতে উৎপাদন প্রবৃদ্ধি ছিল ১৪ দশমিক ৯১ শতাংশ। অর্থনীতির বিভিন্ন সূচকে মিশ্র চিত্র দেখা যাচ্ছে। রপ্তানি, রেমিট্যান্স এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক অগ্রগতি থাকলেও বেসরকারি ঋণপ্রবাহ, রাজস্ব আদায়, শিল্প উৎপাদন এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্যে চাপ রয়েছে। বিশেষ করে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার কম থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।

ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএফ) সাবেক নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরী মন্তব্য করেছেন, "অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি এখন মিশ্র প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে। রিজার্ভ এবং রেমিট্যান্স বৃদ্ধি এবং মূল্যস্ফীতি কিছুটা কমে আসা ইতিবাচক হলেও বিনিয়োগ, কর্মসংস্থান এবং উৎপাদন খাতে প্রত্যাশিত গতি নেই। বিশেষ করে বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি ৪ শতাংশের ঘরে নেমে আসা উদ্বেগজনক। কারণ, বেসরকারি খাতে ঋণপ্রবাহ কম থাকলে নতুন বিনিয়োগ এবং ব্যবসা সম্প্রসারণ বাধাগ্রস্ত হতে পারে। একই সঙ্গে আমদানি বাড়ার তুলনায় রপ্তানি আয় পর্যাপ্ত না বাড়ায় বাণিজ্য ঘাটতি বাড়ছে।"

তিনি আরও বলেন, "শুধু রিজার্ভ বা রেমিট্যান্সের প্রবৃদ্ধি দিয়ে অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করা যাবে না। বিনিয়োগের পরিবেশ উন্নত করা, উৎপাদন বাড়ানো, রপ্তানি বহুমুখীকরণ এবং রাজস্ব আদায়ের সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় এতিম শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


গাজায় এতিম শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ

গাজায় ইসরাইলি হামলায় পরিবারের সকল সদস্যকে হারিয়ে এতিম হয়ে যাওয়া শিশুরা নিজেদের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভে অংশগ্রহণ করেছে। শনিবার (২১ নভেম্বর) ধ্বংসস্তূপের মধ্যে জড়ো হয়ে তারা সুরক্ষা, শিক্ষা ও পর্যাপ্ত যত্নের দাবি জানায়। বিশ্ব শিশু দিবসের পরদিন তারা এই কর্মসূচি পালন করে।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘যন্ত্রণা সত্ত্বেও জীবন আঁকড়ে ধরা ও ভবিষ্যৎ গড়া’ এই প্রতিপাদ্যে গাজার ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরের ধ্বংসস্তূপের মধ্যে কর্মসূচিটি আয়োজন করা হয়।

‘হোপ টিম ফর প্রটেক্টিং সোল সারভাইভার্স’ নামক একটি সংগঠনের শিশুরা এই বিক্ষোভে অংশ নেয়। তারা ইসরাইলি হামলায় পরিবারের সদস্যদের হারানোর ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে এবং নিজেদের মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানায়।

অনুষ্ঠানে আয়লা ওসামা আবু দাক্কার মর্মান্তিক গল্প তুলে ধরা হয়। ইসরাইলি হামলায় তার পরিবারের ১৩ সদস্য নিহত হলেও সে বেঁচে যায়। বর্তমানে তার আইনগত অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন তার দাদি।

দাদি জানান, ২০২৫ সালের রমজান মাসে তাদের বাড়িতে বোমা হামলা চালানো হয়। তখন আয়লার বয়স ছিল মাত্র ২৪ দিন। হামলার পর বাড়ির ধ্বংসস্তূপের নিচে পাঁচ ঘণ্টা আটকে থাকার পর তাকে জীবিত উদ্ধার করা হয়।

৬৪ বছর বয়সী দাদি আয়লার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "আমার স্বামীর বয়স ৬৭ বছর। আমরা দুজনেই আশঙ্কা করছি, আমাদের মৃত্যুর পর শিশুটির দেখাশোনা করার মতো কেউ থাকবে না।"

আয়লার শিক্ষা, আবাসন ও দীর্ঘমেয়াদি পরিচর্যা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে সালমা আবদুল্লাহ আল-আক্কাদ নামের আরেক শিশুও তার পরিবারের সদস্যদের হারানোর অভিজ্ঞতা তুলে ধরে। ইসরাইলি হামলায় সে তার মা ও পরিবারের অন্যান্য সদস্যদের হারিয়েছে।

সালমা জানায়, "মায়ের সহযোগিতা না থাকায় এখন পড়াশোনা চালিয়ে যেতে আমাকে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।" তার সুরক্ষা, মানসিক যত্ন এবং পড়াশোনায় সহযোগিতার জন্য একজন দায়িত্বশীল মানুষের প্রয়োজন বলেও জানায় সে।

গাজার শিশুদের অভিজ্ঞতা ও দুর্দশার কথা শোনার পাশাপাশি তাদের শিক্ষার সুযোগ ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় সালমা।

অনুষ্ঠানে নুর আল-হায়াত উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সাফা সাহওয়ানও বক্তব্য দেন। তিনি বলেন, "ইসরাইলি হামলায় পরিবারের সব সদস্যকে হারিয়ে যারা একা বেঁচে আছে, তাদের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।"

গাজার এসব শিশুর প্রয়োজনীয় সুরক্ষা, পরিচর্যা ও সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের আরো বেশি মনোযোগ ও উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: মিডল ইস্ট আই

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালপুরে জামায়াতের আমির পদে আবুল কালাম, সেক্রেটারি মাসুদ পুনর্নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


লালপুরে জামায়াতের আমির পদে আবুল কালাম, সেক্রেটারি মাসুদ পুনর্নির্বাচিত

নাটোরের লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির পদে পুনর্নির্বাচিত হয়েছেন মাওলানা আবুল কালাম আজাদ এবং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মাসুদ রানা।

নতুন সেশনের জন্য উপজেলা কমিটির সহকারী সেক্রেটারিসহ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা শাখার আমিরদের নামও ঘোষণা করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত সাংগঠনিক অধিবেশনে নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম নবনির্বাচিত দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত উপজেলা কমিটিতে সহকারী সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ আফজাল হোসেন এবং মহসিন আলম।

এছাড়া লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা শাখার আমির হিসেবে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ১ নম্বর লালপুর ইউনিয়নে কামরুজ্জামান চঞ্চল, ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নে গোলাম রব্বানী সুমন, ৩ নম্বর চংধুপইল ইউনিয়নে হাসমত আলী হাসু, ৪ নম্বর আরবাব ইউনিয়নে মাওলানা আব্দুর রব, ৫ নম্বর বিলমাড়িয়া ইউনিয়নে আনেজউদ্দিন, ৬ নম্বর দুয়ারিয়া ইউনিয়নে আশরাফুল ইসলাম মান্না, ৭ নম্বর ওয়ালিয়া ইউনিয়নে মাওলানা লোকমান হাকিম, ৮ নম্বর দুরদুরিয়া ইউনিয়নে আব্দুস সামাদ, ৯ নম্বর এবি ইউনিয়নে শরিফুল ইসলাম সোহাগ, ১০ নম্বর কদিমচিলান ইউনিয়নে আব্দুর রাজ্জাক এবং গোপালপুর পৌরসভা শাখায় হাফেজ আমিরুল ইসলাম অন্তর্ভুক্ত রয়েছেন।

স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে লালপুর উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%