০৩:৫০ পি.এম
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আলাদাভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তবে সিটি করপোরেশনের মেয়র পদে দলটি প্রার্থী দিতে যাচ্ছে না; এই পদে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন করবে, যা ১১ দলীয় ঐক্যের অংশ।
রোববার সকাল ১১টায় জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের উদ্দেশ্যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে দলের নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম কমিটির সিদ্ধান্ত ও নির্দেশনা তুলে ধরেন দলের সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।
দলীয় নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট নির্দেশনা প্রদান করে রাশেদ প্রধান উল্লেখ করেন, যেখানে জাগপার প্রার্থী নেই, সেখানে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন করতে হবে। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জোটের অন্যান্য দলের প্রার্থী বা নেতাকর্মীদের সঙ্গে কোনো বিবাদে জড়ানো যাবে না। নির্বাচনে সুবিধা পাওয়ার জন্য কোনো জালিমের সঙ্গে আপস না করার এবং অন্যায়ের সামনে মাথা নত না করার আহ্বানও জানান তিনি।
আরও পড়ুন: তাঁতী দলের মহানগর সভাপতি তাজুল ইসলাম আজীবন বহিষ্কার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের উদাহরণ তুলে ধরে রাশেদ প্রধান বর্তমান সরকারের অধীনে আসন্ন নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। তবুও, যারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তাদেরকে আগামী ৩০ নভেম্বর ২০২৬, সোমবারের মধ্যে জাগপার সাধারণ সম্পাদকের কাছে লিখিত আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
রাশেদ প্রধান বলেন, জাতীয় নির্বাচনে ১১ দলীয় ঐক্যের একক প্রার্থী থাকলেও, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শরিক দলগুলো আলাদাভাবে অংশগ্রহণ করবে। তবে স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ পারস্পরিক সমঝোতার মাধ্যমে একক প্রার্থী চূড়ান্ত করতে পারলে, ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদকে অবহিত করার মাধ্যমে ঐক্যের একক প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে।
এ সময় জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম ও ভিপি মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।
এমই
আরও পড়ুন: নাহিদ ইসলামের ওপর হামলা, এবার কাকে দায়ী করবে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন