ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সশস্ত্র বাহিনী ভবিষ্যতেও স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অগ্রগামী ভূমিকা রাখবে: আমীর খসরু


সশস্ত্র বাহিনী ভবিষ্যতেও স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অগ্রগামী ভূমিকা রাখবে: আমীর খসরু

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী ভবিষ্যতেও অগ্রগামী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার বিকেলে চট্টগ্রামস্থ বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী উল্লেখ করেন, দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘ মিশনসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে পেশাদারিত্বের সাথে দেশের মুখ উজ্জ্বল করেছেন। তিনি বলেন, "আগামীতেও তারা এ ধারা অব্যাহত রাখবেন।" তিনি আরও বলেন, "দেশে গণতন্ত্র বজায় থাকলে সশস্ত্র বাহিনীর মর্যাদা বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক বিশ্বও তাদের সম্মানের চোখে দেখে।"

আরও পড়ুন: রাশেদ খাঁন: ডিসেম্বরে চিরবিদায় নেবে আওয়ামী লীগ

বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তিনির্ভর শক্তিশালী বাহিনীতে পরিণত করতে বদ্ধপরিকর উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, সেনাবাহিনীসহ তিন বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য সরকার নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে, যা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. আব্দুল্লাহ আল-মামুন মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, "স্বাধীনতার পর দেশ পুনর্গঠন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পার্বত্য অঞ্চলে শান্তি রক্ষা এবং জাতীয় যেকোনো সংকটে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।" ১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অসামান্য অবদান আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া খেতাবপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিভিন্ন আসনের সংসদ সদস্য, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সাদিক কায়েম: আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়াকে জেতালেন ভারতীয় বংশোদ্ভূত নিখিল চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


অস্ট্রেলিয়াকে জেতালেন ভারতীয় বংশোদ্ভূত নিখিল চৌধুরী

ম্যাচসেরার পুরস্কার গ্রহণের সময় নিখিল চৌধুরীর জীবনের গল্পে আবেগের একটি নতুন অধ্যায় যুক্ত হলো।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক, অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট, নিখিলকে প্রশ্ন করেন, ‘দিল্লি থেকে ক্রিকেটের যাত্রা শুরু করে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার হয়ে ম্যাচসেরা হওয়ার স্বপ্ন কখনো দেখেছিলেন কি?’

নিখিল এর জবাবে বলেন, ‘না, কখনোই এমন কিছুর কল্পনা করিনি। গত রাতে আমার মা-বাবা ভারত থেকে এসেছেন। তাদের সামনে ম্যাচসেরা হওয়ার চেয়ে ভালো কিছু হতে পারে না। এটি তাদের প্রথমবার আমার খেলা দেখা।’

একসময় ভারতের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখতেন নিখিল চৌধুরী। তিনি দেশটির ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। তবে মহামারি করোনাভাইরাসের কারণে তার জীবনের গতিপথ পরিবর্তিত হয়। অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি সেখানে স্থায়ী হন।

এখন সেই নিখিল অস্ট্রেলিয়ার জার্সিতে জয়ী নায়ক হয়ে উঠলেন। তার অলরাউন্ড নৈপুণ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৩ উইকেটে পরাজিত করে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়া একসময় চাপের মধ্যে পড়ে। কিন্তু নিখিল ব্যাট হাতে ৩৮ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে আসেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা।

এর আগে বল হাতে ২১ রান দিয়ে তিনি ২ উইকেট নিয়েছেন। ম্যাচসেরার পুরস্কারও তার হাতে উঠেছে। অস্ট্রেলিয়া ১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান তুলে জয় নিশ্চিত করে।

দিল্লিতে জন্ম নেওয়া নিখিলের বয়স বর্তমানে ৩০ বছর। তিনি ভারতের পাঞ্জাব রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেটে ১৪টি সীমিত ওভারের ম্যাচ খেলেছেন। তার সতীর্থ হিসেবে ছিলেন শুবমান গিল ও অভিষেক শর্মার মতো ক্রিকেটাররা। তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ট্রায়ালও দিয়েছিলেন।

২০২০ সালের মার্চে, নিজের ২৪তম জন্মদিন উদযাপন করতে তিনি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এরপর করোনার কারণে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় তিনি ভারতে ফিরে আসতে পারেননি। ব্রিসবেনে ক্লাব ক্রিকেটে সুযোগ খুঁজতে গিয়ে মেক্সিকান রেস্তোরাঁয় কাজ করেছেন এবং পার্সেল পৌঁছে দেওয়ার কাজও করেছেন। পরে ২০২৩ সালে হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশে অভিষেক ঘটে তার।

গত জুনে বাংলাদেশ সফরে টি-টোয়েন্টির মাধ্যমে অস্ট্রেলিয়া জাতীয় দলের জার্সিতে তার অভিষেক ঘটে। তবে চট্টগ্রামে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি। প্রথম ম্যাচে ১৩ বলে ১৮, দ্বিতীয় ম্যাচে ৬ বলে ৮ রান করেন। তৃতীয় ম্যাচে তিনি ব্যাটিংয়ের সুযোগ পাননি। তিন ম্যাচে বল হাতে নিয়েছিলেন ২ উইকেট।

বাংলাদেশ সফরের সেই অনুজ্জ্বল পারফরম্যান্সকে পেছনে ফেলে এবার ইংল্যান্ডের বিপক্ষে নিজেকে নতুন করে প্রমাণ করলেন নিখিল। অস্ট্রেলিয়ার হয়ে নিজের চতুর্থ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি পেলেন ক্যারিয়ারের অন্যতম সেরা স্বীকৃতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌতুকের দাবিতে বর না আসায় বধূর সাজে অপেক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


যৌতুকের দাবিতে বর না আসায় বধূর সাজে অপেক্ষা

বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। অতিথিদের জন্য রান্নাবান্নাও শেষ। কনেও বধূর সাজে প্রস্তুত। কিন্তু নির্ধারিত দিনে বরপক্ষ আসেনি বিয়ের অনুষ্ঠানে। অভিযোগ উঠেছে যে, যৌতুক হিসেবে দাবি করা বাড়তি অর্থ না পেয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন বর ও তার পরিবারের সদস্যরা।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কনে খয়রুন বেগম অভিযোগ করেছেন যে, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকি দেওয়া হয়েছে এবং তিনি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের সূত্র অনুযায়ী, কাউয়ারগলা গ্রামের মন্তু মিয়ার মেয়ে খয়রুন বেগম (৩৫) ওমানে অবস্থানকালে একই ইউনিয়নের জালালপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে আবাছ আলীর (৪০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। প্রবাসে থাকাকালে বিভিন্ন সময় আবাছ আলীকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা দেন খয়রুন। প্রায় এক মাস আগে দেশে ফিরে আসার পর দুই পরিবারের সম্মতিতে শুক্রবার বিয়ের দিন নির্ধারণ করা হয়।

কনের পরিবারের অভিযোগ, বিয়ের আগে বরপক্ষ যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করে। এর পরিপ্রেক্ষিতে বিয়ের আগের দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বরের ভাইয়েরা কনের বাড়িতে এসে স্থানীয়দের উপস্থিতিতে মোটরসাইকেল কেনার জন্য তাদের হাতে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা তুলে দেন।

কনে খয়রুন বেগম জানান, বিয়ের দাওয়াতে আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। বরযাত্রীদের আপ্যায়ন ও আনুষঙ্গিক খাতে প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু শুক্রবার দুপুর গড়িয়ে গেলেও বরপক্ষ না আসায় তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন বরপক্ষ জানায় যে, মোটরসাইকেল কেনার জন্য আরো দেড় লাখ টাকা যৌতুক দাবি করা হচ্ছে। টাকা না দিলে বিয়ে হবে না বলেও তারা জানিয়ে দেয়। অনেক অনুরোধ করেও বরপক্ষকে রাজি করানো সম্ভব হয়নি।

খয়রুনের বড় ভাই মইন উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিয়ের দিন আমার বোনকে বধূ সাজে সাজানো হয়েছিল। সমাজের লোকজন দাওয়াত খেয়ে গেছেন, অথচ যৌতুকের জন্য বরপক্ষ এলো না। এখন সমাজে আমরা মুখ দেখাব কী করে? বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’

তবে বরপক্ষের ভাই ইয়াসিন মিয়া যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা এক টাকাও যৌতুক নিইনি। আমার ভাইয়ের পাওনা টাকা বাবদ ১ লাখ টাকা নিয়েছি। প্রবাসে আমার ভাই ও ওই নারী একসঙ্গে ছিলেন। মেয়ের আগের বিয়ে ও সন্তান আছে, তা জেনেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।’

এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন জানান, ‘বিয়ের বিষয়ে কেউ আমাকে আগে কিছু জানায়নি। অসুস্থতার কারণে আমি যেতে পারিনি। পরে পুলিশের মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে সপ্তাহখানেক আগে টাকা লেনদেনের বিষয়টি বরপক্ষ আমাকে জানিয়েছিল।’

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে মীমাংসার আশ্বাস দিয়েছেন। সামাজিকভাবে নিষ্পত্তি না হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%