০৬:৩৫ পি.এম
রাজধানীর মিরপুরের রূপনগরে মিছিলের প্রস্তুতি চলাকালীন সময়ে পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক যুগ্ম আহ্বায়ক এবং সৈনিক লীগের এক সাবেক সাংগঠনিক সম্পাদকসহ মোট চারজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের রূপনগর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ ইসলাম (৩১), ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২২) এবং মো. জাহিদ (২৬)।
সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে রূপনগর থানাধীন রূপনগর টিনশেডের ৮ নম্বর রোডের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় তারা একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিশের সূত্র অনুযায়ী, গ্রেফতারকৃতরা রূপনগর থানাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
গ্রেফতার শাকিল হাসান আলিফের স্থায়ী বাসস্থান বরিশালের বাকেরগঞ্জ থানার আফাল কাটি এলাকায়। নাহিদ ইসলামের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার পশ্চিম আঙ্গারিয়া এলাকায়। গোলাম রাব্বি ও জাহিদও রূপনগর টিনশেড এলাকায় বসবাস করেন।
এ বিষয়ে রূপনগর থানার ওসি এবি সিদ্দিক গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: মাদারীপুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ১০ বছরের শিশুর মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন