ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাগলা মসজিদের ১৫ দানবাক্সে উদ্ধার ৫১ বস্তা টাকা


পাগলা মসজিদের ১৫ দানবাক্সে উদ্ধার ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে এবার ৫১ বস্তা টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ৪ মাস ২৫ দিন পর দানবাক্স বা সিন্দুকগুলো খোলা হয়। সিন্দুক থেকে বের করা টাকাগুলো বস্তায় ভরে মসজিদের দোতলায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বর্তমানে গণনার কাজ চলছে।

পাগলা মসজিদের সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামকে নিয়ে মসজিদের দানবাক্সগুলো খোলার এবং গণনার কার্যক্রম শুরু করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

মসজিদের দোতলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওয়াদিয়া শাবাব এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গণনার কাজ তদারকি করছেন।

আরও পড়ুন: গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

গত ২৭ জুন মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন ১৩টি দানবাক্সে পাওয়া যায় মসজিদের ইতিহাসে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এবার আরও দুটি দানবাক্স বাড়ানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এবার দানের টাকা আগের রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে। গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গিয়েছিল। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে জমা রয়েছে ১৩৩ কোটিরও বেশি টাকা।

প্রতিবার দানবাক্সে নগদ টাকার পাশাপাশি বিদেশি মুদ্রা, সোনা-রূপার গয়না পাওয়া যায়। ছয় বছর জমিয়ে রাখা এসব সোনা-রূপা গত ১২ অক্টোবর জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওজন করা হয়। সেখানে পাওয়া যায় ১০৪৪ ভারি (১২ কেজি ১৭৪ গ্রাম) সোনা ও ১০৮৮ ভরি (১২ কেজি ৬৯০ গ্রাম) রূপা। একইসঙ্গে দানবাক্সে পাওয়া বিদেশি মুদ্রাও গণনা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বর্ণ ও রূপার বাজারমূল্য নির্ধারণের পর টেন্ডারের মাধ্যমে অলঙ্কারগুলো বিক্রি করা হবে। বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে।

মসজিদের দোতলায় গিয়ে দেখা যায়, বস্তাগুলো খুলে গণনাকারীদের সামনে ঢেলে দেওয়া হচ্ছে টাকা। তারা সেগুলো ভাজ করে বান্ডিল তৈরি করছে। একইসঙ্গে বান্ডিলগুলো ব্যাংক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। ব্যাংকের কর্মীরা হাতে ও মেশিনের সাহায্যে টাকাগুলো গণনা করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখছেন। গণনার কাজে অংশ নিয়েছেন ৬ শতাধিক লোক। তাদের মধ্যে রয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী, আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসা ও পাগলা মসজিদের এতিমখানার সাড়ে তিনশ শিক্ষার্থী, মসজিদের কর্মকর্তা-কর্মচারী সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিছি জানান, এবারও নগদ অর্থের পাশাপাশি বিদেশি মুদ্রা এবং সোনা-রূপার অলঙ্কার পাওয়া গেছে। টাকাগুলো গণনা শেষ করতে সন্ধ্যা কিংবা রাত হয়ে যেতে পারে।

আরও পড়ুন: জনবলের সংকটে মুখ থুবড়ে পড়েছে লক্ষ্মীপুরের মৎস্য প্রজনন কেন্দ্র

দানবাক্স খোলা ও টাকা গণনার পুরো কার্যক্রম ঘিরে মসজিদ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, এসআরবি (র‌্যাব) ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক এ বিষয়ে বলেন, দানবাক্স বা সিন্দুক খোলার শুরু থেকে টাকা গণনা এবং ব্যাংকে জমা দেওয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শুধু গণনার দিন নয়, সারা বছর মসজিদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদে দেশের বিভিন্ন জেলা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ নিয়মিত দান করতে আসেন। নগদ অর্থের পাশাপাশি গবাদিপশু, হাঁস-মুরগিসহ নানা ধরনের জিনিসও এখানে দান করা হয়। এগুলো প্রতিদিনই নিলামে বিক্রি হয়ে থাকে।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, মসজিদের আয় থেকে প্রয়োজনীয় ব্যয় মিটিয়ে বাকি অর্থ ব্যাংকে জমা রাখা হচ্ছে। বর্তমানে ১৩৩ কোটিরও বেশি টাকা ব্যাংকে জমা রয়েছে। তিনি আরও জানান, ব্যাংকে জমা রাখা পাগলা মসজিদের টাকার লভ্যাংশ থেকে গরিব ও অসহায় লোকদের অনুদান ও জটিল রোগে আক্রান্ত লোকদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও এ অর্থ ব্যয় করা হয়ে থাকে।

আরও পড়ুন: ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের সহ-সভাপতি রবিন আহমেদ গ্রেপ্তার

জেলা প্রশাসক বলেন, ব্যাংকে জমানো টাকা দিয়ে একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে। প্রকল্পের জন্য ইতোমধ্যে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। চূড়ান্ত নকশা হাতে পেলে দরপত্র আহ্বান করা হবে। এরপর শুরু হবে নির্মাণকাজ।

জানা গেছে, পাগলা মসজিদকে কেন্দ্র করে প্রায় ১০ তলাবিশিষ্ট একটি বৃহৎ ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ভবনে একসঙ্গে ৪০ থেকে ৫০ হাজার মুসল্লির নামাজ পড়তে পারবে। পাশাপাশি নারী মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান, এতিমদের শিক্ষাব্যবস্থা, মাদরাসা লাইব্রেরি, ক্যাফেটেরিয়া ও আইটি সেকশনসহ নানা আধুনিক সুবিধা থাকবে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে এ প্রকল্প।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৭ এম


বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২৮ মেয়াদের নেতৃত্বে আবদুর রহমান এবং রাহাত সাইফুল আসেন। নতুন সভাপতি হিসেবে আবদুর রহমান নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান রাহাত সাইফুল। উভয়েই সমান ২৪৬টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বাচসাসের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে তাঁদের নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। সকাল ১০টায় সাধারণ সভার আয়োজনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের সদস্যরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনের ফল প্রকাশের পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাহাত সাইফুল সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রাণের সংগঠন বাচসাসের সম্মানিত সদস্যদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা। আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়া নিয়েই আগামীর পথ চলতে চাই। বাচসাসের সঙ্গে ছিলাম, আছি এবং আগামীতেও আপনাদের পাশে থেকে সংগঠনের কল্যাণে কাজ করে যেতে চাই।’

তিনি সদস্যদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন বাচসাসকে আরও এগিয়ে নিতে।

নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন রিমন মাহফুজ এবং হামিদ মোহাম্মদ জসিম। সহসাধারণ সম্পাদক হিসেবে আবু হুরায়রা মুরাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে সৈয়দা ফারজানা জামান রুম্পা দায়িত্ব পেয়েছেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রুহুল আমিন ভূইয়া, আন্তর্জাতিক ও গবেষণাবিষয়ক সম্পাদক হিসেবে আনিসুল হক রাশেদ, সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক সম্পাদক হিসেবে ইসরাত জাহান স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হিসেবে পান্থ আফজাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তৌফিক অপু এবং দপ্তর সম্পাদক হিসেবে মহিব আল হাসান নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন, সুকন্যা আমির, রুহুল সাখাওয়াত, রাজু আলিম, অরণ্য শোয়েব, সালাম মাহমুদ, শাকিল হোসেন, হাফিজ রহমান এবং সালাম ফারুক। নতুন কমিটির মাধ্যমে আগামী দুই বছর সংগঠনটির কার্যক্রম পরিচালিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের সহ-সভাপতি রবিন আহমেদ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৭ এম


ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের সহ-সভাপতি রবিন আহমেদ গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকা থেকে নিষিদ্ধ কৃষক লীগের পল্লবী থানা ইউনিটের সহ-সভাপতি রবিন আহমেদ (৪৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রবিন আহমেদকে গ্রেপ্তার করে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

এতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তার হওয়া রবিন আহমেদ পল্লবী থানার একটি নিয়মিত মামলার চার্জশিটভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর রবিন আহমেদকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সময়ের সাক্ষী বিউটি বোর্ডিং: হারানো সাহিত্য-আড্ডার ঠিকানা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ এম


সময়ের সাক্ষী বিউটি বোর্ডিং: হারানো সাহিত্য-আড্ডার ঠিকানা

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : পুরান ঢাকা, বায়ান্ন বাজার তিপ্পান্ন গলির অবস্থান। বাংলাবাজারের শ্রীশচন্দ্র দাস লেনে প্রবেশ করলে দেখা যায় একটি দোতলা পুরোনো ভবন। প্রবেশপথের লোহার ফটক পেরিয়ে ভেতরে ঢুকলে চোখে পড়ে উঠান। ভবনটির নাম ‘বিউটি বোর্ডিং’।

বিউটি বোর্ডিং প্রথম দৃষ্টিতে সাধারণ আবাসিক হোটেল ও খাবারের স্থান মনে হলেও, এর প্রতিটি দেয়াল, কক্ষ ও আঙিনার সঙ্গে জড়িয়ে আছে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার সমৃদ্ধ ইতিহাস।

এক সময় এখানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চলচ্চিত্রকার ও বুদ্ধিজীবীদের প্রাণবন্ত মিলনকেন্দ্র ছিল। সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, গান, রাজনীতি ও সমকালীন সমাজ নিয়ে তর্ক-বিতর্ক চলত এখানে।

নতুন লেখকদের সঙ্গে প্রতিষ্ঠিত সাহিত্যিকদের পরিচয় ও ভাববিনিময়ের অন্যতম জায়গা ছিল বিউটি বোর্ডিং। সময়ের পরিবর্তনের ফলে সেই নিয়মিত আড্ডা অনেকটাই হারিয়ে গেলেও, ভবনটি আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

১৯৪৭ সালে দেশভাগের আগে ভবনটিতে ‘সোনার বাংলা’ পত্রিকার কার্যালয় ও ছাপাখানা ছিল। দেশভাগের পর পত্রিকাটির কার্যালয় কলকাতায় স্থানান্তরিত হলে, ভবনটি কিছুদিন খালি পড়ে থাকে। পরে ১৯৪৯ সালে নলিনী মোহন সাহা ও প্রহ্লাদ চন্দ্র সাহা ভবনটি ভাড়া নিয়ে আবাসিক হোটেল ও রেস্তোরাঁ চালু করেন।

শুরুতে আবাসিক সুবিধার পাশাপাশি খাবারের ব্যবস্থাও ছিল এখানে। তবে বাংলাবাজারে বইয়ের দোকান, ছাপাখানা ও প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে বিউটি বোর্ডিং সাহিত্য-সংস্কৃতির মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে। বই প্রকাশ, সম্পাদনা, লেখালেখি কিংবা পত্রিকার কাজে বাংলাবাজারে আসা মানুষের অনেকেই এখানে সময় কাটাতেন। ধীরে ধীরে সাধারণ আবাসিক হোটেলটি সাহিত্যিকদের মিলনস্থলে পরিণত হয়।

কবি শামসুর রাহমান, শহীদ কাদরী, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, আবু হেনা মোস্তফা কামাল, আবুল হাসান, মহাদেব সাহা, আহমদ ছফা, রফিক আজাদ, আসাদ চৌধুরী, বেলাল চৌধুরী, ফজল শাহাবুদ্দিন, হায়াৎ মামুদ ও আখতারুজ্জামান ইলিয়াসসহ বহু কবি-সাহিত্যিকের পাশাপাশি সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী, সন্তোষ গুপ্ত ও ফয়েজ আহমদ এবং চলচ্চিত্র ও শিল্পাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও নিয়মিত এই প্রাঙ্গণে আসতেন।

তাঁদের সঙ্গে এখানে আসতেন চিত্রশিল্পী, সংগীতশিল্পী, নাট্যকর্মী, সাংবাদিক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। আড্ডার মাধ্যমে নতুন সৃষ্টির ভাবনা, সাহিত্যিক সম্পর্ক ও সাংস্কৃতিক যোগাযোগ তৈরি হতো।

বিউটি বোর্ডিংয়ের ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর অধ্যায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। ২৮ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী সেখানে হামলা চালায়। এ সময় বোর্ডিংয়ের প্রতিষ্ঠাতা প্রহ্লাদ চন্দ্র সাহাসহ ১৭ জন নিহত হন বলে বিভিন্ন ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে।

এই হত্যাকাণ্ডে শুধু একটি পরিবারের ওপর বিপর্যয় নেমে আসেনি, থেমে গিয়েছিল সাহিত্য-সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ মিলনকেন্দ্রের প্রাণচাঞ্চল্যও।

স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রহ্লাদ সাহার পরিবারের সদস্যরা ফিরে এসে আবার বিউটি বোর্ডিং চালু করেন।

স্বাধীনতার পরেও বিউটি বোর্ডিংয়ের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকে। পুরোনো দিনের সেই আড্ডার স্মৃতি ধরে রাখতে বিভিন্ন সময় এখানে সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সমাগম ঘটেছে। বোর্ডিংয়ের দেয়ালে সংরক্ষিত পুরোনো ছবি ও স্মৃতিচিহ্ন অতীতের প্রাণবন্ত সময়ের কথা মনে করিয়ে দেয়।

এক সময় যে টেবিলগুলোতে বসে কবি-সাহিত্যিকেরা সাহিত্য, সমাজ ও রাজনীতি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করতেন, সেগুলো এখনো প্রতিষ্ঠানটির ইতিহাসের অংশ হয়ে আছে।

তবে সময়ের সঙ্গে বদলে গেছে বিউটি বোর্ডিংয়ের পরিবেশ। বাংলাবাজারের প্রকাশনা ও মুদ্রণশিল্পের ধরন পরিবর্তন, মানুষের জীবনযাত্রায় ব্যস্ততা এবং সাহিত্যচর্চার নতুন মাধ্যম তৈরি হওয়ায় আগের মতো নিয়মিত আড্ডা আর জমে না। এখন আবাসিক হোটেল ও রেস্তোরাঁ হিসেবেই এর কার্যক্রম বেশি দৃশ্যমান।

পুরোনো দিনের মতো কবি-সাহিত্যিকদের নিয়মিত পদচারণা না থাকলেও ঐতিহ্যের টানে অনেকেই এখানে আসেন। কেউ আসেন ইতিহাস জানতে, কেউ পুরোনো স্মৃতি খুঁজতে, আবার কেউ ঐতিহাসিক এই স্থানের পরিবেশে কিছুটা সময় কাটাতে কিংবা ছবি তুলতে। প্রিয়জনদের সঙ্গে ঘুরতে আসা দর্শনার্থীদেরও দেখা যায় এখানে। বিশেষ করে ছুটির দিন ও শুক্রবারে দর্শনার্থীদের ভিড় তুলনামূলক বেশি থাকে।

বিউটি বোর্ডিংয়ের বিশেষত্ব কেবল এর পুরোনো ভবন কিংবা আবাসিক ও খাবারের ব্যবস্থা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে একসময় যাঁরা আড্ডা দিয়েছেন, তাঁদের অনেকেই বাংলা সাহিত্য, সংগীত, সাংবাদিকতা ও শিল্পকলায় রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান। তাঁদের স্মৃতির সঙ্গে বিউটি বোর্ডিংও হয়ে উঠেছে সাংস্কৃতিক ঐতিহ্যের একটি পরিচিত নাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সোনিয়া পারভীন বলেন, বাংলা সংস্কৃতির ইতিহাসে বিউটি বোর্ডিং একটি বিশেষ স্মৃতিবিজড়িত স্থান। এটি কেবল আবাসিক হোটেল বা খাবারের জায়গা নয়; বরং বাংলা সাহিত্যের বহু কবি, লেখক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের পদচারণায় মুখরিত একটি ঐতিহাসিক প্রাঙ্গণ। বিশেষ করে বাংলা সাহিত্যপ্রেমীদের কাছে স্থানটির আবেদন ভিন্ন রকম।

তিনি বলেন, একসময় এখানে বিশিষ্ট ব্যক্তিরা সাহিত্য, রাজনীতি, চলচ্চিত্র ও সংস্কৃতি নিয়ে দীর্ঘ সময় আড্ডায় মেতে উঠতেন। এখানেই বসে আবদুল জব্বার খান ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের পাণ্ডুলিপি তৈরি করেছিলেন।

সোনিয়া পারভীন আরও বলেন, বর্তমানে বিউটি বোর্ডিং তার আগের জৌলুশ অনেকটাই হারিয়েছে। বেশ কিছুদিন আগে সেখানে গিয়ে তিনি ভবনটির দেয়াল, বারান্দা ও অবকাঠামোর বিভিন্ন অংশ জীর্ণ অবস্থায় দেখতে পেয়েছেন। আগের মতো কবি-সাহিত্যিকদের নিয়মিত আড্ডাও আর বসে না। তবে আবাসিক হোটেল ও রেস্তোরাঁর কার্যক্রম এখনো চালু রয়েছে। এখনো মানুষ সেখানে যান—কেউ ইতিহাসের টানে, কেউ সাহিত্যিক স্মৃতির সন্ধানে, আবার কেউ পুরান ঢাকার ঐতিহ্যবাহী পরিবেশ অনুভব করতে।

তাঁর ভাষায়, বিউটি বোর্ডিংয়ে দাঁড়ালে মনে হয়, পুরোনো দেয়ালগুলোর ভেতরে জমে আছে অনেক না-বলা গল্প। এই প্রাঙ্গণের কোনো এক কোণে বসেই হয়তো রচিত হয়েছে কবিতার পঙক্তি, প্রাণ পেয়েছে গল্পের চরিত্র কিংবা জন্ম নিয়েছে সাহিত্যের নতুন ভাবনা।

বিউটি বোর্ডিংয়ের ঐতিহ্য সংরক্ষণে সরকারি উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্থানটির ঐতিহাসিক ও সাহিত্যিক গুরুত্ব বিবেচনায় নিয়ে এর যথাযথ সংরক্ষণ করা জরুরি। বিউটি বোর্ডিং টিকে থাকুক তার নিজস্ব ঐতিহ্য, সাহিত্যিক গৌরব ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে। আগামী প্রজন্মও যেন এই প্রাঙ্গণে এসে বাংলা সাহিত্যের এক গৌরবময় সময়ের স্পন্দন অনুভব করতে পারে।

পুরান ঢাকার অলিগলিতে ছড়িয়ে থাকা অসংখ্য ঐতিহাসিক স্থাপনার মধ্যে বিউটি বোর্ডিং তাই এক অনন্য নাম। সময় বদলেছে, বদলেছে মানুষের জীবন ও সাহিত্যচর্চার ধরন। হারিয়ে গেছে একসময়ের প্রাণবন্ত আড্ডার অনেক পরিচিত মুখ। কিন্তু ইতিহাসের পাতায় ও পুরোনো ভবনের স্মৃতিতে আজও বেঁচে আছে সেই দিনগুলো।

বিউটি বোর্ডিং যেন নীরবে মনে করিয়ে দেয়, একটি স্থান শুধু ইট-পাথরের স্থাপনা নয়; কখনো কখনো তা হয়ে ওঠে একটি সময়, একটি প্রজন্ম ও একটি সাংস্কৃতিক ইতিহাসের জীবন্ত সাক্ষী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র অভিমুখে অভিবাসন-প্রত্যাশীদের ঢল, ওয়াশিংটনের নতুন হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ এম


যুক্তরাষ্ট্র অভিমুখে অভিবাসন-প্রত্যাশীদের ঢল, ওয়াশিংটনের নতুন হুঁশিয়ারি

শুক্রবার দক্ষিণ মেক্সিকোতে প্রায় ৩০০ অভিবাসীর একটি নতুন বহর প্রবেশ করেছে, যা মধ্য আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকদের নিয়ে গঠিত। তারা বৃহত্তর একটি অভিবাসী বহরের সঙ্গে যোগ দিতে মেক্সিকোতে প্রবেশ করে, যা উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এক সপ্তাহ আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, যদি অভিবাসীদের চলাচল বন্ধ না করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের একটি সূত্র জানায়, শুক্রবার ভোরে এই অভিবাসীরা মেক্সিকোতে প্রবেশ করে। পরে, তারা গত সপ্তাহে গড়ে ওঠা প্রায় এক হাজার ৫০০ জনের একটি বৃহত্তর বহরে যোগ দেয়। এই বহরটি ইতোমধ্যে অন্তত দুটি দলে বিভক্ত হয়ে চিয়াপাস রাজ্যের দক্ষিণাঞ্চলীয় আরিয়াগা ও টোনালা এলাকার বিভিন্ন জনপদ দিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে।

অভিবাসীরা রয়টার্সকে জানিয়েছেন, স্থানীয় কর্তৃপক্ষ তাদের পিজিয়াপান শহর ছেড়ে যেতে বাধ্য করেছে, যেখানে তারা দুই দিন বিশ্রাম নেওয়ার পরিকল্পনা করেছিলেন। ২৬ বছর বয়সী হন্ডুরাসের নাগরিক এমারসন, যিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে যাত্রা করছেন, বলেন, “শিশুরা ক্লান্ত—এ বিষয়টিও তারা বিবেচনায় নেয়নি। সবাইকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে আমাদের আবার হাঁটতে হয়েছে।”

নতুন এই বহরের সঙ্গে থাকা হন্ডুরাসের নাগরিক হারসন ডেভিড এসকালান্তে বলেন, “ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমরা মেক্সিকোতে থেকে কাজ করার কথা ভাবছি।” তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের প্রতি ট্রাম্পের চাপের প্রভাবিত না হওয়ার আহ্বান জানান এবং অভিবাসীদের মেক্সিকোতে অবস্থানের সুযোগ দেওয়ার দাবি করেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছর চিয়াপাসে প্রবেশ করা অভিবাসীদের এটি সপ্তম বহর। গুয়াতেমালার সীমান্তবর্তী এই রাজ্যটি উত্তর আমেরিকার দিকে যাত্রা করা অভিবাসীদের জন্য মেক্সিকোতে প্রবেশের অন্যতম প্রধান পথ।

গত সপ্তাহে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, অভিবাসীদের বহরের অগ্রযাত্রা বন্ধে মেক্সিকো কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নিলে দেশটি থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করা হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সীমান্তবিষয়ক প্রধান টম হোম্যান মেক্সিকো সরকারকে যুক্তরাষ্ট্রের সীমান্ত এবং গুয়াতেমালার সঙ্গে দেশটির দক্ষিণ সীমান্তে সেনা মোতায়েনের আহ্বান জানিয়েছেন।

নতুন অভিবাসী বহরের বিষয়ে মন্তব্য জানতে মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মেক্সিকো সরকার জানিয়েছে, দেশটিতে বৈধ অভিবাসন-সংক্রান্ত মর্যাদা রয়েছে, এমন ব্যক্তিরা সেখানে অবস্থান করতে পারবেন। তবে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অবস্থানকারীদের অভিবাসন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, যাতে তাদের আবেদন ও পরিস্থিতি যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যায়।

সূত্র: রয়টার্স

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%