ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজবাড়ীর মহাসড়কে গরুবাহী ট্রাক আটকিয়ে ১১ গরু লুট


রাজবাড়ীর মহাসড়কে গরুবাহী ট্রাক আটকিয়ে ১১ গরু লুট

রাজবাড়ীর শ্রীপুর এলাকায় রাতের বেলায় মহাসড়কে গরুবাহী ট্রাক আটকিয়ে দুর্বৃত্তরা ১১টি গরু ও নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। এই ঘটনায় ২ জন গরুর ব্যবসায়ী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে সোমবার (১৬ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায়।

ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর এলাকার বাসিন্দা হেলাল গাজী ও মিনহাজ গাজী। ঘটনার সময় তাদের সঙ্গে আরও দুজন সহকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী আটক

ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, সোমবার ভোররাতে রাজবাড়ীর পাংশা উপজেলার মহাসড়কের পাশে একটি হোটেলে খাবার খেয়ে গরুবাহী ট্রাক নিয়ে রাজবাড়ী শহরের দিকে রওনা দেন তারা। পথে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের ট্রাকের গতিরোধ করে। এরপর ওই ট্রাক থেকে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে নেমে আসে। একপর্যায়ে তারা গরুবাহী ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ে যান। সেখানে ট্রাকে থাকা ১১টি গরু নিজেদের ট্রাকে তুলে নেন। এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেন তারা। বাধা দিতে গেলে ডাকাতদলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়, যার ফলে দুই ব্যবসায়ী আহত হন। পরে ডাকাতরা গরু পরিবহনে ব্যবহৃত ট্রাকটি ও ব্যবসায়ীদের ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

এই ঘটনার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ভুক্তভোগী ব্যবসায়ীরা অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় ডাকাতির মামলা দায়ের করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। লুট হওয়া ট্রাক ও গরু উদ্ধারে অভিযান চলছে।

আরও পড়ুন: ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল ১৯ নভেম্বর থেকে শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্যকে গ্রেফতার করলো ডিএমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্যকে গ্রেফতার করলো ডিএমপি

রাজধানীতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতির অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্যকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে মশাল, ককটেল ও লাঠি উদ্ধার করে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ জন সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মশাল মিছিল আয়োজন এবং ককটেল বিস্ফোরণের প্রস্তুতির অভিযোগ রয়েছে।

অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মশাল, ককটেল ও লাঠি মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতির সঙ্গে সম্পর্কিত বলে জানায় ডিএমপি। পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে ১ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


কুলিয়ারচরে ১ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, চিনাবাদাম ও মুগডালের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিয়া আফরিন ও ওবায়দুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ও কর্মসূচির সদস্য সচিব মর্জিনা আক্তার।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. ইজাজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ও সাংবাদিকবৃন্দ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এর মধ্যে ১ হাজার ১০ জন কৃষককে প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এ ছাড়া ৩০ জন কৃষককে প্রত্যেককে ১০ কেজি চিনাবাদামের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ১০ জন কৃষককে প্রত্যেককে ৫ কেজি মুগডালের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিকে ম্যারাডোনার ‘নকল’ বললেন পাকিস্তানের কোচ সোলানো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


মেসিকে ম্যারাডোনার ‘নকল’ বললেন পাকিস্তানের কোচ সোলানো

সাফের ট্রফি সামনে। ভারতের বিরুদ্ধে ফাইনালের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন পাকিস্তানের কোচ নলবার্তো সোলানো। হঠাৎ করে দিয়েগো ম্যারাডোনার প্রসঙ্গ উঠে আসে। মুহূর্তে পেরুর সাবেক তারকার স্মৃতির পাতায় হারিয়ে যান সোলানো। যে ম্যারাডোনার সঙ্গে একদিন হাত মেলানোর স্বপ্ন দেখতেন, সেই ফুটবল জাদুকরের সতীর্থ ছিলেন বোকা জুনিয়র্সে। এবার পাকিস্তানকে প্রথম সাফ শিরোপা এনে দিয়ে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েছেন সোলানো।

ম্যারাডোনার স্মৃতিচারণা করতে গিয়ে আবেগে আপ্লুত সোলানো বলেন, ‘১৫ বছর বয়সে স্বপ্ন দেখতাম পেরুর জাতীয় দলে খেলব। ম্যারাডোনার সঙ্গে হাত মেলাব। ঈশ্বরের আশীর্বাদে বোকা জুনিয়র্সে তার সতীর্থ হয়েছিলাম। অসাধারণ ফুটবলার ছিলেন তিনি। আজ আপনারা মেসির কাছ থেকে যা দেখেন, তা হচ্ছে ম্যারাডোনার রেপ্লিকা।’

গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-২ গোলে হেরেছিল পাকিস্তান। তবে এবার সোলানো পূর্ণ শক্তির দল পাচ্ছেন। তার মতে, ‘ভারতকে সম্মান করি। গত ১০-১৫ বছরে তারা অনেক উন্নতি করেছে। প্রথম ম্যাচে আমাদের প্রস্তুতি ও মনোযোগে ঘাটতি ছিল। এবার পরিস্থিতি আলাদা।’

বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালের ৪৮ ঘণ্টার মধ্যেই ফাইনাল অনুষ্ঠিত হবে। ক্লান্তি নিয়ে ভাবতে নারাজ সোলানো। তিনি বলেন, ‘ফাইনালে কোনো অজুহাত চলে না। শিরোপার জন্য সবটুকু দেব।’

ক্রিকেট, হকি ও স্কোয়াশের দেশ পাকিস্তানে ফুটবলের নতুন জাগরণ চান তিনি। সোলানো বলেন, ‘আমরা ইতিহাস গড়তে চাই। ছেলেদের ওপর বিশ্বাস রয়েছে।’ একদিন ম্যারাডোনার পাশে দাঁড়িয়ে স্বপ্নপূরণ হয়েছিল সোলানোর। এবার তার লক্ষ্য পাকিস্তানের ফুটবলে নতুন ইতিহাস লেখা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল ১৯ নভেম্বর থেকে শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল ১৯ নভেম্বর থেকে শুরু

পাবনাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ চালু হতে যাচ্ছে। নতুন এই রেল যোগাযোগের উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী রবিউল আলম পাবনা রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে।

উদ্বোধনের প্রস্তুতি হিসেবে স্টেশন এলাকায় চলছে শেষ মুহূর্তের কাজ। নতুন এই যোগাযোগব্যবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তবে ট্রেনের রুট নিয়ে কিছু যাত্রী অসন্তোষ প্রকাশ করেছেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ৮টায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ নামের ট্রেনটি পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। অপরদিকে, বেলা ৩টা ২৫ মিনিটে ‘পাবনা গোধূলী এক্সপ্রেস’ নামের ট্রেনটি ঢাকা স্টেশন থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে।

১৯৭৪ সালে স্বাধীনতার পর ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও তা বাস্তবায়নে সময় লেগে যায়। ২০১০ সালে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়। ঈশ্বরদীর মাঝগ্রাম থেকে পাবনা হয়ে বেড়া উপজেলার ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ করা হয়।

২০২০ সাল থেকে এই পথে নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়। পাবনা থেকে রাজশাহী এবং পরবর্তীতে চাপাইনবাবগঞ্জ পর্যন্ত রেল যোগাযোগ চালু থাকলেও পাবনা শহর থেকে সরাসরি রাজধানী ঢাকায় যাওয়ার সুযোগ ছিল না। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

নতুন রেল যোগাযোগের প্রস্তুতি হিসেবে পাবনা রেলওয়ে স্টেশনে বিভিন্ন কার্যক্রম চলছে। স্টেশন এলাকা পরিদর্শন করেছেন রেল মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হচ্ছে। এদিকে, ভারত থেকে ১৮টি নতুন রেলকোচ দেশে আনা হয়েছে, যার মধ্যে ১২টি কোচ ঢাকা-পাবনা রুটে চলাচলকারী ট্রেনে যুক্ত করা হবে।

নতুন এই ট্রেন চালু হলে পাবনাবাসীর রাজধানীর সঙ্গে যাতায়াত আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাওয়ায় সাধারণ মানুষ আনন্দিত। নতুন রেল যোগাযোগের মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং রাজধানীর সঙ্গে জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন তারা।

পাবনা স্টেশন এলাকার বাসিন্দা নবী নেওযাজ বলেন, ‘বহুদিন অপেক্ষা করছি, কবে হবে পাবনা-ঢাকা রেল যোগাযোগ, সেই প্রত্যাশা পূরণ হওয়ায় খুব ভালো লাগছে, তা ভাষায় প্রকাশ করা যায় না।’

পৌর এলাকার মনসুরাবাদ আবাসিক এলাকার বাসিন্দা ইসলাম হোসেন বলেন, ‘পাবনা থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু হচ্ছে এটা অনেক আনন্দের ব্যাপার। কিন্তু ঈশ্বরদী গিয়ে সময় লাগছে একটু বেশি এজন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি এ বিষয়টা দেখার জন্য।’

পাবনা স্টেশন এলাকার বাসিন্দা আলামিন হোসেন বলেন, ‘এখন কম খরচে আরামদায়ক ভ্রমণ করতে পারব ঢাকা যাতায়াতে। আমরা খুবই আনন্দিত পাবনা-ঢাকা সরাসরি ট্রেন উদ্বোধন হচ্ছে এ জন্য।’

ট্রেনের রুট নিয়ে কিছুটা অসন্তোষ জানিয়ে পাবনা পৌর এলাকার বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, ‘পাবনা থেকে ঢাকায় যাওয়ার পথে ট্রেনটিকে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে গিয়ে ইঞ্জিন ঘুরিয়ে আবার যাত্রা শুরু করতে হবে। এতে সরাসরি রেল যোগাযোগের সুবিধা মিললেও যাত্রার সময় ও রুট নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না।’

নিরাপত্তার বিষয়ে পাকশী রেলওয়ে পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাবনা রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%