০৫:১৯ পি.এম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ দেশের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি নীতি সহায়তা দেওয়ার দাবি যৌক্তিক বলে অভিহিত করেন। তিনি এ বিষয়ে খুব শিগগির উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের শীর্ষস্থানীয় ও নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সম্পাদকরা নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমকে সরকারি বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি এ খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকারের নীতিগত সহায়তা কামনা করেন।
আরও পড়ুন: হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু
অনলাইন এডিটরস ফোরামের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, বর্তমানে দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২৮৩টি। আরো কয়েকশ আবেদন বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে, নিবন্ধন ছাড়া শুধুমাত্র ডোমেইন কিনে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কয়েক হাজার ওয়েবসাইট নিজেদের অনলাইন নিউজ পোর্টাল হিসেবে পরিচালনা করছে।
বৈঠকে অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু অনলাইন সংবাদমাধ্যমগুলোর বিদ্যমান সমস্যা ও সমাধানের প্রস্তাব উপস্থাপন করেন। অনলাইন এডিটরস ফোরামের সদস্যসচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ, জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক, খবরের সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় তাদের বক্তব্য প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন