ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এভারেস্ট পোর্ট সার্ভিসেস ৬ মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল


এভারেস্ট পোর্ট সার্ভিসেস ৬ মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাসের জন্য পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস।

সোমবার (২৩ নভেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির সই করা একটি আদেশের মাধ্যমে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।

এভারেস্ট পোর্ট সার্ভিসেস লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান।

আরও পড়ুন: মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান আহম্মদ সোহেল মনজুরের

বর্তমানে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটি পরিচালনা করছে।

চট্টগ্রাম বন্দরের সিসিটি গত ছয় বছর ধরে দেশি বেসরকারি কোম্পানি সাইফ পাওয়ার টেকের মাধ্যমে প্রতিযোগিতামূলক দরপত্র পদ্ধতিতে পরিচালিত হয়ে আসছিল। ২ নভেম্বর তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়।

নতুন অপারেটর নিয়োগ না হওয়ায় পরবর্তী তিন সপ্তাহ সাইফ পাওয়ার টেককে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় বন্দর কর্তৃপক্ষ।

এছাড়া, গুরুত্বপূর্ণ এই টার্মিনাল পরিচালনার জন্য দরপত্র জমা দেওয়ার জন্য চারটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে। দরপত্র জমা দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি, শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এর মধ্যে বর্তমানে কনটেইনার ওঠানো-নামানোর কাজে নিয়োজিত ৯ প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

আরও পড়ুন: ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভে দুর্বৃত্তের গুলিতে ৫ জন আহত

সিসিটিতে একসঙ্গে দুটি জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো সম্ভব। এতদিন সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে টার্মিনালটি পরিচালনা করে আসছিল। তাদের সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ ২ নভেম্বর শেষ হয়েছে। নতুন অপারেটর হিসেবে এবার নিয়োগ পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস।

টার্মিনালের কার্যক্রম সচল রাখতে ছয় মাসের জন্য সীমিত দরপত্রে নতুন অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ। ১৭ নভেম্বর দরপত্র প্রকাশ করা হয়। দরপত্র কেনার সময় ছিল পরদিন পর্যন্ত। গত বৃহস্পতিবার দরপত্র খোলার পর দেখা যায়, চারটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত অবস্থায়ও বিপজ্জনক, দক্ষিণ আফ্রিকায় দেখা মিলছে বিষাক্ত ‘ব্লু ড্রাগন’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


মৃত অবস্থায়ও বিপজ্জনক, দক্ষিণ আফ্রিকায় দেখা মিলছে বিষাক্ত ‘ব্লু ড্রাগন’

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের বিভিন্ন সমুদ্রসৈকতে বিষাক্ত সামুদ্রিক প্রাণী ‘ব্লু ড্রাগন’ ভেসে আসছে। এই প্রাণীটি আকারে ছোট এবং নীল রঙের জন্য দেখতে আকর্ষণীয় হলেও জীবিত অবস্থায় এবং মৃত অবস্থায়ও এটি যন্ত্রণাদায়ক দংশন করতে সক্ষম।

এ কারণে কেপটাউন নগর কর্তৃপক্ষ সৈকতে ঘুরতে যাওয়া বাসিন্দা ও পর্যটকদের সতর্ক করেছে।

২২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কেপ উপকূলের বিভিন্ন সৈকতে ব্লু ড্রাগনের উপস্থিতি দেখা গেছে। এর পূর্বে ৭ নভেম্বর ওভারস্ট্র্যান্ড এলাকার প্রিংগল বে সৈকতে প্রাণীটির সন্ধান পাওয়া গিয়েছিল। একই সময়ে উপকূলে ব্লুবটল এবং কম্পাস জেলিফিশের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

ব্লু ড্রাগনের বৈজ্ঞানিক নাম গ্লকাস আটলান্টিকাস (Glaucus atlanticus) এবং এটি একটি সামুদ্রিক শামুকজাতীয় প্রাণী। সাধারণত এটি ব্লুবটল বা পর্তুগিজ ম্যান-ওয়ারের মতো বিষাক্ত সামুদ্রিক প্রাণী খেয়ে বেঁচে থাকে। শিকারের শরীর থেকে বিষাক্ত দংশনকারী কোষ সংগ্রহ করে এটি নিজের শরীরে জমা রাখে। এর ফলে দংশনের সময় তীব্র ব্যথা, জ্বালাপোড়া এবং ত্বকে ফোলাভাব দেখা দিতে পারে।

১৮ নভেম্বর প্রকাশিত কেপটাউন নগর কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, সমুদ্রের স্রোত এবং দক্ষিণ-পূর্ব দিকের বাতাসের প্রভাবে এসব প্রাণী উপকূলে ভেসে আসতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত অবস্থায় সৈকতে পড়ে থাকলেও ব্লু ড্রাগন এবং ব্লুবটল দংশন করতে পারে। তাই এসব প্রাণী স্পর্শ না করার পাশাপাশি শিশু ও পোষা প্রাণীদের দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দংশনের শিকার হলে আক্রান্ত স্থান ঘষাঘষি না করে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে। শ্বাসকষ্ট, অতিরিক্ত ফোলাভাব কিংবা তীব্র অ্যালার্জির লক্ষণ দেখা দিলে জরুরি চিকিৎসাসেবা নেওয়ার জন্য কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে।

কেপটাউন নগর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সাম্প্রতিক এ প্রাণী ভেসে আসার ঘটনায় তাদের কাছে দংশনের কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। তবে সমুদ্রসৈকতে নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে মামলায় আপসের জন্য বাদীকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


পটুয়াখালীতে মামলায় আপসের জন্য বাদীকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত

পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়ের করা একটি মামলায় আপসের আবেদন করায় আদালত বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। একই সঙ্গে মামলার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত বাদী মোহাম্মদ আলী হাওলাদার (৩২) গলাচিপা উপজেলার পশ্চিম পক্ষিয়া এলাকার বাসিন্দা। মামলার আসামি মো. আজিজুল হাওলাদার (২৪) একই এলাকার অধিবাসী।

মামলার বিস্তারিত এবং সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, মোহাম্মদ আলী হাওলাদার তার ১৪ বছর বয়সী ভাতিজিকে যৌন নির্যাতনের অভিযোগে আজিজুল হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেন। পরে স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা ঘটে। এরপর বাদী ও আসামি আদালতে উপস্থিত হয়ে আপসের ভিত্তিতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। কিন্তু আপস অযোগ্য ধারার মামলায় আপসের আবেদন করায় আদালত বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং আসামিকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান এ বিষয়ে মন্তব্য করেন, ‘ভুক্তভোগীকে আদালতে উপস্থিত না করে আপস অযোগ্য ধারায় আপসের আবেদন করায় বিজ্ঞ ট্রাইব্যুনাল বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আসামিকেও হাজতে পাঠিয়েছেন।’

তিনি আরও বলেন, অনেক সময় স্থানীয়ভাবে প্রভাবশালী ও অতি উৎসাহী কিছু ব্যক্তি বড় অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে ভুক্তভোগী ও বাদীকে চাপ প্রয়োগ করে আপসে বাধ্য করেন। আপস অযোগ্য ধারার মামলায় এ ধরনের আপস দণ্ডনীয় অপরাধ। আদালতের এই আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় স্পষ্ট বার্তা যাবে যে, আইনে আপসের সুযোগ নেই—এমন মামলায় আপস করার সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%