ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ডেনমার্ক ইউক্রেনীয় র‍্যাপার হত্যার ষড়যন্ত্রে রাশিয়ার কূটনীতিককে বহিষ্কার করেছে


ডেনমার্ক ইউক্রেনীয় র‍্যাপার হত্যার ষড়যন্ত্রে রাশিয়ার কূটনীতিককে বহিষ্কার করেছে

ডেনমার্ক সরকার ইউক্রেনীয় র‍্যাপারকে হত্যার ষড়যন্ত্রে রুশ গোয়েন্দা সংস্থার জড়িত থাকার অভিযোগে রাশিয়ার ‘প্রতিরক্ষা অ্যাটাশেকে’ বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। কোপেনহেগেন থেকে তাকে আগামী সাত দিনের মধ্যে দেশটি ত্যাগ করতে হবে।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন জানিয়েছেন, শুক্রবার রুশ রাষ্ট্রদূতকে তলব করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এ ছাড়া, রুশ নাগরিকদের জন্য শেনজেন ভিসা স্থগিত করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

ডেনমার্কের গোয়েন্দা সংস্থা পিইটি জানিয়েছে, কোপেনহেগেনের নিকটবর্তী একটি কনসার্টে ইউক্রেনীয় র‍্যাপার কিয়েভস্টোনারকে হত্যার পরিকল্পনা করেছিল রুশ গোয়েন্দারা। সন্দেহ করা হচ্ছে, এই কাজে দেশটির নিষিদ্ধ অপরাধী চক্র ‘লয়াল টু ফ্যামিলিয়া’র সহায়তা নেওয়ার পরিকল্পনা ছিল।

আরও পড়ুন: ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৪১ বেসামরিক নিহত

গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর কনসার্টস্থলের কাছে একটি গাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। আটক গাড়িটিতে আগ্নেয়াস্ত্র ও ছুরি পাওয়া যায়। এ ঘটনায় দুই ডেনিশ নাগরিকের বিরুদ্ধে হত্যা চেষ্টা এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে তদন্ত চলছে। তাদের একজন কনসার্টের টিকিটও কিনেছিলেন। ঘটনার পর কনসার্টটি বাতিল করা হয়েছে।

পিইটির প্রধান রাসমুস কিফার-ক্রিস্টেনসেন মন্তব্য করেছেন, ডেনমার্কে রুশ গোয়েন্দা সংস্থার এমন হত্যাচেষ্টার ঘটনা নজিরবিহীন। এটি রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসী ও ঝুঁকিপূর্ণ আচরণের ইঙ্গিত দেয়।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, রাশিয়া ক্রমেই কোণঠাসা হয়ে আরো আগ্রাসী হয়ে উঠছে। এ পরিস্থিতিতে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখাই হবে সবচেয়ে শক্তিশালী জবাব।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এ ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে ডেনমার্কের প্রতি ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন।

আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের সূত্রপাত ঘটানোর দায়ে এক ব্যক্তি দোষী সাব্যস্ত

অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মস্কো এ ঘটনার যথাযথ জবাব দেবে। কোপেনহেগেনে রুশ দূতাবাস অভিযোগ অস্বীকার করে বহিষ্কারের সিদ্ধান্তকে প্রতিহিংসামূলক বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, রাশিয়ার সংশ্লিষ্টতার কোনো প্রমাণ দেয়নি ডেনমার্ক।

এর আগে, ডেনমার্ক রাশিয়ার বিরুদ্ধে দেশটিতে নাশকতা ও ইউক্রেন-সংশ্লিষ্ট প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোতে হামলার পরিকল্পনার অভিযোগ তুলেছিল। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মস্কো।

সূত্র: আলজাজিরা

আরএ

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বৃষ্টির পানির স্রোতে দুইজনের প্রাণহানি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে হতে পারে শরীরে ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৬ এম


টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে হতে পারে শরীরে ক্ষতি

সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার জন্য তাড়াহুড়ো থাকে। অনেকেই হাতে সময়ের অভাবে সঠিকভাবে নাশতা করার সুযোগ পান না। কেউ কেউ নাশতা না করেই বেরিয়ে পড়েন, আবার কেউ এক কাপ চা এবং দু-একটি বিস্কুট খেয়ে সকালের খাবার শেষ করেন। কিছু মানুষের কাছে প্রতিদিনের নাশতা বলতে এটুকুই।

কিন্তু দিনের পর দিন সকালের খাবার হিসেবে শুধু চা-বিস্কুট খেলে শরীরে কী প্রভাব পড়তে পারে, তা কি জানেন? পুষ্টিবিদদের মতে, টানা ৩০ দিন এই অভ্যাস বজায় রাখলে শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা এবং শরীরের বিপাকীয় কার্যক্রমেও প্রভাব পড়তে পারে।

চা-বিস্কুটে কেন মেটে না সকালের খাবারের চাহিদা?

এক কাপ চা এবং কয়েকটি বিস্কুট কখনোই সুষম নাশতার বিকল্প হতে পারে না। চায়ে ক্যাফেইন এবং চিনি থাকে। অন্যদিকে, সাধারণ বিস্কুট তৈরি হয় ময়দা, চিনি এবং তেল দিয়ে। এসব খাবার থেকে শরীর কিছু ক্যালরি পেলেও প্রয়োজনীয় প্রোটিন, আঁশ এবং অন্যান্য পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না।

ফলে, দিনের শুরুতেই শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হতে পারে। নিয়মিত এমন খাবার খাওয়ার অভ্যাস শরীরের স্বাভাবিক কার্যক্রমেও প্রভাব ফেলতে পারে।

রক্তে শর্করা এবং ইনসুলিনে কী প্রভাব পড়ে?

চা-বিস্কুটে পরিশোধিত শর্করা এবং চিনির পরিমাণ বেশি থাকতে পারে। কিন্তু প্রোটিন এবং আঁশের পরিমাণ তুলনামূলকভাবে কম। ফলে সকালের নাশতায় শুধু চা-বিস্কুট খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে।

একটানা এমন খাবার খাওয়ার অভ্যাস শরীরের বিপাকীয় কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন অতিরিক্ত চিনি এবং পরিশোধিত শর্করা গ্রহণ করলে ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এতে ভবিষ্যতে ইনসুলিন প্রতিরোধ এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে।

কিছুক্ষণ পরই কেন আসে ক্লান্তি?

চা-বিস্কুট খাওয়ার পর সাময়িকভাবে শরীরে শক্তি অনুভূত হতে পারে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্লান্তি দেখা দিতে পারে। কারণ, এসব খাবারে পর্যাপ্ত প্রোটিন এবং আঁশ না থাকায় দীর্ঘ সময় পেট ভরা থাকে না এবং শরীরও প্রয়োজনীয় শক্তি পায় না।

এর প্রভাবে কাজে মনোযোগ কমে যেতে পারে। পাশাপাশি মেজাজ খিটখিটে হওয়া এবং দুর্বলতা অনুভব করার মতো সমস্যাও দেখা দিতে পারে।

চা-বিস্কুট খেলে কোন কোন পুষ্টির ঘাটতি হতে পারে?

সকালের নাশতায় শুধু চা-বিস্কুট খেলে শরীর মূলত চিনি, পরিশোধিত শর্করা এবং বিস্কুটে থাকা চর্বি থেকে ক্যালরি পায়। কিন্তু প্রয়োজনীয় প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, আঁশ, ভিটামিন এবং খনিজ উপাদানের চাহিদা পূরণ হয় না।

প্রোটিনের ঘাটতি: পর্যাপ্ত প্রোটিন না পেলে পেশির স্বাভাবিক গঠন এবং রক্ষণাবেক্ষণ ব্যাহত হতে পারে। দীর্ঘদিন ঘাটতি থাকলে পেশির ক্ষয়ও বাড়তে পারে।

আঁশের অভাব: খাবারে আঁশ কম থাকলে হজমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে কোষ্ঠকাঠিন্য এবং অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে।

আয়রন শোষণে বাধা: চায়ে থাকা ট্যানিন খাবার থেকে আয়রন শোষণে বাধা দিতে পারে। বিশেষ করে খাবারের সঙ্গে বা খাওয়ার পরপরই চা পান করলে উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণ কমতে পারে। দীর্ঘদিন খাদ্যতালিকায় আয়রনের ঘাটতি থাকলে রক্তস্বল্পতার ঝুঁকি বাড়ে।

ভিটামিন এবং খনিজের ঘাটতি: পর্যাপ্ত পুষ্টি না পাওয়ায় শরীরে ক্লান্তি এবং দুর্বলতা দেখা দিতে পারে। রোগপ্রতিরোধক্ষমতা স্বাভাবিক রাখতেও সমস্যা হতে পারে। দীর্ঘদিন ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি থাকলে হাড়ের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হতে পারে।

ওজন ও কোলেস্টেরলেও পড়তে পারে প্রভাব

চা-বিস্কুটে অতিরিক্ত চিনি এবং অস্বাস্থ্যকর চর্বি থাকলে তা শরীরের ওজন এবং রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বাড়াতে ভূমিকা রাখতে পারে। দীর্ঘদিন এ ধরনের খাবার বেশি খাওয়ার ফলে স্থূলতা, উচ্চ কোলেস্টেরল এবং বিপাকীয় সমস্যার ঝুঁকি বাড়তে পারে।

এছাড়া নিয়মিত চা পান এবং বিশেষ করে খালি পেটে চা খাওয়ার কারণে কারও কারও অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে।

সকালের নাশতায় কী খাবেন?

সকালের নাশতায় শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে খাবারের তালিকায় ভারসাম্য রাখা জরুরি। শুধু চা-বিস্কুটের ওপর নির্ভর না করে প্রোটিন, আঁশ, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার বেছে নেওয়া উচিত।

নাশতায় রাখতে পারেন—

১. ডিম: ডিম থেকে শরীর প্রয়োজনীয় প্রোটিন পায়।

২. দুধ: দুধ প্রোটিন এবং ক্যালসিয়ামের ভালো উৎস।

৩. ওটস: এতে থাকা আঁশ হজমের স্বাস্থ্যের উন্নতিতে ভূমিকা রাখে।

৪. আটার রুটি: সকালের খাবারে আটার রুটি রাখতে পারেন।

৫. ফলমূল: বিভিন্ন ধরনের ফলে থাকে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং আঁশ।

৬. সবজি: সবজি শরীরের পুষ্টির চাহিদা পূরণে সাহায্য করে।

সকালে সময়ের অভাব থাকলেও শুধু চা-বিস্কুট খেয়ে নাশতা শেষ করার অভ্যাস এড়িয়ে চলুন। অল্প সময়ে তৈরি করা যায়, এমন পুষ্টিকর খাবার বেছে নিন। এতে শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি সুস্থ খাদ্যাভ্যাসও গড়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুকার পুরস্কার পেলেন ৮১ বছর বয়সী ব্রিটিশ লেখক জন হ্যারিসন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৬ এম


বুকার পুরস্কার পেলেন ৮১ বছর বয়সী ব্রিটিশ লেখক জন হ্যারিসন

ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন ২০২৬ সালের বুকার পুরস্কার অর্জন করেছেন তার ১৩তম উপন্যাস ‘The End of Everything’-এর জন্য। ৮১ বছর বয়সে এই পুরস্কার জয়ের মাধ্যমে তিনি বুকারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে পুরস্কারজয়ী লেখক হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। উপন্যাসটি মানবিক উপলব্ধির সীমাবদ্ধতা, তথ্যের বিভ্রান্তি এবং বিপর্যস্ত সমাজে মানুষের টিকে থাকার সংগ্রামকে কেন্দ্র করে রচিত একটি ব্যতিক্রমী ডিস্টোপিয়ান স্যাটায়ার।

১৬ নভেম্বর লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত এক অনুষ্ঠানে হ্যারিসনের হাতে পুরস্কারের ট্রফি ও ৫০ হাজার পাউন্ড হিসেবে ৮২ লাখ টাকা অর্থমূল্য তুলে দেন ২০২৫ সালের বুকারজয়ী লেখক ডেভিড স্যালজাই। ছয়টি উপন্যাসের শর্ট লিস্ট থেকে বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে নির্বাচিত হয় ‘The End of Everything’।

২০২৬ সালের বুকার পুরস্কারের বিচারক প্যানেলের নেতৃত্বে ছিলেন ক্লাসিক সাহিত্যবিশারদ, লেখক ও সম্প্রচারক মেরি বিয়ার্ড। প্যানেলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন কবি ও শিক্ষাবিদ রেমন্ড অ্যান্ট্রোবাস, সংগীতশিল্পী ও লেখক জার্ভিস ককার, সাংবাদিক ও সমালোচক রেবেকা লিউ এবং বুকার মনোনীত লেখক প্যাট্রিসিয়া লকউড। এবারের পুরস্কারের জন্য বিচারকেরা মোট ১৬৩টি উপন্যাস বিবেচনা করেন। ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রকাশিত ইংরেজি ভাষার কথাসাহিত্য ছিল বিবেচনার আওতায়।

‘The End of Everything’ উপন্যাসের পটভূমি একটি রহস্যময় বিপর্যয়-পরবর্তী ব্রিটেন। অজ্ঞাত এক বিপর্যয়ে পরিচিত ব্রিটিশ সমাজব্যবস্থা ভেঙে পড়েছে। এমন একটি পরিস্থিতিতে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্ট উপকূলে এক ভবঘুরে স্বভাবের ব্যক্তি ও তার অস্ত্রধারী খালা কোনোমতে জীবন কাটানোর চেষ্টা করেন। তাদের চারপাশে রয়েছে রহস্যময় ভিনগ্রহের প্রাণীর আগমন, অনিশ্চিত ভবিষ্যৎ এবং বাস্তবতাকে বোঝার এক অন্তহীন সংকট।

উপন্যাসটির অন্যতম বৈশিষ্ট্য হলো, লেখক ইচ্ছাকৃতভাবে বিপর্যয়ের কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে অনেক ব্যাখ্যা অনুল্লেখিত রেখেছেন। ছোট ছোট চলচ্চিত্রধর্মী অধ্যায়ে এগিয়ে যাওয়া আখ্যানটি প্রচলিত সাহিত্যিক কাঠামোকে ব্যবহার করেও তা ভেঙে দেয়। ফলে পাঠককে চরিত্রগুলোর মতোই বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্য দিয়ে গল্পের অর্থ খুঁজে নিতে হয়।

হ্যারিসন নিজেই জানিয়েছেন, বর্তমান সময়ের তথ্যের অবিরাম প্রবাহ, সেই তথ্য বোঝার প্রয়োজনীয় উপকরণের অভাব এবং সমালোচনামূলক চিন্তার সংকটকে ব্যঙ্গ করাই ছিল উপন্যাসটির অন্যতম উদ্দেশ্য। তার ভাষায় ‘The End of Everything’ এমন একটি বিপর্যয়ের গল্প, যেখানে বিপর্যয়টি আসলে কোনো কিছু বুঝতে না পারার ব্যর্থতা।

বুকার পুরস্কারের বিচারক প্যানেলের সভাপতি মেরি বিয়ার্ড উপন্যাসটিকে চ্যালেঞ্জিং পাঠ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, ভালো কথাসাহিত্যের একটি বড় অংশই পাঠকের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তিনি বলেন, ‘বইটি পাঠককে ওলটপালট করে দেয়, একই সঙ্গে হাসির খোরাক জোগায় এবং বিষয়বস্তুর ভয়াবহতা সত্ত্বেও আশাবাদের আভাস রেখে যায়।’

প্রায় ছয় দশকের সাহিত্যজীবনে এম জন হ্যারিসন ১৩টি উপন্যাস, পাঁচটি ছোটগল্পের সংকলন এবং একটি ব্যতিক্রমী আত্মস্মৃতিমূলক গ্রন্থ রচনা করেছেন। সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি সাহিত্যের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক থাকলেও তিনি নিজেকে এসব নির্দিষ্ট সাহিত্যিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে পছন্দ করেন না। বুকার কর্তৃপক্ষ তাকে ধারার সীমানা অতিক্রমকারী এবং স্বতন্ত্র চিন্তার অধিকারী লেখক হিসেবে অভিহিত করেছে। বুকার পুরস্কারের প্রধান নির্বাহী গ্যাবি উডের মতে, ‘প্রকৃত বিজ্ঞান কল্পসাহিত্যের জগৎ থেকে উঠে আসা প্রথম বুকারজয়ী লেখক হ্যারিসন।’

সূত্র : বুকার প্রাইজ ফাউন্ডেশন

গ্রন্থনা : সিয়াম আন নুফাইস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৬: ‘ধুরন্ধর’ সেরা চলচ্চিত্র, রণবীর সেরা অভিনেতা, আনীত সেরা অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৭ এম


দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৬: ‘ধুরন্ধর’ সেরা চলচ্চিত্র, রণবীর সেরা অভিনেতা, আনীত সেরা অভিনেত্রী

দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৬-এ বলিউডের জনপ্রিয় সিনেমা ‘ধুরন্ধর’ একাধিক বিভাগে স্বীকৃতি অর্জন করেছে। সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হওয়ার পাশাপাশি, সেরা অভিনেতা ও সেরা পরিচালকের পুরস্কারও সিনেমাটির দখলে এসেছে। সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন রণবীর সিং। অন্যদিকে, ‘সাইয়ারা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আনীত পাড্ডা। সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে ‘কান্তারা: চ্যাপ্টার ১’।

গত ২০ নভেম্বর ভারতের মুম্বাইয়ে দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৬-এর আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এবারের উৎসবে ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি, সংগীত এবং আন্তর্জাতিক বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তারকাদের সম্মানিত করা হয়েছে।

‘ধুরন্ধর’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার লাভ করেছেন আদিত্য ধর। একই সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন অক্ষয় খান্না। ‘ছাভা’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন বিনীত কুমার সিং। আর ‘হাউসফুল ৫’ সিনেমায় অভিনয়ের জন্য কৌতুক চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রিতেশ দেশমুখ।

‘কান্তারা: চ্যাপ্টার ১’ সিনেমার জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেতা হয়েছেন ঋষভ শেঠি। একই বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন ইয়ামি গৌতম ধর। ‘হক’ সিনেমার জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপের জন্য পুরস্কার লাভ করেছেন রেশু নাথ। ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর চিত্রগ্রহণের জন্য সেরা চিত্রগ্রাহক নির্বাচিত হয়েছেন অরবিন্দ এস কাশ্যপ।

ওটিটি ও টেলিভিশন

ওটিটি বিভাগে সেরা ওয়েব সিরিজ হিসেবে নির্বাচিত হয়েছে ‘দ্য বা*ডস অব বলিউড’। সিরিজটির পরিচালনার জন্য পুরস্কার পেয়েছেন আরিয়ান খান। ‘পাতাল লোক ২’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন জয়দীপ আহলাওয়াত। ‘দিল্লি ক্রাইম ৩’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শেফালি শাহ। একই সিরিজে নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার লাভ করেছেন হুমা কুরেশি। ‘গ্রাম চিকিৎসালয়’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন বিনয় পাঠক।

টেলিভিশন বিভাগে বছরের সেরা সিরিজ হিসেবে নির্বাচিত হয়েছে ‘তারক মেহতা কা উল্টা চশমা’। ‘কিউকি সাস ভি কভি বহু থি ২’ ধারাবাহিকের জন্য সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অমর উপাধ্যায় ও স্মৃতি ইরানি।

আন্তর্জাতিক বিভাগ ও বিশেষ সম্মাননা

আন্তর্জাতিক বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য সেরা আন্তর্জাতিক পরিচালক হয়েছেন পল থমাস অ্যান্ডারসন। ‘সিনার্স’ সিনেমার জন্য সেরা আন্তর্জাতিক অভিনেতার পুরস্কার পেয়েছেন মাইকেল বি জর্ডান। ‘হ্যামনেট’ সিনেমার জন্য সেরা আন্তর্জাতিক অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জেসি বাকলি।

এছাড়া, বছরের সেরা আন্তর্জাতিক শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছেন টেইলর সুইফট। বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সম্মাননা পেয়েছেন জেমস ক্যামেরন। চলচ্চিত্রশিল্পে অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে কমল হাসানকে।

সংগীত ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

সংগীত বিভাগে ‘সাইয়ারা’ সিনেমার টাইটেল ট্র্যাক নির্বাচিত হয়েছে বছরের সেরা গান। সিনেমাটির সংগীত পরিচালনার জন্য সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন শাশ্বত সচদেব। ‘সাইয়ারা’র গান গেয়ে সেরা প্লেব্যাক গায়কের স্বীকৃতি পেয়েছেন ফাহিম আবদুল্লাহ। সেরা গীতিকার হয়েছেন ইরশাদ কামিল। বছরের সেরা শিল্পী নির্বাচিত হয়েছেন করণ আউজলা। আর সেরা কৌতুকশিল্পীর পুরস্কার পেয়েছেন সময় রায়না। সংগীতশিল্পে অসামান্য অবদানের জন্য সম্মাননা পেয়েছেন ইলাইয়ারাজা।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরা হয়েছে সাইয়েদ শহিদ খানের ‘মাধুরী-এন্ড ইজ বিগিনিং’। প্রথম রানারআপ হয়েছে রাহুল শেঠির ‘জাহান-দ্য লাস্ট গিফট’। দ্বিতীয় রানারআপ জর্জ মরাইসের ‘ইন হাফ’ এবং তৃতীয় রানারআপ সাই হারিণী বসন্তের ‘টি কোট্টু’৮৩’।

উল্লেখ্য, দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার একটি বেসরকারি উদ্যোগে আয়োজিত স্বতন্ত্র উৎসব। ২০১২ সালে এর যাত্রা শুরু হয়। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসেবে সরকার প্রদত্ত মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এর সঙ্গে এই আয়োজনের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ, দুটি পুরস্কার পৃথক আয়োজনের মাধ্যমে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৭ এম


এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৭ এশিয়া কাপের পূর্বে দেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে। এ উদ্দেশ্যে বিসিবি দুই দেশের ক্রিকেট বোর্ডকে প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবটি ইতিবাচক প্রতিক্রিয়া পেলেও, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে এই সিরিজ আয়োজনের প্রস্তাব দেয়।

শুক্রবার পাকিস্তানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, বাংলাদেশ আগামী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে। তবে, সিরিজটির সময়সূচি সম্পর্কে নাকভির দেওয়া তথ্য সঠিক নয় বলে মন্তব্য করেছে বিসিবি।

এ বিষয়ে আলোচনা করা বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ২০২৭ এশিয়া কাপের আগে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের জন্য পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দেওয়া হয়েছে। দুই দেশের বোর্ডই প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দিয়েছে।

তবে, সিরিজটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য এখনই সময় উপযুক্ত নয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তাঁর মতে, প্রস্তাবটি এখনও বিবেচনাধীন রয়েছে। সিরিজে অংশগ্রহণের বিষয়ে দুই দেশের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে বিসিবি।

সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে, ২০১৬ সালে বাংলাদেশ সর্বশেষ এশিয়া কাপ আয়োজন করেছিল। ওই টি-টোয়েন্টি সংস্করণে স্বাগতিকরা রানার্সআপ হয়েছিল।

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অধীনে এটি বাংলাদেশের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে যাচ্ছে। এশিয়া কাপের পূর্বে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে প্রস্তাবিত ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা গেলে, এটি বড় আসরের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: ক্রিকবাজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%