১২:৩২ এম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামী সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া অনিয়মের অভিযোগ তুলে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। গতকাল বৃহস্পতিবার, রাজধানীর ডেমরার নবী টাওয়ারে বিএনপির মরহুম নেতা ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ঢাকা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, "সুনির্দিষ্ট অভিযোগ বা কারও নাম উল্লেখ না করে শেষ মুহূর্তে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয়প্রতিপন্ন করাই তাদের লক্ষ্য। তবে জনগণ সচেতন, অপপ্রচার চালিয়ে জামায়াত সফল হতে পারবে না।"
এদিকে, ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং এই নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট।
আরও পড়ুন: আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শেষ
সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে রিজভী বলেন, "ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন আপসহীন ও আদর্শবান সিপাহসালার। শত শত ভুয়া মামলা, রিমান্ডে শারীরিক ও মানসিক নির্যাতন এবং কারাবাসে তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল। চিকিৎসাবঞ্চিত করে তাঁকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।"
রিজভী আরও বলেন, "শুধু সালাহউদ্দিন আহমেদ নন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে বহু নেতা-কর্মীকে এভাবে পরিকল্পিতভাবে নিপীড়ন করা হয়েছে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়কারী নবীউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
এ সময় বিএনপির স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রকৌশলীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে আইইবিকে গড়ে তোলার আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন