ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বুকার পুরস্কার পেলেন ৮১ বছর বয়সী ব্রিটিশ লেখক জন হ্যারিসন


বুকার পুরস্কার পেলেন ৮১ বছর বয়সী ব্রিটিশ লেখক জন হ্যারিসন

ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন ২০২৬ সালের বুকার পুরস্কার অর্জন করেছেন তার ১৩তম উপন্যাস ‘The End of Everything’-এর জন্য। ৮১ বছর বয়সে এই পুরস্কার জয়ের মাধ্যমে তিনি বুকারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে পুরস্কারজয়ী লেখক হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। উপন্যাসটি মানবিক উপলব্ধির সীমাবদ্ধতা, তথ্যের বিভ্রান্তি এবং বিপর্যস্ত সমাজে মানুষের টিকে থাকার সংগ্রামকে কেন্দ্র করে রচিত একটি ব্যতিক্রমী ডিস্টোপিয়ান স্যাটায়ার।

১৬ নভেম্বর লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত এক অনুষ্ঠানে হ্যারিসনের হাতে পুরস্কারের ট্রফি ও ৫০ হাজার পাউন্ড হিসেবে ৮২ লাখ টাকা অর্থমূল্য তুলে দেন ২০২৫ সালের বুকারজয়ী লেখক ডেভিড স্যালজাই। ছয়টি উপন্যাসের শর্ট লিস্ট থেকে বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে নির্বাচিত হয় ‘The End of Everything’।

২০২৬ সালের বুকার পুরস্কারের বিচারক প্যানেলের নেতৃত্বে ছিলেন ক্লাসিক সাহিত্যবিশারদ, লেখক ও সম্প্রচারক মেরি বিয়ার্ড। প্যানেলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন কবি ও শিক্ষাবিদ রেমন্ড অ্যান্ট্রোবাস, সংগীতশিল্পী ও লেখক জার্ভিস ককার, সাংবাদিক ও সমালোচক রেবেকা লিউ এবং বুকার মনোনীত লেখক প্যাট্রিসিয়া লকউড। এবারের পুরস্কারের জন্য বিচারকেরা মোট ১৬৩টি উপন্যাস বিবেচনা করেন। ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রকাশিত ইংরেজি ভাষার কথাসাহিত্য ছিল বিবেচনার আওতায়।

আরও পড়ুন: জসীমউদ্দীন, ফররুখ ও আল মাহমুদের দেশজ কাব্যধারা

‘The End of Everything’ উপন্যাসের পটভূমি একটি রহস্যময় বিপর্যয়-পরবর্তী ব্রিটেন। অজ্ঞাত এক বিপর্যয়ে পরিচিত ব্রিটিশ সমাজব্যবস্থা ভেঙে পড়েছে। এমন একটি পরিস্থিতিতে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্ট উপকূলে এক ভবঘুরে স্বভাবের ব্যক্তি ও তার অস্ত্রধারী খালা কোনোমতে জীবন কাটানোর চেষ্টা করেন। তাদের চারপাশে রয়েছে রহস্যময় ভিনগ্রহের প্রাণীর আগমন, অনিশ্চিত ভবিষ্যৎ এবং বাস্তবতাকে বোঝার এক অন্তহীন সংকট।

উপন্যাসটির অন্যতম বৈশিষ্ট্য হলো, লেখক ইচ্ছাকৃতভাবে বিপর্যয়ের কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে অনেক ব্যাখ্যা অনুল্লেখিত রেখেছেন। ছোট ছোট চলচ্চিত্রধর্মী অধ্যায়ে এগিয়ে যাওয়া আখ্যানটি প্রচলিত সাহিত্যিক কাঠামোকে ব্যবহার করেও তা ভেঙে দেয়। ফলে পাঠককে চরিত্রগুলোর মতোই বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্য দিয়ে গল্পের অর্থ খুঁজে নিতে হয়।

হ্যারিসন নিজেই জানিয়েছেন, বর্তমান সময়ের তথ্যের অবিরাম প্রবাহ, সেই তথ্য বোঝার প্রয়োজনীয় উপকরণের অভাব এবং সমালোচনামূলক চিন্তার সংকটকে ব্যঙ্গ করাই ছিল উপন্যাসটির অন্যতম উদ্দেশ্য। তার ভাষায় ‘The End of Everything’ এমন একটি বিপর্যয়ের গল্প, যেখানে বিপর্যয়টি আসলে কোনো কিছু বুঝতে না পারার ব্যর্থতা।

বুকার পুরস্কারের বিচারক প্যানেলের সভাপতি মেরি বিয়ার্ড উপন্যাসটিকে চ্যালেঞ্জিং পাঠ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, ভালো কথাসাহিত্যের একটি বড় অংশই পাঠকের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তিনি বলেন, ‘বইটি পাঠককে ওলটপালট করে দেয়, একই সঙ্গে হাসির খোরাক জোগায় এবং বিষয়বস্তুর ভয়াবহতা সত্ত্বেও আশাবাদের আভাস রেখে যায়।’

আরও পড়ুন: সময়ের সাক্ষী বিউটি বোর্ডিং: হারানো সাহিত্য-আড্ডার ঠিকানা

প্রায় ছয় দশকের সাহিত্যজীবনে এম জন হ্যারিসন ১৩টি উপন্যাস, পাঁচটি ছোটগল্পের সংকলন এবং একটি ব্যতিক্রমী আত্মস্মৃতিমূলক গ্রন্থ রচনা করেছেন। সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি সাহিত্যের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক থাকলেও তিনি নিজেকে এসব নির্দিষ্ট সাহিত্যিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে পছন্দ করেন না। বুকার কর্তৃপক্ষ তাকে ধারার সীমানা অতিক্রমকারী এবং স্বতন্ত্র চিন্তার অধিকারী লেখক হিসেবে অভিহিত করেছে। বুকার পুরস্কারের প্রধান নির্বাহী গ্যাবি উডের মতে, ‘প্রকৃত বিজ্ঞান কল্পসাহিত্যের জগৎ থেকে উঠে আসা প্রথম বুকারজয়ী লেখক হ্যারিসন।’

সূত্র : বুকার প্রাইজ ফাউন্ডেশন

গ্রন্থনা : সিয়াম আন নুফাইস

আরও পড়ুন: কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস আজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৬: ‘ধুরন্ধর’ সেরা চলচ্চিত্র, রণবীর সেরা অভিনেতা, আনীত সেরা অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৭ এম


দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৬: ‘ধুরন্ধর’ সেরা চলচ্চিত্র, রণবীর সেরা অভিনেতা, আনীত সেরা অভিনেত্রী

দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৬-এ বলিউডের জনপ্রিয় সিনেমা ‘ধুরন্ধর’ একাধিক বিভাগে স্বীকৃতি অর্জন করেছে। সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হওয়ার পাশাপাশি, সেরা অভিনেতা ও সেরা পরিচালকের পুরস্কারও সিনেমাটির দখলে এসেছে। সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন রণবীর সিং। অন্যদিকে, ‘সাইয়ারা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আনীত পাড্ডা। সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে ‘কান্তারা: চ্যাপ্টার ১’।

গত ২০ নভেম্বর ভারতের মুম্বাইয়ে দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৬-এর আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এবারের উৎসবে ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি, সংগীত এবং আন্তর্জাতিক বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তারকাদের সম্মানিত করা হয়েছে।

‘ধুরন্ধর’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার লাভ করেছেন আদিত্য ধর। একই সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন অক্ষয় খান্না। ‘ছাভা’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন বিনীত কুমার সিং। আর ‘হাউসফুল ৫’ সিনেমায় অভিনয়ের জন্য কৌতুক চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রিতেশ দেশমুখ।

‘কান্তারা: চ্যাপ্টার ১’ সিনেমার জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেতা হয়েছেন ঋষভ শেঠি। একই বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন ইয়ামি গৌতম ধর। ‘হক’ সিনেমার জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপের জন্য পুরস্কার লাভ করেছেন রেশু নাথ। ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর চিত্রগ্রহণের জন্য সেরা চিত্রগ্রাহক নির্বাচিত হয়েছেন অরবিন্দ এস কাশ্যপ।

ওটিটি ও টেলিভিশন

ওটিটি বিভাগে সেরা ওয়েব সিরিজ হিসেবে নির্বাচিত হয়েছে ‘দ্য বা*ডস অব বলিউড’। সিরিজটির পরিচালনার জন্য পুরস্কার পেয়েছেন আরিয়ান খান। ‘পাতাল লোক ২’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন জয়দীপ আহলাওয়াত। ‘দিল্লি ক্রাইম ৩’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শেফালি শাহ। একই সিরিজে নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার লাভ করেছেন হুমা কুরেশি। ‘গ্রাম চিকিৎসালয়’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন বিনয় পাঠক।

টেলিভিশন বিভাগে বছরের সেরা সিরিজ হিসেবে নির্বাচিত হয়েছে ‘তারক মেহতা কা উল্টা চশমা’। ‘কিউকি সাস ভি কভি বহু থি ২’ ধারাবাহিকের জন্য সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অমর উপাধ্যায় ও স্মৃতি ইরানি।

আন্তর্জাতিক বিভাগ ও বিশেষ সম্মাননা

আন্তর্জাতিক বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য সেরা আন্তর্জাতিক পরিচালক হয়েছেন পল থমাস অ্যান্ডারসন। ‘সিনার্স’ সিনেমার জন্য সেরা আন্তর্জাতিক অভিনেতার পুরস্কার পেয়েছেন মাইকেল বি জর্ডান। ‘হ্যামনেট’ সিনেমার জন্য সেরা আন্তর্জাতিক অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জেসি বাকলি।

এছাড়া, বছরের সেরা আন্তর্জাতিক শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছেন টেইলর সুইফট। বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সম্মাননা পেয়েছেন জেমস ক্যামেরন। চলচ্চিত্রশিল্পে অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে কমল হাসানকে।

সংগীত ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

সংগীত বিভাগে ‘সাইয়ারা’ সিনেমার টাইটেল ট্র্যাক নির্বাচিত হয়েছে বছরের সেরা গান। সিনেমাটির সংগীত পরিচালনার জন্য সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন শাশ্বত সচদেব। ‘সাইয়ারা’র গান গেয়ে সেরা প্লেব্যাক গায়কের স্বীকৃতি পেয়েছেন ফাহিম আবদুল্লাহ। সেরা গীতিকার হয়েছেন ইরশাদ কামিল। বছরের সেরা শিল্পী নির্বাচিত হয়েছেন করণ আউজলা। আর সেরা কৌতুকশিল্পীর পুরস্কার পেয়েছেন সময় রায়না। সংগীতশিল্পে অসামান্য অবদানের জন্য সম্মাননা পেয়েছেন ইলাইয়ারাজা।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরা হয়েছে সাইয়েদ শহিদ খানের ‘মাধুরী-এন্ড ইজ বিগিনিং’। প্রথম রানারআপ হয়েছে রাহুল শেঠির ‘জাহান-দ্য লাস্ট গিফট’। দ্বিতীয় রানারআপ জর্জ মরাইসের ‘ইন হাফ’ এবং তৃতীয় রানারআপ সাই হারিণী বসন্তের ‘টি কোট্টু’৮৩’।

উল্লেখ্য, দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার একটি বেসরকারি উদ্যোগে আয়োজিত স্বতন্ত্র উৎসব। ২০১২ সালে এর যাত্রা শুরু হয়। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসেবে সরকার প্রদত্ত মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এর সঙ্গে এই আয়োজনের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ, দুটি পুরস্কার পৃথক আয়োজনের মাধ্যমে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৭ এম


এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৭ এশিয়া কাপের পূর্বে দেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে। এ উদ্দেশ্যে বিসিবি দুই দেশের ক্রিকেট বোর্ডকে প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবটি ইতিবাচক প্রতিক্রিয়া পেলেও, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে এই সিরিজ আয়োজনের প্রস্তাব দেয়।

শুক্রবার পাকিস্তানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, বাংলাদেশ আগামী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে। তবে, সিরিজটির সময়সূচি সম্পর্কে নাকভির দেওয়া তথ্য সঠিক নয় বলে মন্তব্য করেছে বিসিবি।

এ বিষয়ে আলোচনা করা বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ২০২৭ এশিয়া কাপের আগে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের জন্য পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দেওয়া হয়েছে। দুই দেশের বোর্ডই প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দিয়েছে।

তবে, সিরিজটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য এখনই সময় উপযুক্ত নয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তাঁর মতে, প্রস্তাবটি এখনও বিবেচনাধীন রয়েছে। সিরিজে অংশগ্রহণের বিষয়ে দুই দেশের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে বিসিবি।

সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে, ২০১৬ সালে বাংলাদেশ সর্বশেষ এশিয়া কাপ আয়োজন করেছিল। ওই টি-টোয়েন্টি সংস্করণে স্বাগতিকরা রানার্সআপ হয়েছিল।

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অধীনে এটি বাংলাদেশের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে যাচ্ছে। এশিয়া কাপের পূর্বে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে প্রস্তাবিত ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা গেলে, এটি বড় আসরের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: ক্রিকবাজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৮ এম


গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠকে যোগ দিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছে চার সদস্যের একটি ভারতীয় প্রতিনিধিদল।

শনিবার (২১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) ভারতীয় প্রতিনিধিদলটি বাংলাদেশে প্রবেশ করে। প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন ভারতের যৌথ নদী কমিশনের প্রধান শরদ চন্দ্র।

আজ ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত যৌথ কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে চলেছে। তবে ঢাকা সফররত ভারতীয় এই প্রতিনিধিদলের বর্তমান মেয়াদের বাইরে তা বাড়ানোর বিষয়ে আলোচনা করার কোনো এখতিয়ার নেই।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চুক্তিটি নবায়ন করা হবে নাকি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এর মেয়াদ বাড়ানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উভয় দেশের রাজনৈতিক নেতৃত্বের ওপরই বর্তায়।

এদিকে বাংলাদেশ জানিয়েছে, তারা বিদ্যমান চুক্তিটি সরাসরি নবায়ন করার পরিবর্তে ভারতের সঙ্গে একটি নতুন চুক্তি নিয়ে আলোচনা করতে চায়। নতুন এই চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মতো সুনির্দিষ্ট ধারা অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদে হুতিদের পাল্টা হামলা সৌদি জোটের বিশেষ অভিযানের প্রতিশোধে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৯ এম


রিয়াদে হুতিদের পাল্টা হামলা সৌদি জোটের বিশেষ অভিযানের প্রতিশোধে

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি নেতৃত্বাধীন জোটের ‘বিশেষ সামরিক অভিযানের’ প্রতিশোধ হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা চালিয়েছে।

এই বছরের গ্রীষ্মে প্রতিবেশী ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের বিরুদ্ধে হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রিয়াদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের সমর্থক, এবং হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন জোট।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, এএফপির একজন সাংবাদিক জানান, সৌদি কর্তৃপক্ষ রাজধানী রিয়াদে ‘শত্রুপক্ষের আকাশপথে হামলার আশঙ্কা’ জানিয়ে সতর্কতা জারি করার কিছুক্ষণ পর শহরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ওই সতর্কতা প্রত্যাহার করা হয়।

সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রিয়াদের দিকে ছোড়া হুতিদের তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

ইরান-সমর্থিত হুতিরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতিতে জানায়, তারা সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে, যার মধ্যে রাজধানী রিয়াদও রয়েছে।

শুক্রবার লোহিত সাগরের উপকূলের বন্দরনগরী হোদেইদা এবং অন্যান্য স্থানে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল হুতিরা। এরপরই নতুন হামলার ঘটনা ঘটে।

জোটের দাবি, হোদেইদা বন্দরে অস্ত্র চোরাচালান এবং অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত স্থাপনাগুলো লক্ষ্য করে ‘বিশেষ অভিযান’ চালানো হয়েছে।

এছাড়া সানা, সাদা ও তাইজ প্রদেশেও হামলা চালানো হয়েছে। কয়েক মাস ধরে চলমান সংঘাতের ফলে ইয়েমেনে সহিংসতা আরও বেড়েছে।

হোদেইদা বন্দরে হামলার পর সৌদি আরবের জেদ্দা শহরসহ লোহিত সাগরের অন্যান্য বন্দরে পাল্টা হামলার হুমকি দিয়েছিল হুতিরা। তারা সৌদি আকাশসীমাকে ‘অনিরাপদ’ ঘোষণা করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছিল। গোষ্ঠীটি রিয়াদের আর্থিক জেলা এবং আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুমকি দেয়।

‘বিশেষ অভিযান’

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, হোদেইদা বন্দরে অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চোরাচালানের কাজে ব্যবহৃত সামরিক সক্ষমতাসম্পন্ন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পরিচালনার স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে জোটের বাহিনী।

হুতিদের দাবি, গত ২৪ ঘণ্টায় জোটের বিমান হামলায় ৪১ জন নিহত হয়েছেন।

অন্যদিকে সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, হুতিদের বিরুদ্ধে কয়েক ডজন বিমান ও ড্রোন হামলা এবং শত শত গোলাবর্ষণের ঘটনায় ১৯৩ জন হুতি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন।

তবে উভয় পক্ষের দেওয়া এসব হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জোটের মুখপাত্র আরও জানান, ইয়েমেন সীমান্তের কাছে জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র দাবি করেন, তাদের বাহিনী আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র এবং জিজান বন্দরে ‘নির্ভুল ও সরাসরি’ হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে জোটের বিমান হামলার পর মোচা শহরের একটি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের ছবি হুতিদের নিয়ন্ত্রণাধীন আল-মাসিরাহ টেলিভিশনে প্রচার করা হয়েছে।

এর আগে রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ারে হুতিদের হামলার পর সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা অভিযান শুরু হয়। এটি ছিল বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত হামলা।

প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছেন, সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের কার্যালয় থাকা রিয়াদের সবচেয়ে উঁচু ভবনটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

‘সৌদি আকাশসীমা অনিরাপদ’

হোদেইদা বন্দরের আশপাশের বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য সৌদি নেতৃত্বাধীন জোট সতর্কতা জারি করার পর হুতিরা সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জেদ্দাসহ অন্যান্য বন্দরে হামলার হুমকি দেয়।

হুতিদের মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র জেদ্দা বন্দর ব্যবহারকারী জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে ই-মেইল পাঠিয়ে বন্দর এলাকা খালি করার সতর্কবার্তা দেয়।

একই সঙ্গে হুতিরা সব বিমান সংস্থাকে সতর্ক করে জানায়, সৌদি আকাশসীমা অনিরাপদ। আগামী কয়েক ঘণ্টায় সেখানে তাদের সামরিক অভিযান পরিচালিত হতে পারে। তবে মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা এর আওতামুক্ত থাকবে বলে জানায় গোষ্ঠীটি।

এছাড়া রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে সতর্ক করে হুতিরা। এলাকাটির কার্যালয়গুলো কয়েক সপ্তাহ আগেই খালি করা হয়েছিল। হুতিরা এটিকে ‘সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করে।

ইয়েমেনের গৃহযুদ্ধে চার বছর ধরে চলা যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে যাওয়ার পর থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

শুক্রবার ভোরে হুতিরা অভিযোগ করে, সৌদি বাহিনী একটি বেসামরিক নৌযানে হামলা চালিয়েছে। এতে ১৯ জন নিহত হয়েছেন।

এদিকে, সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী চলতি মাসে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালির কাছের কয়েকটি এলাকা থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেয়। এতে ওই অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ হুতিদের হাতে চলে যায়। গত সেপ্টেম্বরে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছিল গোষ্ঠীটি।

বর্তমানে হুতিরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের কাছাকাছি অগ্রসর হয়েছে।

২০১৪ সালে হুতিদের হাতে রাজধানী সানার নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সানা ছেড়ে এডেনে আশ্রয় নেয়।

২০১৫ সালের শুরুর দিকে হুতিদের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। দীর্ঘ এই সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন এবং ইয়েমেনে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

চলমান হামলা ও সংঘাতের ঘটনায় শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%