মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১০:০৭ পি.এম
সংসদ ভবন, ১৭ নভেম্বর, ২০২৬ : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মন্তব্য করেছেন যে, বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) নতুন একটি অধ্যায় শুরু করবে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে। এই চুক্তির মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
আজ জাতীয় সংসদে বাংলাদেশ-জাপান ইপিএর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরার সময় তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানালেন, চুক্তিটি কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই জাপানের বাজারে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। একইভাবে, বাংলাদেশের বাজারে জাপান ১ হাজার ৩৯টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা লাভ করবে।
তিনি উল্লেখ করেন, এই চুক্তির মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করা, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগকে সম্প্রসারিত করা, দীর্ঘমেয়াদি জাপানি বিনিয়োগ আকৃষ্ট করা এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর জাপানের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বজায় রাখা।
মন্ত্রী আরও বলেন, এলডিসি থেকে উত্তরণের ফলে যে চ্যালেঞ্জগুলো আসবে, সেগুলো মোকাবিলা করা, রপ্তানি বাজার সংরক্ষণ ও সম্প্রসারণ এবং শুল্কমুক্ত বাজার সুবিধা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ দেশ ও বাণিজ্যিক জোটগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বাণিজ্য চুক্তি সম্পাদনের উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি জানান, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি সেবা ও বিনিয়োগ খাতেও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের উল্লেখযোগ্য সুযোগ বিদ্যমান।
ইপিএর প্রধান সুবিধাগুলো তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য, বিশেষ করে তৈরি পোশাক, চুক্তি কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।
এ চুক্তির আওতায় তৈরি পোশাক খাতে বাংলাদেশ একক স্তরের রূপান্তর সুবিধা লাভ করবে। এর ফলে দেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের জন্য অতিরিক্ত সুযোগ সৃষ্টি হবে।
সেবা খাতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) খাতভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী, বাংলাদেশ ১২টি খাতের আওতায় ৯৮টি উপখাত জাপানের জন্য উন্মুক্ত করতে সম্মত হয়েছে। এর বিপরীতে, জাপান বাংলাদেশের জন্য ১২০টি উপখাত উন্মুক্ত করতে সম্মত হয়েছে।
মন্ত্রী বলেন, এসব প্রতিশ্রুতির ফলে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি পাবে, প্রযুক্তি হস্তান্তর হবে এবং পণ্য ও সেবা বাণিজ্যের সুযোগ সম্প্রসারিত হবে। এতে দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে।
চুক্তি সম্পাদনের প্রক্রিয়া সম্পর্কে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, প্রস্তুতিমূলক প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে দুই দেশ যৌথ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি যৌথ সমীক্ষা দল গঠন করে।
পরবর্তী সময়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর লক্ষ্যে উভয় দেশ নিজ নিজ বাণিজ্য আলোচনা কমিটি এবং ২১টি কর্মগোষ্ঠী গঠন করে। দুই দেশ আলোচনার শর্তাবলি ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করে এবং ২১টি আলোচ্য ক্ষেত্রের খসড়া চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা করে।
সম্মত কর্মপরিকল্পনা অনুযায়ী, ইপিএর চুক্তির খসড়া চূড়ান্ত করতে দুই দেশের মধ্যে সাত দফা আলোচনা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা চুক্তির বিষয়বস্তু বাংলাদেশের প্রচলিত আইন, ডব্লিউটিওর বাধ্যবাধকতা এবং অন্যান্য প্রাসঙ্গিক আন্তর্জাতিক বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিশ্চিত করতে সরকার পরবর্তী সময়ে আইনি যাচাই-বাছাই সম্পন্ন করে।
এ ছাড়া চুক্তিটি মন্ত্রিসভার প্রক্রিয়া অনুসরণ করে এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং গ্রহণ করে।
বাণিজ্যমন্ত্রী জানান, সংবিধানের বিধান অনুযায়ী বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিটি জাতীয় সংসদে উপস্থাপনের জন্য রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেহেরপুরের মুজিবনগরে স্ত্রী তাহমিনা খাতুনকে হত্যার অপরাধে শহিদুল ইসলাম নামক একজন ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে, তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, এবং জরিমানা না দিলে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। তবে মামলার অপর আসামি আনোয়ারা খাতুনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এই রায় ঘোষণা করেন। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইদুর রাজ্জাক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম মুজিবনগর উপজেলার রশিকপুর রিফিউজি পাড়ার দরুদ আলীর পুত্র।
মামলার বিবরণে জানা যায়, শহিদুল ইসলাম তার পূর্ববর্তী চারটি বিয়ের তথ্য গোপন করে প্রায় ২৪ বছর আগে মেহেরপুরের সাহেবপুর গ্রামের তাহমিনা খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময় তিনি নগদ দুই লাখ টাকা এবং একটি গরু যৌতুক হিসেবে গ্রহণ করেন। তাদের দাম্পত্য জীবনে তিনটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে।
পরবর্তীতে, শহিদুল পরকীয়ার সূত্র ধরে আনোয়ারা খাতুন নামে অন্য একটি নারীকে বিয়ে করেন। অভিযোগ রয়েছে, অন্য স্ত্রীদের প্ররোচনায় তাহমিনাকে তালাক দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন তিনি। পরে বিষয়টি মীমাংসার কথা বলে ২০১৮ সালের ১২ মার্চ তাহমিনাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। এর তিন দিন পর, ১৫ মার্চ, তাহমিনার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে এনে আনোয়ারা খাতুনের সহযোগিতায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হয়।
এ ঘটনায় তাহমিনার ভাই আলামিন বাদী হয়ে মুজিবনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি তদন্ত করেন পুলিশের উপপরিদর্শক সুব্রত কুমার পাল। পরে, মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হলে উপপরিদর্শক আনোয়ার জাহিদ তদন্তের দায়িত্ব গ্রহণ করেন। ময়নাতদন্ত প্রতিবেদনসহ তদন্ত শেষে ২০১৯ সালের ২ নভেম্বর শহিদুল ইসলাম ও আনোয়ারা খাতুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর আবাসে আগুন লাগিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এমপি জিলানীর বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বিস্তারিত আসছে..
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) রাঙামাটি পার্বত্য জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে নির্মল বড়ুয়া মিলনকে আহ্বায়ক এবং জুঁই চাকমাকে সদস্যসচিব করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) এনডিএমের ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহিদুল আজম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশি জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধ, স্বাধীনতার চেতনা ও জবাবদিহিমূলক গণতন্ত্রের মূলনীতিকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকার বনানীতে এনডিএমের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নবগঠিত কমিটির অনুমোদনপত্র জেলা নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি এ কমিটি জেলা নেতাদের হাতে তুলে দেন।
৩১ সদস্যের কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে চাইসুই উ মারমা বাবলু ও চন্দ্রিকা চাকমাকে। সদস্যসচিব জুঁই চাকমা ছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ বোরহান উদ্দিন, ইকো চাকমা, মো. আবুল হাশেম, মো. হেলাল উদ্দিন, অরুনজিতা চাকমা, সুজন চাকমা, মহি উদ্দিন, ইঞ্জিনিয়ার সনেট চৌধুরী, মমতা চাকমা, নিজাম উদ্দিন, শাকিবুল ইসলাম, আকাশ মারমা, নিপণ কান্তি বড়ুয়া জিকু, পাইসা উ মারমা, চম্পা চাকমা, মো. রুবেল, যুদ্ধমনি চাকমা, জয়মনি বড়ুয়া, নিখিল চাকমা, প্রণব চাকমা, বাবুল চাকমা, মো. রেজাউল করিম, লিটন বড়ুয়া, রুপালী চাকমা, মো. সাইমুন ইসলাম, রাখি ত্রিপুরা ও নার্গিস আক্তার।
অনুষ্ঠানে এনডিএমের ভাইস চেয়ারম্যান মো. ফারুক উজ জামান চৌধুরী, মহাসচিব ব্যারিস্টার শাহিদুল আজম, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক শাকিব আহমেদ ও সহদপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
এ ছাড়া নবগঠিত কমিটির আহ্বায়ক নির্মল বড়ুয়া মিলন, সদস্যসচিব জুঁই চাকমা, সদস্য মোহাম্মদ বোরহান উদ্দিন ও নিপণ কান্তি বড়ুয়া জিকুসহ দলটির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ