১০:০২ পি.এম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় নিহত যুবদল নেতা মাসুম বিল্লাহ এবং ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানীর পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে নাসিক। এই সহায়তার অংশ হিসেবে, নাসিক নিহত দুই পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে এবং নিহত দুই পরিবারের দুই সদস্যকে সিটি করপোরেশনে চাকরি দিয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে নাসিকের অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিহত এই দুই পরিবারের সদস্যদের হাতে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেন।
আরও পড়ুন: বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান শুক্রবার শুরু
এই সময় নিহত যুবদল নেতা মাসুম বিল্লাহর বাবা বাদশা মিয়াকে নাসিকের আইন শাখায় অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং নিহত ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানীর স্ত্রী সোহানাকে নাসিকের স্বাস্থ্য বিভাগে নিয়োগপত্র হাতে তুলে দেওয়া হয়েছে।
চেক প্রদান শেষে নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অসহায় ও বিপদগ্রস্ত জনগণের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ব পালন করা হচ্ছে। সেই নির্দেশনার অংশ হিসেবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান ছাড়াও তাদের ভবিষ্যৎ জীবিকা নিশ্চিত করতে চাকরির ব্যবস্থাও করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ জুন সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ (২৭) এবং ফতুল্লা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) নিহত হন।
আরও পড়ুন: তেঁতুলিয়ায় সড়কের পাশে বালু-পাথর রাখার বিরুদ্ধে ইউএনও’র কঠোর অবস্থান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন