ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: রাষ্ট্রপতি


আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, "আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি। জুলাইয়ের চেতনা যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা বাস্তবে রূপ দিতে পারি—এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার।"

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নূরুল ইসলাম, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া।

আরও পড়ুন: খুলনায় বিএনপি নেতা জাকির শেখকে গুলি করে হত্যা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেন, "দীর্ঘ ১৬ বছর ধরে অসংখ্য মানুষ অক্লান্ত সংগ্রাম করেছেন। রাজনৈতিক দলের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় স্বৈরশাসনের অবসান ঘটেছে। এটি জাতির ইতিহাসের এক গৌরবময় অধ্যায়, যা বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে গর্বের সঙ্গে স্মরণ করবে।"

বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের প্রসঙ্গও তুলে ধরেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, "আজ দুপুরে একটি অনুষ্ঠানে আমি এক হৃদয়বিদারক দৃশ্য প্রত্যক্ষ করেছি। এক মা তার অন্ধ ছেলেকে হাত ধরে মঞ্চে নিয়ে এসেছেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানে ওই তরুণ তার দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। মা সবার সামনে তাদের দুঃখ-কষ্ট, অভাব-অভিযোগ ও বেদনার কথা তুলে ধরেছেন।"

হাফিজ উদ্দিন আহমদ বলেন, "জুলাইয়ে যারা জীবন দিয়েছেন কিংবা অঙ্গহানির শিকার হয়েছেন, তাদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা জাতীয় সংসদ ও বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এটি কোনো স্বল্পমেয়াদি দায়িত্ব নয়; বরং একটি দীর্ঘমেয়াদি জাতীয় অঙ্গীকার।"

ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, "বাংলাদেশের জাতীয় জীবনে ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর যেমন গৌরব ও বিজয়ের দিন, তেমনি ৫ আগস্টও গৌরব ও বিজয়ের দিন হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে।"

আরও পড়ুন: মহাসড়কে ছিনতাই ঝুঁকি সম্পর্কে চালকদের সতর্ক করলো পুলিশ

ভারপ্রাপ্ত স্পিকার বলেন, "স্বাধীনতার পর বাংলাদেশ ধারাবাহিকভাবে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পায়নি। ফলে স্বাধীনতার প্রকৃত সুফল থেকে জনগণ বহুবার বঞ্চিত হয়েছে।"

"ভবিষ্যতে যেন জাতিকে আর সেই পথে হাঁটতে না হয়, সে জন্য ধৈর্য, সহনশীলতা এবং পরিশীলিত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।"

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "প্রকৃত সংস্কার মানুষের মনোজগতে হতে হবে। মনোজগতের পরিবর্তন না হলে শুধু আইন বা প্রতিষ্ঠান পরিবর্তনের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠন সম্ভব নয়।"

তিনি আরও বলেন, "রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কার ও মেরামতের সূচনা হতে হবে সংবিধান থেকে, যা রাষ্ট্রের সর্বোচ্চ আইন।"

আরও পড়ুন: সৌদি আরবে হজ প্রশিক্ষণ শেষে ১১ সদস্যের প্রতিনিধি দল দেশে ফিরেছে

চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, "২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিল দেশের জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল। এর মাধ্যমেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুজ্জীবনের সুযোগ সৃষ্টি হয়েছে।"

তিনি বলেন, "১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও ২০২৪ সালের ৫ আগস্ট সেই স্বাধীনতার গণতান্ত্রিক ভিত্তিকে সুসংহত করার নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।"

চিফ হুইপ জুলাই বিপ্লবের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, "বিগত ‘মাফিয়া’ সরকার দেশের বিপুল অর্থ বিদেশে পাচার করেছে, মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার হরণ করেছে এবং ‘আয়নাঘর’, গুম, জেল-জুলুম ও নির্যাতনের মাধ্যমে ভয়ের রাজত্ব কায়েম করেছিল।"

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ও কার্যকর ভূমিকার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

আরও পড়ুন: সরকার জনগণের নিরাপত্তা দিতে না পারলে ফাঁদে পড়বে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের সব হুইপ, সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে ৫০ শহীদ-আহত পরিবারকে সঙ্গে নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘নির্ভীক জুলাই’র ভিত্তিপ্রস্তর স্থাপন করলো ডাকসু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:০০ পি.এম


ঢাবিতে ৫০ শহীদ-আহত পরিবারকে সঙ্গে নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘নির্ভীক জুলাই’র ভিত্তিপ্রস্তর স্থাপন করলো ডাকসু

জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে জাগরূক রাখার প্রত্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নির্ভীক জুলাই’ নামে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে ডাকসু।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর উদ্যোগে আজ ৫ আগস্ট ২০২৬ (বুধবার) রাত ৯:০০টায় ডাকসু ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে ডাকসুর নেতৃবৃন্দ এবং প্রায় ৫০ জন শহীদ ও আহত পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এই মোনাজাত পরিচালনা করেন এক শহীদের পিতা। মোনাজাতে দেশ, জাতি এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠার এক অবিস্মরণীয় অধ্যায়। এই আন্দোলনের শহীদরা কেবল একটি সময়ে নয়, সমগ্র জাতির বিবেক। ‘নির্ভীক জুলাই’ শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি হবে আত্মত্যাগ, সাহস এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের চিরন্তন প্রতীক। ভবিষ্যৎ প্রজন্ম যেন জানতে পারে, কীভাবে সাধারণ ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নতুন জীবন দিয়েছে, সেই দায়বদ্ধতা থেকেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শহীদ পরিবারের প্রতি জাতির ঋণ কখনো শোধ হওয়ার নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে ডাকসুর বর্তমান নেতৃবৃন্দর সবসময় জুলাইয়ের চেতনাকে ধারণ করবে এবং শহীদদের স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় প্রতিটি উদ্যোগ অব্যাহত রাখবে। আমরা চাই এই স্মৃতিস্তম্ভে এসে প্রতিটি শিক্ষার্থী সাহস, দেশপ্রেম ও ন্যায়বিচারের প্রেরণা লাভ করুক।’

অনুষ্ঠানে উপস্থিত এক শহীদের মা আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমাদের সন্তানরা আর ফিরে আসবে না। কিন্তু তাদের আত্মত্যাগ যদি দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, ভবিষ্যৎ প্রজন্ম যদি তাদের কথা জানে, তাহলে আমাদের কষ্টের মাঝেও কিছুটা সান্ত্বনা থাকবে। এই স্মৃতিস্তম্ভ আমাদের সন্তানদের ত্যাগকে বাঁচিয়ে রাখবে।’

আরেক শহীদের পিতা বলেন, ‘আমাদের সন্তানেরা দেশের মানুষের অধিকার ও ন্যায়বিচারের জন্য জীবন দিয়েছে। আমরা চাই, তাদের স্বপ্ন যেন কখনো হারিয়ে না যায়। এই উদ্যোগের জন্য আমরা ডাকসুর প্রতি কৃতজ্ঞ।’

এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হায়দার, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহ মাজহারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খান জসীম, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, কার্যনির্বাহী সম্পাদক আনাস ইবনে মুনির, রায়হান উদ্দীন, রাইসুল ইসলাম, ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির নয়, এটি সর্বস্তরের মানুষের বিপ্লব’-মাওলানা রফিকুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:০২ পি.এম


‘জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির নয়, এটি সর্বস্তরের মানুষের বিপ্লব’-মাওলানা রফিকুল ইসলাম

ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে গণমিছিল, র‍্যালি ও পথসভা আয়োজন করেছে ১১ দলীয় ঐক্যজোটের কালকিনি উপজেলা শাখা।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা এলাকার কালকিনি মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে নেতা-কর্মীরা সমবেত হন। এরপর সেখান থেকে একটি বিশাল গণমিছিল ও প্রমথ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাছ বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত পথসভা।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কালকিনি পৌরসভার আমির মাওলানা রফিকুল ইসলাম বলেন, “জুলাই আন্দোলনের বিপ্লব শুধুমাত্র কোনো দল বা ব্যক্তির নয়, এটি সর্বস্তরের মানুষের অবদান। গণভোট জনগণের সম্মিলিত সিদ্ধান্ত। সুতরাং জনগণের দেওয়া গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন ও মেনে নেওয়া উচিত।”

তিনি আরও বলেন, “জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আমির মাওলানা এনামুল হক, ডাসার উপজেলা আমির মাওলানা আবদুস সালাম আকন, কালকিনি পৌরসভার আমির মাওলানা রফিকুল ইসলাম, কালকিনি পৌরসভার মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালকিনি পৌরসভা শাখার সভাপতি হাফেজ মাওলানা হাসান জামান খান, কালকিনি পৌরসভা নায়েবে আমির মাওলানা এস এম শাহ আলমসহ ১১ দলীয় ঐক্যজোটের উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রেখে দেশের শান্তি, ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে কালকিনি মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বৈরাচারের পতন ঘটাতেই হয়েছিল জুলাই আন্দোলন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


স্বৈরাচারের পতন ঘটাতেই হয়েছিল জুলাই আন্দোলন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জুলাইয়ের যোদ্ধারা কোটার দাবিতে নয়, বরং ১৭ বছরের গুম, খুন, সন্ত্রাস, নির্যাতন ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতেই তারা রাজপথে নেমেছিলেন।

বুধবার (৫ আগস্ট) ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই বিজয় র‌্যালি-পরবর্তী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেছেন, "এই বিজয় কোনো ব্যক্তি বা দলের নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের বিজয়।"

রাষ্ট্রপতি বলেছেন, "আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি।"

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার। বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।

এ সময় জেলা, উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


বগুড়ায় ট্রাকের ধাক্কায় নারী নিহত

জেলার কাহালুতে বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী জান্নাতুল ফেরদৌস (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার দুপুর ১টায় উপজেলার মালঞ্চা ইউনিয়নের ইন্দ্রপুর বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরোখা গ্রামের আবু জাফর প্রামাণিকের স্ত্রী। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তি হলেন একই ইউনিয়নের মাগুরা দক্ষিণপাড়া গ্রামের মৃত তহির উদ্দিনের ছেলে আবদুল খালেক (৫৫)।

জানা গেছে, দুপুর ১টার দিকে ইন্দ্রপুর বাজার এলাকায় বালুবাহী একটি ট্রাক সামনে থাকা সিএনজিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার ফলে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। আহত আবদুল খালেক বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বাসসকে জানিয়েছেন, একজনের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে এবং আরও একজন চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%