ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মৃত অবস্থায়ও বিপজ্জনক, দক্ষিণ আফ্রিকায় দেখা মিলছে বিষাক্ত ‘ব্লু ড্রাগন’


মৃত অবস্থায়ও বিপজ্জনক, দক্ষিণ আফ্রিকায় দেখা মিলছে বিষাক্ত ‘ব্লু ড্রাগন’

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের বিভিন্ন সমুদ্রসৈকতে বিষাক্ত সামুদ্রিক প্রাণী ‘ব্লু ড্রাগন’ ভেসে আসছে। এই প্রাণীটি আকারে ছোট এবং নীল রঙের জন্য দেখতে আকর্ষণীয় হলেও জীবিত অবস্থায় এবং মৃত অবস্থায়ও এটি যন্ত্রণাদায়ক দংশন করতে সক্ষম।

এ কারণে কেপটাউন নগর কর্তৃপক্ষ সৈকতে ঘুরতে যাওয়া বাসিন্দা ও পর্যটকদের সতর্ক করেছে।

২২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কেপ উপকূলের বিভিন্ন সৈকতে ব্লু ড্রাগনের উপস্থিতি দেখা গেছে। এর পূর্বে ৭ নভেম্বর ওভারস্ট্র্যান্ড এলাকার প্রিংগল বে সৈকতে প্রাণীটির সন্ধান পাওয়া গিয়েছিল। একই সময়ে উপকূলে ব্লুবটল এবং কম্পাস জেলিফিশের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন: আফ্রিকার খনিজ সম্পদে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রতিযোগিতা; লাভবান হবে কারা?

ব্লু ড্রাগনের বৈজ্ঞানিক নাম গ্লকাস আটলান্টিকাস (Glaucus atlanticus) এবং এটি একটি সামুদ্রিক শামুকজাতীয় প্রাণী। সাধারণত এটি ব্লুবটল বা পর্তুগিজ ম্যান-ওয়ারের মতো বিষাক্ত সামুদ্রিক প্রাণী খেয়ে বেঁচে থাকে। শিকারের শরীর থেকে বিষাক্ত দংশনকারী কোষ সংগ্রহ করে এটি নিজের শরীরে জমা রাখে। এর ফলে দংশনের সময় তীব্র ব্যথা, জ্বালাপোড়া এবং ত্বকে ফোলাভাব দেখা দিতে পারে।

১৮ নভেম্বর প্রকাশিত কেপটাউন নগর কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, সমুদ্রের স্রোত এবং দক্ষিণ-পূর্ব দিকের বাতাসের প্রভাবে এসব প্রাণী উপকূলে ভেসে আসতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত অবস্থায় সৈকতে পড়ে থাকলেও ব্লু ড্রাগন এবং ব্লুবটল দংশন করতে পারে। তাই এসব প্রাণী স্পর্শ না করার পাশাপাশি শিশু ও পোষা প্রাণীদের দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দংশনের শিকার হলে আক্রান্ত স্থান ঘষাঘষি না করে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে। শ্বাসকষ্ট, অতিরিক্ত ফোলাভাব কিংবা তীব্র অ্যালার্জির লক্ষণ দেখা দিলে জরুরি চিকিৎসাসেবা নেওয়ার জন্য কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন: চলতি বছরে ২৩ ইসরাইলি সেনার আত্মহত্যা, ১৬ বছরে সর্বাধিক

কেপটাউন নগর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সাম্প্রতিক এ প্রাণী ভেসে আসার ঘটনায় তাদের কাছে দংশনের কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। তবে সমুদ্রসৈকতে নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে মামলায় আপসের জন্য বাদীকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


পটুয়াখালীতে মামলায় আপসের জন্য বাদীকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত

পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়ের করা একটি মামলায় আপসের আবেদন করায় আদালত বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। একই সঙ্গে মামলার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত বাদী মোহাম্মদ আলী হাওলাদার (৩২) গলাচিপা উপজেলার পশ্চিম পক্ষিয়া এলাকার বাসিন্দা। মামলার আসামি মো. আজিজুল হাওলাদার (২৪) একই এলাকার অধিবাসী।

মামলার বিস্তারিত এবং সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, মোহাম্মদ আলী হাওলাদার তার ১৪ বছর বয়সী ভাতিজিকে যৌন নির্যাতনের অভিযোগে আজিজুল হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেন। পরে স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা ঘটে। এরপর বাদী ও আসামি আদালতে উপস্থিত হয়ে আপসের ভিত্তিতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। কিন্তু আপস অযোগ্য ধারার মামলায় আপসের আবেদন করায় আদালত বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং আসামিকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান এ বিষয়ে মন্তব্য করেন, ‘ভুক্তভোগীকে আদালতে উপস্থিত না করে আপস অযোগ্য ধারায় আপসের আবেদন করায় বিজ্ঞ ট্রাইব্যুনাল বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আসামিকেও হাজতে পাঠিয়েছেন।’

তিনি আরও বলেন, অনেক সময় স্থানীয়ভাবে প্রভাবশালী ও অতি উৎসাহী কিছু ব্যক্তি বড় অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে ভুক্তভোগী ও বাদীকে চাপ প্রয়োগ করে আপসে বাধ্য করেন। আপস অযোগ্য ধারার মামলায় এ ধরনের আপস দণ্ডনীয় অপরাধ। আদালতের এই আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় স্পষ্ট বার্তা যাবে যে, আইনে আপসের সুযোগ নেই—এমন মামলায় আপস করার সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার বিদেশি কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি জানাবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


সরকার বিদেশি কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি জানাবে

ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের আগামীকাল মঙ্গলবার দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করার পরিকল্পনা করেছে সরকার। রাজধানীর একটি রাষ্ট্রীয় অতিথিশালায় এ ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টায় ব্রিফিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির কূটনীতিকদের ব্রিফ করবেন। তবে ওই কর্মকর্তা ব্রিফিংয়ের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

আজ সোমবার ঢাকায় অবস্থিত সব কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের ব্রিফিংয়ে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল বিএনপি নিরঙ্কুশ জয় পাওয়ার পর তিনি সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠককে দেশের গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, দলীয় পরিচয় ও আদর্শিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পতিত স্বৈরাচারী শক্তির দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে সব গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।

মাহদী আমিন বলেন, ‘পতিত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাজনৈতিক মত, বিশ্বাস ও আদর্শের পার্থক্য থাকলেও সব গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী শক্তি ঐক্যবদ্ধ।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে দুই বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে দুই বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি এবং চারটি ম্যাগাজিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। এ সময় অস্ত্র কেনাবেচার জন্য নগদ এক লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার মনাকষা এলাকায় অভিযানটি সম্পন্ন হয়। একই দিন সন্ধ্যায় এসআরবি-৫ ব্যাটালিয়ন, রাজশাহী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মনাকষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রানীনগর হাটপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে আহসান আলী (৫৬) এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাউসনগর গ্রামের তহুরুল ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৮)।

এসআরবি জানায়, সোমবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে রুস্তম আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এই অভিযানে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন এবং নগদ টাকা সহ আহসান আলী ও আব্দুর রহিমকে আটক করা হয়।

এসআরবি আরও জানায়, গ্রেপ্তার হওয়া আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র, পাসপোর্ট জালিয়াতি এবং গুরুতর জখমের অভিযোগে অন্তত তিনটি মামলা রয়েছে। অন্যদিকে, আব্দুর রহিমের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় জাল টাকার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অবৈধ অস্ত্রের কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসআরবি-৫ ব্যাটালিয়নের রাজশাহী সদর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার নাইম আনোয়ার শাওন জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এসআরবি-৫-এর রাজশাহী সদর ক্যাম্প এবং চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় ঐক্য গড়ার জন্য বিএনপিকে প্রথমে নিজেদের ভুল স্বীকার করে ‘মুচলেকা’ দিতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামের নিউমার্কেটে অনুষ্ঠিত এনসিপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদানকালে এই কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা মানে এই নয় যে বিএনপির গত আট মাসের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগগুলো ভুলে গিয়ে সামনে এগিয়ে যাবে তারা।

তিনি বলেন, ‘বাংলাদেশে যদি ঐক্য প্রতিষ্ঠা করতে হয়, তাহলে প্রথমেই বিএনপিকে মুচলেকা দিতে হবে। বাবা, আমি ভুল করেছি, মাফ করে দাও। আমি গণরায় বাস্তবায়ন করব। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে গিয়েছি। আলোচনা মানে এই নয় যে, আমরা আপনার যত অপরাধ রয়েছে, সেই অপরাধের খাতা লুকিয়ে রেখে সামনে এগিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘গত আট মাসে বাংলাদেশে যারা ব্যবসায়ীদের চাঁদাবাজির শিকার হতে হয়েছে, যারা আহত এবং নিহত হয়েছেন—ওই ভাইদের রক্তের প্রতিশোধ বাংলাদেশে আমরা নেব ইনশাআল্লাহ।’

এর আগে সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড় থেকে এনসিপির এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করে দলটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%