০৮:২১ পি.এম
পঞ্চগড়, ১১ নভেম্বর, ২০২৬ : তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন স্থানে সড়কের দুই পাশে অবৈধভাবে বালু, পাথর ও ইটের খোয়া রেখে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
সড়কের পাশে থাকা এসব পাথর-বালু আগামী তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সরানো না হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জব্দ করা মালামাল প্রকাশ্যে নিলামে বিক্রি করার কথাও উল্লেখ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন: কুলাউড়ায় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তেঁতুলিয়া-বাংলাবান্ধা, তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ পাকা সড়কের উভয়পাশে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বালু, পাথর ও ইটের খোয়া স্তূপ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে।
এতে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছে। পাশাপাশি প্রায়ই ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে।
এই পরিস্থিতির মধ্যে সড়কের পাশে অবৈধভাবে রাখা বালু, পাথর ও ইটের খোয়া তিন দিনের মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে। একই সঙ্গে সড়কের ঢাল থেকে কমপক্ষে ১৫ ফুট দূরত্ব বজায় রেখে এসব মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই সড়কের ঢালের ১৫ ফুটের মধ্যে মালামাল রাখা যাবে না।
এছাড়া পরিবেশ দূষণ রোধে মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়ক দিয়ে বালু ও পাথর পরিবহনের সময় ট্রাকে বাধ্যতামূলকভাবে ত্রিপল ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মধ্যরাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সড়কের পাশে অবৈধভাবে স্তুপ করে রাখা মালামাল জব্দ করে নিলামে বিক্রি করা হবে।
সড়কে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন বাসসকে বলেন, "তেঁতুলিয়ার মহাসড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ সড়কের ওপর বালি-পাথরের স্তুপের কারণে পরিবেশ দূষণের পাশাপাশি প্রায় সড়ক দুর্ঘটনা ঘটছে।"
তিনি আরও বলেন, "এতে পথচারীসহ স্থানীয় অনেক মানুষের সমস্যা সৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সচেতনতা ও অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যটন সম্ভাবনাময় তেঁতুলিয়া উপজেলা গড়তে ও পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা কামনা করছি।"
আরও পড়ুন: চবির হীরকজয়ন্তী: বর্ণিল সাজে ক্যাম্পাস, বাড়তি নিরাপত্তা থাকবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন