০১:০৯ এম
খুলনায় লংমার্চ শেষে ফেরার সময়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত পুকুরে পড়ে যায়। এ ঘটনায় বাসের ধাক্কায় এক পথচারী নিহত হন। পাশাপাশি, বাসে থাকা ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা চারা বটতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল খালেক মণ্ডল (৭০), যিনি সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ জেলার, তালাশ বিডি র জেলা প্রতিনিধি, ছেলের শুভ বিবাহ বার্ষিকী
থানা পুলিশ এবং আহতদের সূত্রে জানা যায়, খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ শেষে সাতক্ষীরায় ফেরার পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারায়। এরপর বাসটি পাটকেলঘাটা থানার কুমিরা চারা বটতলা এলাকায় সড়কের পাশে অবস্থিত একটি পুকুরে পড়ে যায়।
এসময় বাসের ধাক্কায় সড়কে অবস্থানরত পথচারী আব্দুল খালেক মণ্ডল নিহত হন। এ ছাড়া বাসে থাকা ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন, যাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা থেকে সাতক্ষীরায় ফেরার পথে লংমার্চের একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে এক পথচারী নিহত হয়েছেন এবং বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
আরও পড়ুন: রাঙামাটিতে এনডিএমের নতুন কমিটি, আহ্বায়ক নির্মল বড়ুয়া সদস্যসচিব জুঁই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন