০২:৪৯ পি.এম
তুরস্কের মাটিতে ইরানের এক প্রাক্তন জেনারেলকে অপহরণ, নির্যাতন এবং হত্যার অভিযোগ উঠেছে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ এক ইসরাইলি পাইলটের সন্ধানে চলা অভিযানের অংশ হিসেবে এই ঘটনা ঘটেছিল।
প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৬ সালে লেবাননে একটি বোমা হামলার সময় ইসরাইলি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে পাইলট রন আরাদ নিখোঁজ হন। এরপর থেকে ইসরাইল তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে আসছে। এই অনুসন্ধানের প্রেক্ষিতে ইরান ও লেবাননের একাধিক ব্যক্তিকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এমনকি, লেবাননের একটি গ্রামে ইসরাইলি হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন।
২০০৬ সালের ডিসেম্বরে অভিযানের অন্যতম শিকার হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল আলিরেজা আসগারি। তিনি ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।
আরও পড়ুন: পরবর্তী দফার সংঘাতের জন্য ইরানকে যেভাবে প্রস্তুত করছে রাশিয়া
নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে তুরস্কের ইস্তাম্বুলে গিয়ে তাকসিম এলাকার সিলান হোটেলে ওঠেন আসগারি। কিছুক্ষণ পরই মোসাদের সদস্যরা তাকে অপহরণ করেন। পরে আসগারির অবস্থান জানতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে তথ্য চায়। তখন ইসরাইলি কর্মকর্তারা মার্কিন কর্মকর্তাদের জানান, আসগারিকে কয়েক সপ্তাহ ধরে নির্যাতন করা হয়েছিল আর তিনি নিখোঁজ পাইলট সম্পর্কে কিছুই জানতেন না। তথাপি, তাকে হত্যা করে মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়া হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
মোসাদের প্রধান ছিলেন মেইর দাগান। ইসরাইলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার সিদ্ধান্ত নিতে তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের অনুমোদন প্রয়োজন হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আসগারির নিখোঁজ হওয়ার ঘটনায় ইরান নিজস্ব তদন্ত চালায়। তদন্তকারীদের ধারণা, ইসরাইলি এজেন্টরা ইস্তাম্বুলের হোটেলকক্ষে ঢুকে তাকে অচেতন করে অপহরণ করেছিল। পরে অপহরণের জন্য ব্যবহৃত একটি গাড়ি কৃষ্ণসাগরের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
রন আরাদের নিখোঁজ হওয়ার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ না থাকলেও ২০২১ সালে সিরিয়ার দামেস্ক থেকে আরেক আইআরজিসি কমান্ডারকে অপহরণ করে মোসাদ।
আরও পড়ুন: নেতানিয়াহু বিরোধীদের বড় ধাক্কা! নেসেটের সম্ভাব্য স্পিকার মাতান কাহানা কে?
প্রতিবেদন অনুযায়ী, সকালে দৌড়াতে বের হলে জেনারেল আবদুল্লাহ সাবেরিকে ধরে একটি রেফ্রিজারেটর রাখার বাক্সে ভরে চলন্ত ভ্যানে তোলা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের পর তাকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জীবিত অবস্থায় ফেলে আসা হয়। অপহরণের সঙ্গে ইসরাইলের সম্পৃক্ততা আড়াল করতেই এমনটি করা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ ও ইরানের যৌথ তদন্তে ধারণা করা হয়, ১৯৮৮ সালে লেবাননের পূর্বাঞ্চলীয় নাবি চিত গ্রামে মারা যান রন আরাদ। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার প্রায় দুই বছর পর তার মৃত্যু হয়েছিল বলে তদন্তকারীদের ধারণা। অপহরণকারীরা তাকে ওই গ্রামে আটকে রেখেছিল এবং পরে সেখানেই দাফন করেছিল বলে মনে করা হয়।
তবে ইসরাইলি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বিশ্বাস করে আসছিলেন, আরাদের নিখোঁজ হওয়ার বিষয়ে ইরানের কাছে তথ্য রয়েছে।
২০২৫ সালের ডিসেম্বরে অবসরপ্রাপ্ত লেবানিজ নিরাপত্তা কর্মকর্তা আহমদ শুকরকেও অপহরণ করে ইসরাইল। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ব্যবসায়িক বৈঠকের কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। লেবাননের কর্মকর্তাদের ধারণা, ইসরাইলি এজেন্টরা তাকে অপহরণ করেছে। এরপর থেকে তাকে আর জীবিত দেখা যায়নি। তার অবস্থানও অজানা।
আরও পড়ুন: যুক্তরাজ্য আগাম নোটিশ ছাড়াই প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের নিজ দেশে ফেরত পাঠাবে
ইসরাইলি কর্মকর্তাদের বর্তমান ধারণা, ১৯৮৮ সালে নাবি চিতের কাছে ইসরাইলি বাহিনীর হাতে নিজের ভাই নিহত হওয়ার প্রতিশোধ নিতে আহমদ শুকরই রন আরাদকে হত্যা করেছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ নেই।
চলতি বছরের ৬ ও ৭ মার্চ নাবি চিত গ্রামে ৪০টির বেশি বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। তাদের ধারণা ছিল, গ্রামের একটি কবরস্থানে আরাদের মরদেহ দাফন করা হয়েছে। ওই হামলায় অন্তত ৪১ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন। তবে সেখানে আরাদের মরদেহ পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ২ মার্চ থেকে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৪ হাজার ৩৫৮ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে চীনের প্রেসিডেন্টের কাছে পান্ডার আবদার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন