ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেহ্জাদ ঝড়


শেহ্জাদ ঝড়

ক্রীড়া প্রতিবেদক : ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঢাকা প্লেয়ার্স ক্রিকেট ক্লাবকে (ডিপিসিসি) ৮৩ রানে পরাজিত করেছে বসুন্ধরা স্ট্রাইকার্স। আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শেহ্জাদ আকবর সোবহান ৫২ বল খেলে ১০টি চার ও ৩টি ছক্কা মারার মাধ্যমে ৭৭ রানের একটি ঝোড়ো ইনিংস উপহার দেন। স্ট্রাইকার্স ২০ ওভারে ৭ উইকেটে ২৩১ রান সংগ্রহ করে।

ডিপিসিসি তাদের ইনিংসে ৬ উইকেটে ১৪৮ রান করতে সক্ষম হয়। বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেন শেহ্জাদ।

আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে পাকিস্তানকে পরাজিত করে তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতল ভারত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটায় হোটেল লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক শাহাব উদ্দিন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৪ এম


কুয়াকাটায় হোটেল লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক শাহাব উদ্দিন আটক

পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়ন করার প্রক্রিয়ায় ঘুষ গ্রহণের অভিযোগে মো. শাহাব উদ্দিন নামের এক শ্রম পরিদর্শককে হাতেনাতে আটক করেছেন হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। এ সময় তিনটি হোটেল থেকে মোট ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে কুয়াকাটা প্যালেস ও হোটেল শৈবালে লাইসেন্স নবায়নের জন্য ৫০ হাজার টাকা দাবি করার অভিযোগ ওঠে ওই শ্রম পরিদর্শকের বিরুদ্ধে। রাত ৯টার দিকে হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা তাকে হাতেনাতে আটক করেন।

অভিযোগ রয়েছে, শুক্রবার সারাদিন কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স করার কথা বলে টাকা আদায় করেন মো. শাহাব উদ্দিন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হোটেল কর্তৃপক্ষকে মামলার ভয় দেখানো হতো।

হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের অভিযোগ, গত দুই বছর ধরে ওই শ্রম পরিদর্শক বিভিন্ন হোটেলে গোপনে মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বিষয়টি নিয়ে একাধিকবার তার সঙ্গে আলোচনা করা হলেও কোনো সমাধান হয়নি।

হোটেল সাউথ স্টারের পরিচালক মো. মিঠুন জানান, কয়েক দিন আগে ওই শ্রম পরিদর্শক তাদের হোটেলে গিয়ে ২৫ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হোটেলের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে আজ বিকেলে হোটেলে গিয়ে ৩০ হাজার টাকা দিলে মামলা তুলে নেওয়া এবং আর হয়রানি না করার কথা জানান। এরপর তারা টাকা দেন।

হোটেল সি-লেভেল এর মালিক মো. সবুজ বলেন, মামলা দেওয়ার ভয় দেখিয়ে কয়েক মাস আগে তার কাছ থেকে ৩৭ হাজার টাকা নেওয়া হয়েছিল। শুক্রবার আবার এসে ৮ হাজার টাকা দাবি করলে তিনি নগদে ৫ হাজার দেন এবং বাকি ৩ হাজার টাকা রাতে বিকাশে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

হোটেল রিয়াজ (আবাসিক) মালিক জুবায়ের আহম্মেদ রিয়াজ খান বলেন, ওই কর্মকর্তা তার পরিচয় দিয়ে প্রতিটি হোটেলের ভিজিটিং কার্ড এবং নাম নিয়ে একটি নোটিশ পাঠিয়ে দেয়। এরপর ভয়ভীতি দেখিয়ে লাইসেন্স করতে হবে বলে কখনো ৩০ হাজার, কখনো ৪০ হাজার টাকা চাইত। লাইসেন্স না করলে তার নামে মামলা দিয়ে দেয়। এভাবে টেকনিক খাটিয়ে তিনি ঘুষ নেন।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন বাবুল ভূঁইয়া বলেন, গত দুই বছর ধরে ওই কর্মকর্তা এভাবে গোপনে হোটেল মালিকদের কাছ থেকে টাকা আদায় করছেন। এ বিষয়ে তাকে দুইবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। সরকারি কোষাগারে নির্ধারিত ফি জমা দিয়ে কীভাবে লাইসেন্স করা যায়, সে বিষয়ে আলোচনা করতে চাইলেও তিনি তা করেননি, বরং মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন। তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওই কর্মকর্তাকে কুয়াকাটা থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপমহাপরিদর্শক নবীন হাওলাদার বলেন, সরকারিভাবে এ, বি ও সি ক্যাটাগরিতে লাইসেন্স নবায়ন ফি সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা। এখানে নগদে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।

শাহাব উদ্দিন ব্যক্তিগত সফরে কুয়াকাটায় গিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, শ্রম পরিদর্শক মো. শাহাব উদ্দিন বিভিন্ন স্থানে গিয়ে টাকা নিচ্ছেন। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে প্রতিবেদন পাঠানো হবে, যাতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়।

অভিযুক্ত মো. শাহাব উদ্দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক (সাধারণ) হিসেবে কর্মরত। তিনি ৩৮তম বিসিএসের নন-ক্যাডার কর্মকর্তা এবং গত চার বছর ধরে বরিশালে কর্মরত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জহিরুল ইসলামের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৫ এম


গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জহিরুল ইসলামের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে জহিরুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গফরগাঁও উপজেলার দুগাছিয়া বাজারে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত জহিরুল ইসলাম শাখচূড়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে ছিলেন। তিনি স্থানীয় গলাকাটা বাজারে স'মিল ও ফার্নিচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে দুগাছিয়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে জহিরুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকায় তার মৃত্যু ঘটে।

অন্যদিকে দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহী ইলিয়াস এবং তার দুই বন্ধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গফরগাঁও থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মশিউর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে এবং এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৬ এম


চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়ল

ভারতের অর্থ মন্ত্রণালয় চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বৃদ্ধি করেছে। সর্বশেষ মূল্যায়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ভারতের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে ধারণা করা হয়েছে। পূর্ববর্তী পূর্বাভাসে এই হার ছিল ৭ দশমিক ১ শতাংশ।

যদিও প্রবৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে, তবে মূল্যস্ফীতি, জ্বালানির উচ্চমূল্য এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয় সতর্ক করেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত মাসিক অর্থনৈতিক পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে।

ভারতের অর্থবছর ১ এপ্রিল শুরু হয়ে পরের বছরের ৩১ মার্চ শেষ হয়। সেই অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছর ২০২৬ সালের ১ এপ্রিল থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত চলবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির পূর্বাভাস প্রায় ৩ শতাংশ, যেখানে ভারতের অর্থনৈতিক গতিশীলতা শক্ত অবস্থান ধরে রেখেছে।

অর্থনীতির বিভিন্ন সূচকে গতি

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দেখা গেছে, গত প্রান্তিকে ভারতের অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ সূচকে গতি বৃদ্ধি পেয়েছে। এই সূচকের মধ্যে রয়েছে জ্বালানির ব্যবহার, বন্দরের পণ্য পরিবহন, পণ্য ও পরিষেবা কর (জিএসটি) আদায় এবং গাড়ি বিক্রি।

এসব সূচকের ইতিবাচক প্রবণতা অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মূল্যস্ফীতির চাপ বৃদ্ধি পাচ্ছে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম।

প্রবৃদ্ধির পূর্বাভাস বৃদ্ধি পেলেও মূল্যস্ফীতির চাপ নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে তেলের দাম, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং আবহাওয়াসংক্রান্ত ঝুঁকি ভারতের অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে।

মন্ত্রণালয়ের মতে, বৈশ্বিক অনিশ্চয়তা ও জ্বালানির দাম রুপির বিনিময়মূল্যের ওপর চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে এসব পরিস্থিতি মূল্যস্ফীতি আরও বাড়ানোর ঝুঁকি তৈরি করছে।

২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতের ভোক্তা মূল্যসূচকভিত্তিক মূল্যস্ফীতি (সিপিআই) আগের বছরের একই মাসের তুলনায় বেড়ে ৫ দশমিক ৫৪ শতাংশ হয়েছে। পাইকারি মূল্যসূচকভিত্তিক মূল্যস্ফীতি (ডব্লিউপিআই) বেড়েছে আরও বেশি, ১১ দশমিক ৩৯ শতাংশ।

গ্রামাঞ্চলে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ৮ শতাংশ এবং শহরাঞ্চলে ৭ দশমিক ১৮ শতাংশে পৌঁছেছে।

তবে সবচেয়ে বেশি বেড়েছে জ্বালানি ও বিদ্যুতের দাম। ২০২৬ সালের সেপ্টেম্বরে এ খাতে মূল্যস্ফীতি ছিল ২৫ দশমিক ৮৫ শতাংশ। অর্থাৎ, আগের বছরের সেপ্টেম্বরের তুলনায় জ্বালানি ও বিদ্যুতের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

জ্বালানির এই মূল্যবৃদ্ধি সাধারণ পরিবারগুলোর ব্যয় বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে রান্নার গ্যাসের দাম বাড়ায় পরিবারগুলোর ওপর চাপ তৈরি হয়েছে।

এল নিনোর ঝুঁকিও দেখছে সরকার

মূল্যস্ফীতির পাশাপাশি এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়েও অর্থ মন্ত্রণালয় সতর্ক করেছে। এই আবহাওয়াপ্রবণতা শীতকালীন ফসলের বপন মৌসুমের আগে মাটির আর্দ্রতা কমিয়ে দিতে পারে। ফলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

খাদ্যপণ্যের সরবরাহে বিঘ্ন ঘটলে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

রুপির দরপতন সামলানোর সক্ষমতা রয়েছে ভারতের।

গত পাঁচ বছরে মার্কিন ডলারের বিপরীতে ধারাবাহিকভাবে দর হারিয়েছে ভারতীয় রুপি। সাম্প্রতিক প্রায় ১৫ মাসে এই পতনের গতি আরও বেড়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ভারতের ক্রয়ক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

তবে অর্থ মন্ত্রণালয়ের দাবি, বৈদেশিক মুদ্রার পর্যাপ্ত রিজার্ভ থাকায় এই পরিস্থিতি মোকাবিলায় ভারত ভালো অবস্থানে রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ প্রায় ৭২১ বিলিয়ন ডলার। এই রিজার্ভ বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা এবং অর্থনীতির প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে সহায়তা করতে পারে।

সব মিলিয়ে, ভারতের অর্থনীতি চলতি অর্থবছরে শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রাখতে পারে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়। তবে জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, রুপির দরপতন এবং বৈশ্বিক অনিশ্চয়তা সামাল দেওয়াই দেশটির অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকছে।

সূত্র : ডয়চে ভেলে (ডিডব্লিউ), রয়টার্সের তথ্য ও ভারতের অর্থ মন্ত্রণালয়ের অক্টোবরের অর্থনৈতিক পর্যালোচনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাছ ধরতে গিয়ে নিখোঁজ আওয়ামী লীগ নেতার মরদেহ নদী থেকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৬ এম


মাছ ধরতে গিয়ে নিখোঁজ আওয়ামী লীগ নেতার মরদেহ নদী থেকে উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকে উদ্ধার করা হয়েছে নিষিদ্ধ কার্যক্রমের আওতাধীন আওয়ামী লীগের এক নেতার মরদেহ।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির পাশের লৌহজং নদীর বক্সি বাড়ির ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত আওয়ামী লীগ নেতার নাম ইউনুস আল মোর্শেদ (৪৮)। তিনি মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি এবং কাঁঠালিয়া গ্রামের মৃত আমীর হোসেনের পুত্র।

তথ্য অনুযায়ী, মোর্শেদ নিয়মিতভাবে বাড়ির পাশের লৌহজং নদীর বক্সি বাড়ির ঘাটে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। শুক্রবার দুপুর থেকে তিনি মাছ ধরছিলেন, যা ছিল তার প্রতিদিনের রুটিন। বিকেল ৩টার দিকে কিছু মাছ পাশের গ্রাম পোষ্টকামুরী শ্বশুরবাড়িতে দিয়ে আসেন এবং পুনরায় মাছ ধরার কাজে লিপ্ত হন। সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পরও ঘরে না ফেরায় তার পরিবারের সদস্যরা একাধিকবার তার ফোনে কল করেন। ফোন রিসিভ না হওয়ায় তারা ওই ঘাটে খোঁজ করতে যান।

সেখানে বাঁশের মধ্যে শার্ট এবং পকেটে মোবাইল ফোন দেখে তাদের সন্দেহ হয়। পরে মোর্শেদের ভাই আজাদ নিজেই নদীতে ভাইকে খুঁজতে নামেন। কিছুক্ষণ পর তিনি তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

স্থানীয় শামীনুর জানান, মোর্শেদের দুটি চোখ ও একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল।

পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, মোর্শেদের বাবা দুই যুগের বেশি সময় আগে একই ঘাটে গোসলে গিয়ে ডুব দিয়ে আর উঠতে পারেননি। পরে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়। একই স্থানে দুই সপ্তাহ আগে একটি শিশু ডুবে মারা গেছে। বুকসমান পানিতে ডুবে মোর্শেদের মৃত্যু এলাকায় ভীতি সৃষ্টি করেছে বলে তিনি জানান।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%