ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

কোর্টে উত্তেজিত আচরণের জন্য ক্ষমা চাইলেন আরিনা সাবালেঙ্কা


কোর্টে উত্তেজিত আচরণের জন্য ক্ষমা চাইলেন আরিনা সাবালেঙ্কা

বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা কোর্টে তাঁর উত্তেজিত আচরণ ও গালাগালির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। ইউক্রেনের এলিনা সিতোলিনার কাছে ডব্লিউটিএ ফাইনালসে পরাজয়ের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আচরণের ব্যাখ্যা প্রদান করেন। সাবালেঙ্কার দাবি, তিনি সিতোলিনাকে উদ্দেশ্য করে কিছু বলেননি, বরং গ্যালারিতে উপস্থিত কয়েকজন দর্শকের আচরণে ক্ষুব্ধ হয়ে এমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।

শুক্রবার ইন্ডিয়ান ওয়েলসে মৌসুমের শেষ এই প্রতিযোগিতার ম্যাচে সাবালেঙ্কা সিতোলিনার কাছে ৬-৩, ৩-৬, ৬-১ গেমে পরাজিত হন। ম্যাচ চলাকালীন তাঁর উত্তেজিত প্রতিক্রিয়া ও গালাগালির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকে ধারণা করেন যে, সাবালেঙ্কার মন্তব্য সিতোলিনা কিংবা ইউক্রেনীয়দের উদ্দেশে ছিল। তবে শনিবার ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে সাবালেঙ্কা সেই ধারণা নাকচ করেন।

সাবালেঙ্কা লেখেন, “আমার মন্তব্য এলিনাকে উদ্দেশ্য করে ছিল না। কয়েকজন দর্শক আমার ভুলে আক্রমণাত্মকভাবে উল্লাস করছিলেন। এতে আমি হতাশ হয়ে মুহূর্তের আবেগে প্রতিক্রিয়া দেখিয়েছি।”

আরও পড়ুন: তানজিদ-হৃদয়ের জুটিতে বিপর্যয় সামলাচ্ছে বাংলাদেশ

তিনি আরও বলেন, “আমার হতাশা প্রকাশের ধরনটি আরও ভালো হওয়া উচিত ছিল। যাঁদের মনে আঘাত দিয়েছি, তাঁদের কাছে আমি দুঃখিত। এলিনা দারুণ খেলেছে। টুর্নামেন্টের বাকি সময়ের জন্য তাকে শুভকামনা জানাই।”

ম্যাচ শেষে সাবালেঙ্কা সিতোলিনার সঙ্গে করমর্দন করেননি। তবে দুই খেলোয়াড়ের ব্যক্তিগত বিরোধের চেয়ে রাজনৈতিক বাস্তবতা এখানে বেশি গুরুত্বপূর্ণ। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের খেলোয়াড়েরা রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের সঙ্গে ম্যাচ শেষে করমর্দন না করার অবস্থান নিয়েছেন। বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এবং ইউক্রেনে অভিযানের সময় দেশটি রুশ বাহিনীকে ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়েছিল।

সাবালেঙ্কার পোস্ট সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সিতোলিনা বলেন, ম্যাচে অনেক ইউক্রেনীয় সমর্থক উপস্থিত ছিলেন এবং তাঁরা স্বাভাবিকভাবেই তাঁকে সমর্থন করেছেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধ নিয়ে কখনো কখনো তাঁর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয়।

সিতোলিনা বলেন, “আমি আশা করি, আমাদের মধ্যকার ম্যাচগুলোতে পারস্পরিক সম্মান বজায় থাকবে। আমার সমর্থক আছে, আরিনারও সমর্থক আছে। প্রত্যেকেরই উচিত একে অপরকে সম্মান করা।”

আরও পড়ুন: নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও জিতল ভারত

সাবালেঙ্কাকে হারিয়ে সিতোলিনা শনিবার সেমিফাইনালে লিন্ডা নোসকোভাকে ৬-২, ৬-১ গেমে পরাজিত করেন। ফলে রোববারের ফাইনালে তাঁর প্রতিপক্ষ রাশিয়ার তরুণ খেলোয়াড় মিরা আন্দ্রিভা। ১ কোটি ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতার ফাইনাল দিয়ে শেষ হবে ২০২৬ সালের ডব্লিউটিএ মৌসুম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় রোহিঙ্গা তিন নাগরিককে জন্মসনদ প্রদান, প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


কুমিল্লায় রোহিঙ্গা তিন নাগরিককে জন্মসনদ প্রদান, প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে রোহিঙ্গা তিন নাগরিককে জন্মনিবন্ধন সনদ দেওয়ার সত্যতা প্রমাণিত হওয়ায় এক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, ২৩ জন বিদেশি নাগরিকের জন্মসনদ প্রদানের বিষয়টিও তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

বরখাস্ত হওয়া প্যানেল চেয়ারম্যান হলেন দেবিদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন। তদন্তে রোহিঙ্গা তিন নাগরিককে জন্মসনদ দেওয়ার সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে, ৩ সেপ্টেম্বর, ওই ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. নজরুল ইসলামকেও একই অভিযোগে বরখাস্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা রবিবার (১৫ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ১১ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বরখাস্তের আদেশ প্রদান করা হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে যে, ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনের বিরুদ্ধে রোহিঙ্গা তিন নাগরিকের অনুকূলে জন্মনিবন্ধন সনদে ইস্যুকৃত স্থায়ী ঠিকানার সত্যতা পাওয়া যায়নি এবং সনদধারীরা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নয় মর্মে তদন্তে প্রমাণিত হয়েছে। এছাড়া, নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তির কাছে হস্তান্তর, সচেতনতার অভাব এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী রেজিস্টার জেনারেল, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন কর্তৃক সংগঠিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিনকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. কামরুজ্জামান মাসুদের অনুপস্থিতিতে ইউপি সদস্য সালাহ উদ্দিন প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

পরে, ২০২৫ সালের ৪ জানুয়ারি কক্সবাজার সদর উপজেলার উত্তর রুমালিয়াছড়া পূর্বাংশ এলাকার রোহিঙ্গা নাগরিক সাইমুন ইসলাম সাজ্জাদ, মুবিনা খাতুন ও হাফিছার নামে বাংলাদেশি জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হলে চলতি বছরের ২ আগস্ট স্থানীয় এক বাসিন্দা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর পৃথক তিনটি লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে, ৬ আগস্ট কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তারের নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি প্রায় তিন মাস তদন্ত শেষে অভিযোগের সত্যতা পায়। এরপর, ১১ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারীর মাধ্যমে প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্ত প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন বলেন, ‘আমি এমনিতেই চেয়ারম্যান অফিসে যাইনা। তবে বরখাস্তের কোনো আদেশ এখনো পায়নি। এর বেশি কিছু জানি না।’

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা কালের কণ্ঠকে বলেন, ‘প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিনের বরখাস্ত হওয়ার বিষয়টি আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে এখনো অফিসিয়াল কোন আদেশ পায়নি।’

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন কালের কণ্ঠকে জানান, ‘প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন বরখাস্তের এখনও কোন আদেশ হাতে আসেনি। তবে আমি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। আমার কাছে ২৩ জনের জন্মনিবন্ধনের তালিকা দেওয়া হয়েছিল। সরেজমিনে তদন্তে গিয়ে এসবের কারও স্থায়ী ঠিকানা পাওয়া যায়নি। এই কারণে প্রতিবেদনে আমি জন্মনিয়ন্ত্রণগুলো বাতিলের সুপারিশ করেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেপুটি স্পিকারের অর্থায়নে সোমেশ্বরী নদীতে কাঠের সেতু উদ্বোধন শিক্ষার্থীদের হাতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


ডেপুটি স্পিকারের অর্থায়নে সোমেশ্বরী নদীতে কাঠের সেতু উদ্বোধন শিক্ষার্থীদের হাতে

নেত্রকোনার দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে, প্রায় ৬শত মিটার দীর্ঘ কাঠের সেতু নির্মাণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

স্থানীয়দের মতে, দীর্ঘ সময় ধরে একটি সেতুর অভাবে শিবগঞ্জ-দুর্গাপুর এলাকার মানুষের নদী পারাপার অত্যন্ত দুরূহ হয়ে পড়েছিল। এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায়, সকল শ্রেণির মানুষ, রিক্সা, ভ্যান, প্রাইভেটকার এবং মোটরসাইকেল চলাচলের উপযোগী ২৪ লক্ষ টাকা ব্যয়ে দুইলাইন বিশিষ্ট বাঁশ-কাঠের সেতু নির্মাণ করেন ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, সেতুর মাধ্যমে যানবাহন পারাপার থেকে সামান্য টোল আদায় করা হবে এবং এর সমস্ত লভ্যাংশ স্থানীয় মসজিদ, মন্দির ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে বিতরণ করা হবে।

সেতু উদ্বোধনের সময় মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুর রব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান কবীর সরকার, সাধারণ সম্পাদক শাহআলম, বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ এবং সেতু কমিটির অন্যান্য সদস্যগণ।

স্কুলের শিক্ষার্থী রাজেশ্বরী রায় বলেন, "নদীর ওপর কোন সেতু না থাকায় প্রায় প্রতিদিনই স্কুলে যেতে আমাদের সমস্যায় পড়তে হয়। এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কথা ভেবে এবারও একটি কাঠের সেতু তৈরী করে দিয়েছেন মাননীয় ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এর জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। উনার কাছে আমাদের একটাই দাবী, উনি যেনো সোমেশ্বরী নদীর ওপর একটা স্থায়ী সেতু নির্মাণ করে দেন।"

অপর এক শিক্ষার্থী আহমেদ ওমর তাসবী বলেন, "ব্যারিস্টার কায়সার কামাল আমাদের কাছে নৈতিক শিক্ষার এক আলোকবর্তিকা। তিনি একজন মহান ও মানবিক মানুষ। তিনি কথা আর মিল রয়েছে রাখেন বিধায় মহান আল্লাহ্ ওনাকে এতোবড় আসনে বসিয়েছেন। ধন্যবাদ জানাই অবহেলিত এলাকায় এতোবড় কাঠের সেতু নির্মাণ করে দেয়ার জন্য। এটি আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রগতির একটি নতুন সুযোগ সৃষ্টি করবে। আমি মনে করি, এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তার ও ডিলারশিপ বাতিলের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তার ও ডিলারশিপ বাতিলের দাবি

ফরিদপুরের নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চালের ওজন কম দেওয়ার অভিযোগের তদন্ত করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত ও হামলার শিকার হন। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের অভিযোগ, মামলার পরেও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় নগরকান্দা প্রেসক্লাবের সামনে উপজেলা সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, গত ১০ নভেম্বর চরযশোরদী ইউনিয়নের আশফরদী বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক গোলাম মোস্তফা মিয়া ও নজরুল শেখ। এ সময় ডিলার লিয়াকত আলী সরদার (টিটু)-এর পক্ষ থেকে তাদের লাঞ্ছনা ও হামলার শিকার হওয়ার অভিযোগ করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক গোলাম মোস্তফা মিয়া নগরকান্দা থানায় মামলা দায়ের করলেও আসামিরা এখনো গ্রেপ্তার হননি। বক্তারা পুলিশের কার্যকর পদক্ষেপের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে ফরিদপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনজুরুল আলম ফরিদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আইয়ুব মুন্সীসহ নগরকান্দা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে বক্তারা অভিযুক্ত ডিলার লিয়াকত আলী সরদার টিটোর ডিলারশিপ বাতিল, মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য একটি বড় হুমকি। খাদ্যবান্ধব কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ তৈরিতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ১৫ শিক্ষার্থীকে টিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


ঝালকাঠিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ১৫ শিক্ষার্থীকে টিসি

ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ১৫ জন শিক্ষার্থীকে শনাক্ত করে তাদের ছাড়পত্র (টিসি) দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিদ্যালয়ের কর্তৃপক্ষ।

রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফল প্রকাশের প্রেক্ষাপটে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের চূড়ান্ত নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার কথা ছিল। এর আগে কয়েকজন শিক্ষার্থী নিজেদের ফল জানতে পারে। ফলাফল আশানুরূপ না হওয়ায় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে ধারণা করা হচ্ছে।

প্রধান শিক্ষক আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে, আওয়ামী লীগ সরকারের সময়ে পড়াশোনার চাপ তুলনামূলক কম ছিল এবং সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব ছিল। তবে বর্তমান সময়ে ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, পড়াশোনা করা এবং পরীক্ষায় অংশগ্রহণ করা অত্যাবশ্যক। এসব বিষয় নিয়ে অসন্তোষের কারণে শিক্ষার্থীরা এমন স্লোগান দিয়েছে বলে তিনি মনে করছেন।

এ ঘটনায় জড়িত ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে জানিয়ে মো. জাহিদুল ইসলাম বলেন, তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন আওয়ামী লীগ পরিবারের সন্তান বলে জানা গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, শনাক্ত ১৫ শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে টিসি দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%