০৬:৩৬ পি.এম
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকারি ও বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রক্রিয়ায় সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই। তিনি বলেন, এই নিয়োগ সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত যোগ্যতা, দক্ষতা ও নীতিমালার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অর্থমন্ত্রীর কাছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এমডি নিয়োগের প্রক্রিয়া, মানদণ্ড এবং ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে প্রশ্ন রাখেন।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার জবাবে বলেন, সরকার ব্যাংকিং খাতে সংস্কার ও সুশাসন ফিরিয়ে আনার বিষয়ে তার দেওয়া প্রতিশ্রুতিতে সম্পূর্ণ অটল রয়েছে। এমডি নিয়োগের মানদণ্ড সম্পর্কে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পছন্দের বিষয় নয়। বরং, কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব নীতিমালা ও ফিট অ্যান্ড প্রপার টেস্টের (যোগ্যতা ও উপযুক্ততা যাচাই) ভিত্তিতে ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: বিদেশফেরতদের পুনর্বাসনে ৩০০০ কোটি টাকা প্রাক-অর্থায়ন ঋণ
অর্থমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাংকিং খাতের নিয়োগ ও পরিচালনায় কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে না। বাংলাদেশ ব্যাংককে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে, যাতে যোগ্য ও অভিজ্ঞ ব্যাংকাররাই শীর্ষ পদগুলোতে আসতে পারেন এবং ব্যাংকিং খাতকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারেন।
তিনি সংসদে উল্লেখ করেন যে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংক্রান্ত বিষয়ে সরকারের সংস্কার কার্যক্রম ও অঙ্গীকার অনুযায়ী পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন