০৪:৩৯ পি.এম
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : চলতি বছরের তৃতীয় প্রান্তিকে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি কার্যত স্থবির হয়ে পড়েছে। এই পরিস্থিতি ইরান যুদ্ধের প্রভাব অব্যাহত থাকার কারণে তৈরি হয়েছে।
সরকারি পরিসংখ্যানে সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, অর্থনীতির এই চিত্র বাজার বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে দুর্বল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আরও পড়ুন: তথ্যমন্ত্রী: নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকে সরকারি নীতি সহায়তা যুক্তিযুক্ত
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে উচ্চপর্যায়ে রয়েছে। এর ফলে ভোক্তাদের ব্যয় করার প্রবণতা কমে গেছে। অন্যদিকে, জাপানের মুদ্রা ইয়েনের দুর্বল অবস্থানের কারণে আমদানি করা পণ্যের দামও বেড়ে যাচ্ছে।
জাপানের মন্ত্রিসভা কার্যালয়ের সোমবার প্রকাশিত প্রাথমিক ও মৌসুমভিত্তিক সমন্বয় করা তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ছিল শূন্য শতাংশ।
ব্লুমবার্গ নিউজের এক জরিপে অর্থনীতিবিদেরা এ সময়ে শূন্য দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন।
বার্ষিক হিসাবেও জাপানের জিডিপি শূন্য দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে। অথচ বাজার বিশ্লেষকেরা এ সময়ে শূন্য দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির আশা করেছিলেন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার লৌহ আকরিক বাণিজ্যে চীনের কারসাজি নিয়ে উদ্বেগ
জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় জাপানের আমদানি ব্যয় বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ ভোক্তাদের ওপরও প্রভাব পড়েছে।
গত সেপ্টেম্বরে তাজা খাদ্যপণ্য বাদ দিয়ে জাপানের মূল্যস্ফীতি বেড়ে ২ দশমিক ১ শতাংশে পৌঁছায়। এতে মূল্যস্ফীতি ব্যাংক অব জাপানের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়।
সরকারের সোমবারের তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রকৃত বেসরকারি ভোগব্যয় শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে। এর আগের এপ্রিল থেকে জুন প্রান্তিকেও একই হারে ব্যয় কমেছিল।
রপ্তানি কমে যাওয়ার পাশাপাশি সরকারের প্রণোদনা কর্মসূচি এবং বেসরকারি খাতে বিনিয়োগের পুনরুদ্ধারও অর্থনীতিকে প্রবৃদ্ধির ধারায় রাখতে পারেনি।
আরও পড়ুন: বিশ্ববাজারে স্বর্ণের দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন
ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ মার্সেল থিলিয়ঁ বলেন, ‘তৃতীয় প্রান্তিকে প্রকৃত জিডিপির স্থবিরতা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে কিছুটা খারাপ ছিল। অর্থনৈতিক পরিস্থিতির বিস্তারিত চিত্রও বেশ হতাশাজনক।’
তবে পরিসংখ্যান প্রকাশের আগে মিতসুবিশি ইউএফজে রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের প্রধান গবেষক শুমপেই ফুজিতা বলেছিলেন, ‘ইরানের অবনতিশীল পরিস্থিতির কারণে নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও জাপানের অভ্যন্তরীণ অর্থনীতি এখনো স্থিতিস্থাপকতা ধরে রেখেছে।’
মূল্যস্ফীতির চাপ বাড়তে থাকায় আগামী ডিসেম্বরে ব্যাংক অব জাপান আবারও সুদের হার বাড়াতে পারে। ক্যাপিটাল ইকোনমিকসের থিলিয়ঁর মতে, সোমবার প্রকাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধির এই পরিসংখ্যান কেন্দ্রীয় ব্যাংকের সেই সিদ্ধান্তে বড় কোনো পরিবর্তন আনবে না।
তিনি বলেন, ‘বরং মূল্যস্ফীতি দ্রুত বাড়তে যাচ্ছে। ফলে আমাদের আগের ধারণার চেয়েও কেন্দ্রীয় ব্যাংককে আরও কঠোরভাবে মুদ্রানীতি নিয়ন্ত্রণ করতে হতে পারে বলে মনে হচ্ছে।’
আরও পড়ুন: পাচার হওয়া অর্থ ফেরাতে ৫ থেকে ১০ বছর লাগতে পারে: ফরহানুল
গত মাসে ব্যাংক অব জাপান জানিয়েছিল, দেশটির মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যমাত্রায় পৌঁছেছে। অর্থনীতিকে দীর্ঘদিনের মূল্যপতন বা মুদ্রাস্ফীতিজনিত স্থবিরতা থেকে বের করে আনতে ১৩ বছরেরও বেশি আগে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন