০৭:৩৭ পি.এম
বরগুনার আমতলীতে পায়রা নদীতে চলাচলকারী একটি ইউটিলিটি ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। লোকজন ঘটনাটি টের পেয়ে এলে দুর্বৃত্তরা আগুন না দিয়েই পালিয়ে যায়।
আজ সোমবার দুপুরে আমতলী থানায় ফেরি কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে।
ফেরি কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গত ৩৫ বছর ধরে আমতলীতে পায়রা নদী পারাপারে তিনটি ফেরি চলাচল করছে। ঘটনার দিন রাত সাড়ে ৩টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরির পন্টুনে উপস্থিত হয়। তারা সেখানে পৌঁছে ফেরির ইজারাদার প্রতিনিধি মো. আসলামের কক্ষের ছিটকিনি বাইরে থেকে আটকে দেয় এবং ইঞ্জিনের কভারে পেট্রল ঢালতে শুরু করে।
আরও পড়ুন: কসবায় মহাসড়ক অবরোধের ঘটনায় ছাত্রলীগ নেতা আল রাফি গ্রেপ্তার
আসলাম বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে ফেরির খালাসি সায়েমসহ অন্যান্য কর্মচারীরা ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে আগুন দেওয়ার আগেই দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনার পর ফেরির যাত্রী ও কর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ফেরির খালাসি সায়েম এবং চালক আব্দুল বারেক হাওলাদার জানিয়েছেন, ইজারাদার প্রতিনিধি আসলাম তাৎক্ষণিকভাবে ঘটনা টের পেয়ে চিৎকার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তারা জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বরগুনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আসাদুল ইসলাম জানিয়েছেন, অগ্নিকাণ্ডের চেষ্টার ঘটনায় থানায় আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির ওপর তদন্ত পরিচালনা করে সত্যতা পাওয়ার ভিত্তিতে জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: পিরোজপুরে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ, আ.লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন