০৫:২২ পি.এম
জন্মতারিখ অনুযায়ী বয়স ৫০ হলেও কারো মস্তিষ্ক তুলনামূলকভাবে তরুণ হতে পারে। আবার, বয়স কম হলেও কারো মস্তিষ্কে দ্রুত বার্ধক্যের ছাপ দেখা যেতে পারে। মস্তিষ্কের এই জৈবিক বয়স সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব কিছু সহজ পরীক্ষার মাধ্যমে। হাঁটার গতি, প্রতিক্রিয়ার সময়, পথ চিনে রাখার ক্ষমতা ও স্মৃতিশক্তি যাচাই করে গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত পাওয়া যেতে পারে।
মস্তিষ্কের বয়স কেন গুরুত্বপূর্ণ?
জন্মতারিখ থেকে হিসাব করা বয়সকে কালানুক্রমিক বয়স বা ক্রোনোলজিক্যাল এজ বলা হয়। অন্যদিকে, শরীরের কোষ, টিস্যু ও অঙ্গপ্রত্যঙ্গের অবস্থার ভিত্তিতে নির্ধারিত বয়স হলো জৈবিক বয়স বা বায়োলজিক্যাল এজ। একই বয়সের দুজন মানুষের জৈবিক বয়স এক নাও হতে পারে। মস্তিষ্কের ক্ষেত্রেও বিষয়টি একই রকম।
আরও পড়ুন: আয়নায় নিজেকে যেমন দেখেন, অন্যের চোখে কি তেমনই আপনি? গবেষণায় উঠে এল নতুন তথ্য
সম্প্রতি ৪৫ হাজার মানুষের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, যাদের মস্তিষ্কের জৈবিক বয়স প্রকৃত বয়সের তুলনায় বেশি, তাদের পরবর্তী ১৫ বছরে যেকোনো কারণে মৃত্যুর ঝুঁকি ১৮২ শতাংশ বেশি। গবেষণাটি প্রকাশিত হয়েছে সাময়িকী নেচার মেডিসিনে। রক্তের বিভিন্ন প্রোটিনের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে গবেষকেরা মস্তিষ্কের বয়স নির্ধারণ করেন।
এছাড়া, এমআরআই পরীক্ষার মাধ্যমে মস্তিষ্কের গঠন ও আকারের পরিবর্তন পর্যবেক্ষণ করা যায়। বয়স বাড়ার সঙ্গে মস্তিষ্কের আয়তন কিছুটা কমতে পারে। এর সঙ্গে স্মৃতি, চিন্তাশক্তি ও তথ্য প্রক্রিয়াকরণের দক্ষতার সম্পর্ক রয়েছে।
তবে মস্তিষ্কের বয়স সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে সব সময় ব্যয়বহুল পরীক্ষা প্রয়োজন হয় না। ঘরে বসেই কিছু বিষয় যাচাই করা সম্ভব।
১. হাঁটার গতি মেপে দেখুন
আরও পড়ুন: হিমালয়ের চূড়ায় অপরূপ চন্দ্রোদয়, লাখো মানুষ মুগ্ধ
হাঁটার গতি শুধুমাত্র শারীরিক সক্ষমতার পরিচয় দেয় না, বরং মস্তিষ্কের স্বাস্থ্য সম্পর্কেও ধারণা দিতে পারে। এ পরীক্ষার জন্য প্রয়োজন একটি স্টপওয়াচ, মাপার ফিতা এবং হাঁটার জন্য কিছুটা ফাঁকা জায়গা।
ঘরের ভেতরে প্রথমে এক মিটার জায়গা রেখে পরবর্তী চার মিটার দূরত্ব নির্ধারণ করুন। প্রথম এক মিটার স্বাভাবিক হাঁটার গতি তৈরি করার জন্য। এরপর চার মিটার অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগে, তা মাপুন। বাইরে পরীক্ষা করলে পাঁচ মিটার জায়গা গতি স্বাভাবিক করার জন্য এবং পরবর্তী ১০ মিটার সময় মাপার জন্য ব্যবহার করতে পারেন।
অতিক্রম করা দূরত্বকে সময় দিয়ে ভাগ করলেই প্রতি সেকেন্ডে হাঁটার গতি পাওয়া যাবে।
নিউজিল্যান্ডের একটি দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে, ৪৫ বছর বয়সে মানুষের হাঁটার গতি থেকেই মস্তিষ্ক ও শরীরের বার্ধক্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। ধীরগতিতে হাঁটা ব্যক্তিদের মস্তিষ্কের আয়তন তুলনামূলক কম এবং বাইরের আবরণ পাতলা হওয়ার প্রবণতা দেখা গেছে। তাঁদের স্মৃতি, চিন্তাশক্তি ও তথ্য প্রক্রিয়াকরণের গতিও তুলনামূলক কম ছিল।
আরও পড়ুন: বিটরুটের স্বাস্থ্য উপকারিতা: পুষ্টিগুণ ও সুবিধা জানুন
যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের আরেক গবেষণায় দেখা গেছে, ৭৫ বছর বয়সী পুরুষদের মধ্যে সবচেয়ে ধীরগতিতে হাঁটা ব্যক্তিদের পরবর্তী ১০ বছর বেঁচে থাকার সম্ভাবনা ১৯ শতাংশ। দ্রুতগতিতে হাঁটা ব্যক্তিদের ক্ষেত্রে এ হার ৮৭ শতাংশ। নারীদের ক্ষেত্রে এ হার যথাক্রমে ৩৫ ও ৯১ শতাংশ।
তবে হাঁটার গতিতে বয়স ছাড়াও শারীরিক অবস্থা ও অন্যান্য বিষয় প্রভাব ফেলে। তাই ধীরে হাঁটলেই অসুস্থতা বা মস্তিষ্কের বার্ধক্য হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর কারণ নেই।
২. প্রতিক্রিয়ার সময় পরীক্ষা করুন
কোনো সংকেত দেখার বা শোনার পর কত দ্রুত সাড়া দিতে পারেন, সেটিই প্রতিক্রিয়ার সময় বা রিঅ্যাকশন টাইম। যেমন স্ক্রিনে আলো জ্বলে উঠলে কত দ্রুত বোতাম চাপতে পারছেন, তা দিয়ে এ সক্ষমতা যাচাই করা যায়।
আরও পড়ুন: সিদ্ধান্ত এড়িয়ে যাওয়ার প্রবণতা? নেপথ্যে থাকতে পারে ‘ডিসিশন ফেটিগ’
গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্কদের প্রতিক্রিয়ার সময় প্রতি দশকে প্রায় ২ থেকে ৬ মিলিসেকেন্ড ধীর হতে পারে।
কিংস কলেজ লন্ডনের গবেষক আনা-ক্যাথারিন ব্রেমের মতে, একবারের পরীক্ষার ফলের চেয়ে দীর্ঘ সময় ধরে প্রতিক্রিয়ার গতিতে কী পরিবর্তন হচ্ছে, সেটি বেশি গুরুত্বপূর্ণ।
এ পরীক্ষার জন্য বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করা যায়। যেমন হিউম্যান বেঞ্চমার্ক ওয়েবসাইটে নিজের ক্লিকের গতি অন্য ব্যবহারকারীদের ফলাফলের সঙ্গে তুলনা করা সম্ভব। এ ছাড়া রিফ্লেক্স অ্যান্ড রিঅ্যাকশন টাইম টেস্ট এবং সুইচডঅন অ্যাপেও পরীক্ষা করা যায়।
তবে প্রতিবার একই অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করা ভালো। এতে সময়ের সঙ্গে নিজের ফলাফলের পরিবর্তন বোঝা সহজ হবে।
আরও পড়ুন: শিশুর শরীরে ভিটামিনের ঘাটতি চিহ্নিত করার উপায়
৩. নেভিগেশন বা পথ চিনে রাখার ক্ষমতা যাচাই করুন
পরিচিত জায়গায় যাতায়াতের পথ মনে রাখা সহজ হলেও অপরিচিত জায়গায় পথ খুঁজে বের করতে মস্তিষ্ককে বেশি কাজ করতে হয়। এ দক্ষতাকে বলা হয় স্পেশাল নেভিগেশন বা স্থানিক দিকনির্দেশনা।
কিংস কলেজ লন্ডনের গবেষক ব্রেমের মতে, আলঝেইমার রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করার ক্ষেত্রে এ দক্ষতার পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে।
পরীক্ষাটি করতে স্মৃতি থেকে নিজের বাড়ি থেকে কাছের রেলস্টেশন, পোস্ট অফিস কিংবা ক্যাফে পর্যন্ত যাওয়ার একটি মানচিত্র আঁকুন। সেখানে রাস্তার নাম, মোড়, দূরত্ব এবং পরিচিত স্থাপনার অবস্থান উল্লেখ করার চেষ্টা করুন।
আরও পড়ুন: ছাতক-ভোলাগঞ্জের পরিত্যক্ত রোপওয়ে সংস্কারে পর্যটনের নতুন সম্ভাবনা
সময়ের সঙ্গে মানচিত্র আঁকতে অসুবিধা হলে কিংবা পরিচিত পথ খুঁজে বের করতে অন্যের নির্দেশনার ওপর নির্ভরতা বেড়ে গেলে বিষয়টি লক্ষ রাখা প্রয়োজন। তবে স্থানিক দিকনির্দেশনার সমস্যা দেখা দিলেই ডিমেনশিয়া হয়েছে, এমনটি ভাবার কারণ নেই।
৪. অনলাইনে মস্তিষ্কের পরীক্ষা দিন
স্মৃতি, মনোযোগ, যুক্তি ও তথ্য প্রক্রিয়াকরণের দক্ষতা যাচাই করতে এখন অনলাইনে বিভিন্ন পরীক্ষা রয়েছে। স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে এসব পরীক্ষা দেওয়া সম্ভব।
অধ্যাপক ডেভিড শার্পের সুপারিশ করা একটি বৈজ্ঞানিক প্ল্যাটফর্ম হলো কগনিট্রন (Cognitron)। বিভিন্ন একাডেমিক গবেষণায় ব্যবহৃত এ প্ল্যাটফর্মে পাঁচ লাখের বেশি মানুষ পরীক্ষা দিয়েছেন।
পুরো পরীক্ষায় প্রায় ৩০ মিনিট সময় লাগে। এতে স্মৃতি, মনোযোগ, যুক্তি এবং তথ্য প্রক্রিয়াকরণের দক্ষতা যাচাই করা হয়। পরীক্ষা শেষে নিজের বয়সী অন্যদের সঙ্গে ফলাফল তুলনা করার সুযোগও রয়েছে।
তবে মনে রাখতে হবে, কগনিট্রন সরাসরি মস্তিষ্কের জৈবিক বয়স নির্ধারণ করে না। বরং বর্তমান মানসিক ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতা সম্পর্কে একটি ধারণা দেয়।
কখন সতর্ক হবেন?
মস্তিষ্কের বয়স যাচাইয়ের এসব পদ্ধতি মূলত প্রাথমিক ধারণা পাওয়ার জন্য। হাঁটার গতি কম হওয়া কিংবা প্রতিক্রিয়া জানাতে বেশি সময় লাগলেই মস্তিষ্কের বয়স বেড়ে গেছে, এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। শারীরিক অসুস্থতা, ক্লান্তি, ঘুমের অভাবসহ নানা কারণে পরীক্ষার ফল পরিবর্তিত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, একবারের ফলাফলের চেয়ে দীর্ঘ সময় ধরে নিজের সক্ষমতার পরিবর্তন পর্যবেক্ষণ করা বেশি গুরুত্বপূর্ণ। স্মৃতিশক্তি কমে যাওয়া, পরিচিত পথ ভুলে যাওয়া কিংবা দৈনন্দিন কাজের সক্ষমতায় ক্রমাগত অবনতি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
মস্তিষ্কের বয়স সম্পর্কে সচেতন থাকা জরুরি। কারণ, শরীরের বয়স বাড়লেও সুস্থ জীবনযাপন ও নিয়মিত শারীরিক ও মানসিক চর্চার মাধ্যমে মস্তিষ্কের কার্যক্ষমতা দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।
সূত্র : বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন