০৯:৫৫ পি.এম
সম্পর্ক ভেঙে যাওয়ার পরও সাবেক সঙ্গীর দেওয়া কিছু উপহার অনেকের কাছে রয়ে যায়। কিছু মানুষের কাছে সেগুলো পুরোনো দিনের স্মৃতি হিসেবে কাজ করে, আবার অন্যদের কাছে সেগুলো নিত্যব্যবহার্য জিনিস। তবে নতুন সম্পর্কে জড়ানোর পর এসব উপহার নিয়ে অস্বস্তি কিংবা ঈর্ষা তৈরি হতে পারে। এ অবস্থায় প্রশ্ন ওঠে, প্রাক্তনের দেওয়া উপহার রাখা উচিত কি না? এবং নতুন সঙ্গীকে কি জানানো প্রয়োজন যে, জিনিসটি সাবেক সঙ্গীর কাছ থেকে এসেছে?
প্রাক্তনের উপহার রেখে দেন কতজন?
সাবেক সঙ্গীর দেওয়া উপহার সংরক্ষণ করার প্রবণতা একটি সাধারণ বিষয়, যা যুক্তরাষ্ট্রের ৮৩ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর পরিচালিত একটি প্রাথমিক গবেষণায় প্রতিফলিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, ৭১ শতাংশ নারী এবং ৭২ শতাংশ পুরুষ সাবেক সঙ্গীর দেওয়া অন্তত একটি উপহার এখনও সংরক্ষণ করে রেখেছেন। এসব উপহারের মধ্যে পোশাক ও গয়নার সংখ্যা ছিল সবচেয়ে বেশি।
আরও পড়ুন: জীবনকে সুন্দর করতে গড়ে তুলুন ১০টি ইতিবাচক অভ্যাস
তবে উপহারগুলো সংরক্ষণের পেছনে নারী ও পুরুষের কারণ এক নয়। নারীরা সাধারণত পুরোনো সম্পর্কের স্মৃতি ধরে রাখতে এসব জিনিস রেখে দেন। অপরদিকে, পুরুষদের একটি বড় অংশের কাছে উপহারগুলো প্রয়োজনীয় এবং ব্যবহারযোগ্য হওয়ায় সেগুলো সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
কেন পুরোনো উপহার ফেলে দিতে পারেন না?
সাবেক সঙ্গীর দেওয়া উপহার কেবল একটি বস্তু নয়, বরং অনেক সময় তা জীবনের বিশেষ কোনো সময়ের স্মারক হয়ে দাঁড়ায়। উপহারটি হাতে নিলে মনে পড়ে যেতে পারে একসময়কার সম্পর্ক, ভালোবাসা কিংবা একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা।
সাদ ও গিলের (২০০৩) একটি বিবর্তনীয় মনোবিষয়ক গবেষণায় উল্লেখ করা হয়েছে, উপহার দেওয়ার মাধ্যমে সম্ভাব্য জীবনসঙ্গী নিজের ভালোবাসা ও প্রতিশ্রুতি প্রকাশ করেন। সেইসাথে আর্থিক সক্ষমতারও ইঙ্গিত দেন। ফলে সাবেক সঙ্গীর দেওয়া কোনো উপহার মনে করিয়ে দিতে পারে, একসময় কেউ আমাদের জন্য সময়, অর্থ ও প্রচেষ্টা ব্যয় করেছিলেন। এ কারণেই সম্পর্ক শেষ হলেও উপহারটি সহজে ফেলে দেওয়া অনেকের জন্য কঠিন হয়ে পড়ে।
আরও পড়ুন: ডিম লিভার ও হৃৎপিণ্ডের জন্য ক্ষতিকর কি?
নতুন সঙ্গী কীভাবে দেখেন এসব উপহার?
সাবেক সঙ্গীর উপহার সংরক্ষণ করার বিষয়টি বর্তমান সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে সম্পর্কে থাকা ৭৬ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর একটি জরিপ পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের কল্পনা করতে বলা হয়েছিল, তাদের বর্তমান সঙ্গী আগের সম্পর্কের কিছু উপহার এখনও রেখে দিয়েছেন।
জরিপে দেখা গেছে, সব ধরনের উপহার নিয়ে নতুন সঙ্গীর অস্বস্তি সমান নয়। সাবেক সঙ্গীর দেওয়া সোয়েটার রেখে দেওয়াকে তারা খুব একটা আপত্তিকর মনে করেননি। তবে প্রায় এক-তৃতীয়াংশ অংশগ্রহণকারী সাবেক সঙ্গীর সঙ্গে তোলা ছবি সংরক্ষণ করায় আপত্তি জানিয়েছেন।
উপহারটি কেন রাখা হয়েছে, সেটিও তাদের কাছে গুরুত্বপূর্ণ। জরিপে ৫৯ শতাংশ অংশগ্রহণকারী পুরোনো স্মৃতি ধরে রাখার জন্য উপহার সংরক্ষণ করাকে স্বাভাবিক বলে মনে করেছেন। বিপরীতে, ১৭ শতাংশ এ কারণে অস্বস্তি বোধ করবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: হাসির আড়ালে হাজারো কষ্ট / ফরহাদের জীবনের গল্প যেন এক নীরব যুদ্ধ, যেখানে প্রতিদিন হার মানে স্বপ্ন, তবুও থামে না বেঁচে থাকার লড়াই!
আবার উপহারটি ব্যবহারযোগ্য বলে রেখে দেওয়া হয়েছে, এমন ব্যাখ্যাকে ৫৪ শতাংশ অংশগ্রহণকারী গ্রহণযোগ্য মনে করেছেন। তবে সাবেক সঙ্গীর প্রতি এখনও আবেগ রয়েছে কিংবা তাকে ভুলতে না পারার কারণে উপহার রেখে দেওয়া হলে নতুন সঙ্গীদের অস্বস্তি তুলনামূলক বেশি। এ ধরনের ব্যাখ্যায় ২৯ শতাংশ অংশগ্রহণকারী অস্বস্তি বোধ করবেন বলে জানিয়েছেন।
সাবেক সঙ্গীর স্মৃতিচিহ্ন কেন ঈর্ষার কারণ হয়?
নতুন সঙ্গী সাবেক সম্পর্কের উপহার নিয়ে কেন অস্বস্তি বোধ করেন, তার ব্যাখ্যা বিবর্তনীয় মনোবিজ্ঞানে পাওয়া যায়। ঈর্ষাকে অনেক সময় প্রিয় সম্পর্কের জন্য সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর হুমকির সতর্কসংকেত হিসেবে দেখা হয়। এ ক্ষেত্রে সাবেক সঙ্গীকে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মনে করাটা অস্বাভাবিক নয়।
গবেষণায় দেখা গেছে, বিচ্ছেদের পর অনেকেই আবার সাবেক সঙ্গীর সঙ্গে সম্পর্কে জড়ান। যুক্তরাষ্ট্রের তরুণ প্রাপ্তবয়স্কদের ওপর পরিচালিত একটি গবেষণায় এ হার ছিল ৪৪ শতাংশ। অন্য কিছু গবেষণায় এ হার ৬০ শতাংশেরও বেশি পাওয়া গেছে। ফলে সাবেক সঙ্গীর দেওয়া উপহার নতুন সঙ্গীর মনে পুরোনো সম্পর্ক আবার ফিরে আসার আশঙ্কা তৈরি করতে পারে।
আরও পড়ুন: আয়নায় নিজেকে যেমন দেখেন, অন্যের চোখে কি তেমনই আপনি? গবেষণায় উঠে এল নতুন তথ্য
গবেষণায় আরও দেখা গেছে, সাবেক সঙ্গীর স্মৃতিচিহ্ন রেখে দেওয়ার বিষয়টি পুরুষদের মধ্যে তুলনামূলক বেশি অস্বস্তি তৈরি করে। পুরুষেরা নিজেরাও ভালোভাবে শেষ হওয়া সম্পর্কের উপহার রেখে দেন। তবে তিক্ত বিচ্ছেদ হলে সেগুলো ফেলে দেওয়ার প্রবণতা দেখা যায়। অন্যদিকে, সম্পর্ক খারাপভাবে শেষ হলেও নারীরা তুলনামূলক বেশি উপহার সংরক্ষণ করেন।
এর একটি কারণ হতে পারে, সঙ্গীর অবিশ্বস্ততার আশঙ্কা পুরুষদের বেশি বিচলিত করে। সাবেক সঙ্গীর দেওয়া উপহার তাদের মনে করিয়ে দিতে পারে, বর্তমান সঙ্গীর জীবনে আগে অন্য কেউ ছিলেন। এ ছাড়া পুরুষেরা সম্পর্ক গড়ার ক্ষেত্রে তুলনামূলক বেশি উপহার দেন। তাই অন্য পুরুষের দেওয়া উপহারকে তারা সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর বিনিয়োগ হিসেবেও দেখতে পারেন।
অন্যদিকে, নারীরা উপহারের আর্থিক ও আবেগগত মূল্যের কারণে সেগুলো রেখে দিতে পারেন। তাদের কাছে উপহারটি হয়তো জীবনের বিশেষ কোনো সময়ের স্মারক। সম্পর্ক খারাপভাবে শেষ হলেও সেই সময়ের স্মৃতি পুরোপুরি মুছে যায় না।
তাহলে উপহারটি রেখে দেওয়া কি ভুল?
আরও পড়ুন: হিমালয়ের চূড়ায় অপরূপ চন্দ্রোদয়, লাখো মানুষ মুগ্ধ
সাবেক সঙ্গীর দেওয়া উপহার আলমারিতে পড়ে থাকলেই যে বর্তমান সম্পর্কে সমস্যা তৈরি হবে, এমন নয়। বিষয়টি নির্ভর করে উপহারটি রাখার কারণ এবং সাবেক সঙ্গীর সঙ্গে বর্তমান আবেগের সম্পর্কের ওপর।
যেমন, আলমারিতে রাখা সাবেক সঙ্গীর দেওয়া একটি লাল সোয়েটার নিয়ে নতুন সঙ্গীর আপত্তি না-ও থাকতে পারে। কিন্তু সেটি রাখার পেছনে যদি এখনও পুরোনো সম্পর্কের প্রতি আবেগ বা ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা কাজ করে, তাহলে বিষয়টি নতুন সম্পর্কে অস্বস্তি তৈরি করতে পারে।
উপহারটি যদি কেবল পুরোনো দিনের স্মৃতি হয় এবং সাবেক সঙ্গীর সঙ্গে কোনো অসমাপ্ত সম্পর্ক না থাকে, তাহলে সেটি রেখে দেওয়ায় দোষের কিছু নেই। চাইলে ব্যবহারও করা যেতে পারে। তবে নতুন সঙ্গীর অনুভূতি ও স্বস্তির বিষয়টিও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আরও পড়ুন: ঘরে বসে ৪ উপায়ে জেনে নিন আপনার মস্তিষ্কের বয়স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন