০৫:১৬ এম
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূর্ব শত্রুতার কারণে ধারালো অস্ত্রের আঘাতে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার একটু আগে উপজেলার বড়ভাগ গ্রামের পূর্বপাড়া উকিলের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
নিহত হওয়া সুমন শেখ উপজেলার বড়ভাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে ছিলেন। তিনি পাশের কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: মানিকগঞ্জ জেলা জামায়াতের নতুন আমীর হিসেবে শপথ নিলেন কামরুল ইসলাম
পুলিশ, স্থানীয় বাসিন্দা এবং নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বড়ভাগ গ্রামের কুদ্দুস শেখের ছেলে হুসাইন শেখের সঙ্গে সুমন শেখের পরিবারের একটি দীর্ঘদিনের বিরোধ ছিল। শুক্রবার বিকেলে কাশিয়ানী থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বড়ভাগ গ্রামের পূর্বপাড়া এলাকায় শামিম শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্ত সুমনের ওপর হামলা করে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
নিহতের বড় ভাই শামিম শেখ বলেন, হুসাইন শেখের সঙ্গে আমাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। কয়েকদিন আগে আমার ভাইকে মারধর করা হয়েছিল। শুক্রবার বাড়ি ফেরার পথে হুসাইন শেখ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, সুমন শেখ নামে এক কলেজছাত্রকে কুপিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: কালিয়াকৈরে আজমরি পরিবহনের বাসে আগুন দিল দুর্বৃত্তরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন