০৪:১২ পি.এম
সিঙ্গাপুর থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে দেশে এসেছে নতুন একটি কার্গো। মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে ‘ওয়েন চেং’ নামের জাহাজ থেকে ইতোমধ্যে এলএনজি খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টা ৫৪ মিনিটে ‘ওয়েন চেং’ এলএনজিবাহী জাহাজের প্রথম সংযোগ টার্মিনালের সঙ্গে স্থাপন করা হয়। এরপর জাহাজ থেকে টার্মিনালে এলএনজি স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। বিপি সিঙ্গাপুরের মাধ্যমে স্পট মার্কেট থেকে এই এলএনজি কেনা হয়েছে।
সেপ্টেম্বর মাসেও বিভিন্ন উৎস থেকে একাধিক এলএনজিবাহী কার্গো দেশে এসেছে। এসব এলএনজির চালান যুক্তরাষ্ট্রের গানভোর, ইন্দোনেশিয়া থেকে টোটালএনার্জির মাধ্যমে এবং অস্ট্রেলিয়া থেকে আরামকো সিঙ্গাপুরের মাধ্যমে স্পট মার্কেট থেকে কেনা হয়েছিল।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি, পুঁজিবাজারে দরপতনের গুজব ভিত্তিহীন
এছাড়া, অক্টোবর ও নভেম্বর মাসে দেশে মোট ১৯ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করেছে পেট্রোবাংলা। এর মধ্যে অক্টোবরে ১০টি এবং নভেম্বরে ৯টি কার্গো আসবে। এসব এলএনজি যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, অ্যাঙ্গোলাসহ বিভিন্ন দেশ থেকে কেনা হয়েছে।
এদিকে ১ অক্টোবর দুপুর ২টার হিসাবে দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৬২৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসের সরবরাহ ছিল ১ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে সরবরাহ ছিল ১ হাজার ১৫ মিলিয়ন ঘনফুট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন