মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:০৭ পি.এম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, চিনাবাদাম ও মুগডালের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিয়া আফরিন ও ওবায়দুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ও কর্মসূচির সদস্য সচিব মর্জিনা আক্তার।
এ সময় অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. ইজাজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ও সাংবাদিকবৃন্দ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এর মধ্যে ১ হাজার ১০ জন কৃষককে প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এ ছাড়া ৩০ জন কৃষককে প্রত্যেককে ১০ কেজি চিনাবাদামের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ১০ জন কৃষককে প্রত্যেককে ৫ কেজি মুগডালের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাফের ট্রফি সামনে। ভারতের বিরুদ্ধে ফাইনালের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন পাকিস্তানের কোচ নলবার্তো সোলানো। হঠাৎ করে দিয়েগো ম্যারাডোনার প্রসঙ্গ উঠে আসে। মুহূর্তে পেরুর সাবেক তারকার স্মৃতির পাতায় হারিয়ে যান সোলানো। যে ম্যারাডোনার সঙ্গে একদিন হাত মেলানোর স্বপ্ন দেখতেন, সেই ফুটবল জাদুকরের সতীর্থ ছিলেন বোকা জুনিয়র্সে। এবার পাকিস্তানকে প্রথম সাফ শিরোপা এনে দিয়ে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েছেন সোলানো।
ম্যারাডোনার স্মৃতিচারণা করতে গিয়ে আবেগে আপ্লুত সোলানো বলেন, ‘১৫ বছর বয়সে স্বপ্ন দেখতাম পেরুর জাতীয় দলে খেলব। ম্যারাডোনার সঙ্গে হাত মেলাব। ঈশ্বরের আশীর্বাদে বোকা জুনিয়র্সে তার সতীর্থ হয়েছিলাম। অসাধারণ ফুটবলার ছিলেন তিনি। আজ আপনারা মেসির কাছ থেকে যা দেখেন, তা হচ্ছে ম্যারাডোনার রেপ্লিকা।’
গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-২ গোলে হেরেছিল পাকিস্তান। তবে এবার সোলানো পূর্ণ শক্তির দল পাচ্ছেন। তার মতে, ‘ভারতকে সম্মান করি। গত ১০-১৫ বছরে তারা অনেক উন্নতি করেছে। প্রথম ম্যাচে আমাদের প্রস্তুতি ও মনোযোগে ঘাটতি ছিল। এবার পরিস্থিতি আলাদা।’
বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালের ৪৮ ঘণ্টার মধ্যেই ফাইনাল অনুষ্ঠিত হবে। ক্লান্তি নিয়ে ভাবতে নারাজ সোলানো। তিনি বলেন, ‘ফাইনালে কোনো অজুহাত চলে না। শিরোপার জন্য সবটুকু দেব।’
ক্রিকেট, হকি ও স্কোয়াশের দেশ পাকিস্তানে ফুটবলের নতুন জাগরণ চান তিনি। সোলানো বলেন, ‘আমরা ইতিহাস গড়তে চাই। ছেলেদের ওপর বিশ্বাস রয়েছে।’ একদিন ম্যারাডোনার পাশে দাঁড়িয়ে স্বপ্নপূরণ হয়েছিল সোলানোর। এবার তার লক্ষ্য পাকিস্তানের ফুটবলে নতুন ইতিহাস লেখা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ চালু হতে যাচ্ছে। নতুন এই রেল যোগাযোগের উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী রবিউল আলম পাবনা রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে।
উদ্বোধনের প্রস্তুতি হিসেবে স্টেশন এলাকায় চলছে শেষ মুহূর্তের কাজ। নতুন এই যোগাযোগব্যবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তবে ট্রেনের রুট নিয়ে কিছু যাত্রী অসন্তোষ প্রকাশ করেছেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ৮টায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ নামের ট্রেনটি পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। অপরদিকে, বেলা ৩টা ২৫ মিনিটে ‘পাবনা গোধূলী এক্সপ্রেস’ নামের ট্রেনটি ঢাকা স্টেশন থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে।
১৯৭৪ সালে স্বাধীনতার পর ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও তা বাস্তবায়নে সময় লেগে যায়। ২০১০ সালে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়। ঈশ্বরদীর মাঝগ্রাম থেকে পাবনা হয়ে বেড়া উপজেলার ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ করা হয়।
২০২০ সাল থেকে এই পথে নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়। পাবনা থেকে রাজশাহী এবং পরবর্তীতে চাপাইনবাবগঞ্জ পর্যন্ত রেল যোগাযোগ চালু থাকলেও পাবনা শহর থেকে সরাসরি রাজধানী ঢাকায় যাওয়ার সুযোগ ছিল না। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
নতুন রেল যোগাযোগের প্রস্তুতি হিসেবে পাবনা রেলওয়ে স্টেশনে বিভিন্ন কার্যক্রম চলছে। স্টেশন এলাকা পরিদর্শন করেছেন রেল মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হচ্ছে। এদিকে, ভারত থেকে ১৮টি নতুন রেলকোচ দেশে আনা হয়েছে, যার মধ্যে ১২টি কোচ ঢাকা-পাবনা রুটে চলাচলকারী ট্রেনে যুক্ত করা হবে।
নতুন এই ট্রেন চালু হলে পাবনাবাসীর রাজধানীর সঙ্গে যাতায়াত আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাওয়ায় সাধারণ মানুষ আনন্দিত। নতুন রেল যোগাযোগের মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং রাজধানীর সঙ্গে জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন তারা।
পাবনা স্টেশন এলাকার বাসিন্দা নবী নেওযাজ বলেন, ‘বহুদিন অপেক্ষা করছি, কবে হবে পাবনা-ঢাকা রেল যোগাযোগ, সেই প্রত্যাশা পূরণ হওয়ায় খুব ভালো লাগছে, তা ভাষায় প্রকাশ করা যায় না।’
পৌর এলাকার মনসুরাবাদ আবাসিক এলাকার বাসিন্দা ইসলাম হোসেন বলেন, ‘পাবনা থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু হচ্ছে এটা অনেক আনন্দের ব্যাপার। কিন্তু ঈশ্বরদী গিয়ে সময় লাগছে একটু বেশি এজন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি এ বিষয়টা দেখার জন্য।’
পাবনা স্টেশন এলাকার বাসিন্দা আলামিন হোসেন বলেন, ‘এখন কম খরচে আরামদায়ক ভ্রমণ করতে পারব ঢাকা যাতায়াতে। আমরা খুবই আনন্দিত পাবনা-ঢাকা সরাসরি ট্রেন উদ্বোধন হচ্ছে এ জন্য।’
ট্রেনের রুট নিয়ে কিছুটা অসন্তোষ জানিয়ে পাবনা পৌর এলাকার বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, ‘পাবনা থেকে ঢাকায় যাওয়ার পথে ট্রেনটিকে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে গিয়ে ইঞ্জিন ঘুরিয়ে আবার যাত্রা শুরু করতে হবে। এতে সরাসরি রেল যোগাযোগের সুবিধা মিললেও যাত্রার সময় ও রুট নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না।’
নিরাপত্তার বিষয়ে পাকশী রেলওয়ে পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাবনা রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্যামসাংয়ের গ্যালাক্সি স্টোর থেকে প্রতিষ্ঠানটির দুটি জনপ্রিয় অগমেন্টেড রিয়েলিটি (এআর) অ্যাপ—‘কুইক মেজার’ এবং ‘এআর ডুডল’ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে এই অ্যাপ দুটি আর নতুন করে ডাউনলোড করা সম্ভব হবে না। তবে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং জানিয়েছে, ভবিষ্যতে উন্নত সংস্করণ নিয়ে এগুলো পুনরায় বাজারে আসার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক পোর্টাল এনগ্যাজেট-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
অ্যাপ দুটির কার্যকারিতা
কুইক মেজার : এটি একটি ভার্চুয়াল মাপজোখের অ্যাপ হিসেবে পরিচিত। ব্যবহারকারীরা স্মার্টফোনের মাধ্যমে যেকোনো স্থানের দূরত্ব, দৈর্ঘ্য কিংবা আয়তন সহজেই পরিমাপ করতে পারেন।
এআর ডুডল : এই অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা ছবি ও ভিডিওতে ভার্চুয়াল আঁকিবুঁকি এবং আকর্ষণীয় ত্রিমাত্রিক (থ্রিডি) ইফেক্ট যুক্ত করতে সক্ষম।
ডাউনলোড ও আপডেট বন্ধের ঘোষণা
অ্যাপ দুটির গ্যালাক্সি স্টোর তালিকায় স্যামসাং একটি পৃথক নোটিশ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানায়, আগামী ৩১ ডিসেম্বরের পর অ্যাপ দুটির নতুন ডাউনলোড এবং বিদ্যমান সংস্করণের আপডেট সুবিধা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে।
তবে যেসব ব্যবহারকারীর ডিভাইসে অ্যাপ দুটি ইতিমধ্যে ইনস্টল করা আছে, তারা নির্ধারিত তারিখের পরও এগুলো ব্যবহার চালিয়ে যেতে পারবেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর কিছু ফিচার সঠিকভাবে কাজ না করার আশঙ্কা রয়েছে।
অপারেটিং সিস্টেম আপডেট ও ভবিষ্যৎ অনিশ্চয়তা
ভবিষ্যতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাপ দুটির আর কোনো আপডেট প্রদান করা হবে না। ফলে ২০২৭ সালে ডিভাইসের অপারেটিং সিস্টেম আপডেট করার পর কুইক মেজার বা এআর ডুডলের অনেক ফিচার অকার্যকর হয়ে যেতে পারে।
গ্রাহকদের উদ্দেশ্যে স্যামসাং জানিয়েছে, ‘এর ফলে যে ধরনের অসুবিধা তৈরি হতে পারে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে আরো উন্নত সেবা নিয়ে ফিরে আসতে আমরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’
তবে অ্যাপ দুটি পুনরায় কবে নাগাদ ফিরতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি। পাশাপাশি এগুলোর জনপ্রিয় ফিচারগুলো অন্য কোনো অ্যাপের সঙ্গে যুক্ত করা হবে কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।
ব্যবহারকারীদের জন্য পরামর্শ
যারা ‘কুইক মেজার’ ও ‘এআর ডুডল’ অ্যাপ দুটি ব্যবহার করতে আগ্রহী, তাদের আগামী ৩১ ডিসেম্বরের আগেই গ্যালাক্সি স্টোর থেকে নিজেদের ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংস্করণটি ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সমালোচনা করেছেন। জামায়াতে ইসলামী সম্পর্কে খতিবের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, এ বিষয়ে তার তওবা করা উচিত। বাবুনগরীর সাম্প্রতিক বক্তব্য নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষণখোলা পৌরসভা ফুটবল মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে এসব মন্তব্য করেন আমির হামজা।
তিনি বায়তুল মোকাররমের খতিবের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘খতিব সাহেব ফতোয়া দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যারা যায় তারা গোমরাহ। তাহলে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কি গোমরাহ ছিলেন? আপনার তওবা করা উচিত।’
জামায়াতে ইসলামীর সাংগঠনিক পদ্ধতিতে ভুল থাকতে পারে উল্লেখ করে আমির হামজা বলেন, যারা আন্তরিকভাবে দলটি করেন, তাদের নিষ্ঠায় কোনো ঘাটতি নেই। তার ভাষ্য, ‘যারা মন থেকে জামায়াতে ইসলামী করে, তাদের নিষ্ঠায় কোনো ভুল নেই। তাহলে ফাঁসির দড়ি গলায় নিত না।’
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের সমালোচনা করে আমির হামজা বলেন, ‘মুরুব্বি ইদানীং খারাপ কথা বলেন। এত নিকৃষ্ট শব্দ উনার মুখ দিয়ে আসে, উনাকে মাইকের সামনে নিয়ে আসেন কেন? এরকম মুরুব্বি, যার কথা ঠিক নেই, মাথা ঠিক নেই, তাকে বাড়িতে বসিয়ে চিকিৎসা করান।’
আমির হামজা অভিযোগ করেন যে, বাবুনগরী তাকে ও মামুনুল হককে নিয়ে কটূক্তি করেছেন। তিনি বলেন, বাবুনগরী মামুনুল হক ও তাকে গালিগালাজ করেছেন। তার দাবি, যে পরিচয়ে তাকে গালি দেওয়া হয়েছে, তিনি তা না হলে একই ধরনের কথা বাবুনগরীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
ওয়াজ মাহফিলে বাধা দেওয়া এবং তাকে বিতর্কিত বলার বিষয়েও বক্তব্য দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, যারা মাহফিলে বাধা দেন, তারা কাফের। নির্বাচনে মনোনয়ন পাওয়ার আগে তাকে নিয়ে এ ধরনের সমালোচনা ছিল না বলেও দাবি করেন তিনি। আমির হামজা আরও বলেন, যারা তাদের ভুল ধরেন, তাদের নিজেদের ভুলেরও শেষ নেই।
এর আগে আমির হামজার এই মাহফিলে অংশগ্রহণ নিয়ে বন্দরের স্থানীয় আলেম-ওলামাদের একাংশ আপত্তি জানালে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে ১৬ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানানো হয়, আমির হামজা নির্ধারিত মাহফিলে অংশ নেবেন।
জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মাঈনউদ্দিন আহমদ, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ