০২:৫০ পি.এম
কক্সবাজারের মহেশখালীর তাজিয়াকাটা সুমাইয়া (রা.) বালিকা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব নিয়ে বিরোধের কারণে ম্যানেজিং কমিটির সভাপতি লাকি আক্তারকে শোকজ করা হয়েছে। তাঁকে সরকারি নীতিমালা লঙ্ঘন করে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য এ নোটিশ প্রদান করা হয়েছে।
নোটিশটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, মহেশখালী, কক্সবাজার থেকে জারি করা হয়েছে। স্মারক নম্বর: ০৫.২০.২২৪৯.০০.৯৯.০০১.২৬-১০৭৩।
নোটিশের একটি অনুলিপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ সচিবালয়, ঢাকা; বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম; মহাপরিচালক, বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকা এবং জেলা প্রশাসক (ডিসি), কক্সবাজারের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর
অভিযোগ উঠেছে, জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুতুবজোম ইউনিয়ন শাখার সহসভাপতি মো. সরওয়ার কামাল তাজিয়াকাটা সুমাইয়া (রা.) বালিকা দাখিল মাদরাসার সুপারের চেয়ারে জোরপূর্বক বসে নিজেকে স্বঘোষিত সুপার দাবি করেছেন।
১২ নভেম্বর শিক্ষকেরা কর্মবিরতি ঘোষণা করে ক্লাস বর্জন করেন। অভিযোগ অনুযায়ী, জামায়াত নেতা সরওয়ার কামাল ৮ নভেম্বর সকাল ৮টার দিকে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আনছারসহ কয়েকজন, বহিরাগত ব্যক্তি এবং জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের নিয়ে অস্ত্রশস্ত্রসহ মাদরাসা ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় তাঁরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন এবং অন্য শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে মাদরাসার সুপারের দায়িত্বে থাকা মুহাম্মদ আনোয়ার পাশাকে ধাক্কা দিয়ে সরিয়ে জোরপূর্বক সুপারের চেয়ার দখল করেন বলে অভিযোগ রয়েছে।
৮ নভেম্বর থেকে সরওয়ার কামাল ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা ক্যাম্পাসে অস্ত্রের মহড়া দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে ১০ নভেম্বর সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি লাকি আক্তার, সদস্যসচিব ও মাদরাসার সুপার মুহাম্মদ আনোয়ার পাশা, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ শফিউল আলম এবং অভিভাবক প্রতিনিধি মুহাম্মদ আলমগীরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ মেনে শিক্ষকদের দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। তবে ম্যানেজিং কমিটির সভাপতি লাকি আক্তার অসুস্থতার কারণে বৈঠকে উপস্থিত হননি। তাঁর স্বামী মাসুকুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।
নীতিমালায় উল্লেখ রয়েছে, কোনো মাদরাসায় সুপারিনটেনডেন্টের পদ শূন্য থাকলে সহকারী সুপারিনটেনডেন্ট ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালন করবেন। সহকারী সুপারিনটেনডেন্টের পদ শূন্য থাকলে জ্যেষ্ঠতম আরবি বিষয়ের শিক্ষক ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: ইসির পাঁচ ধাপে ইউপি নির্বাচনের আয়োজন, প্রথম ধাপ ২১ জানুয়ারি
অভিযোগকারীদের দাবি, সরওয়ার কামাল কোনো সহকারী সুপারিনটেনডেন্ট নন, জ্যেষ্ঠতম আরবি শিক্ষকও নন। তিনি একজন এবতেদায়ি শিক্ষক। তাই তাঁর সুপারিনটেনডেন্টের পদ দখল করে নেওয়া সম্পূর্ণ নীতিমালাপরিপন্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম বলেন, মাদরাসা ম্যানেজিং কমিটির দায়িত্বে থাকা ব্যক্তিদের ডেকে নীতিমালা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নীতিমালা অনুযায়ী বিষয়টি কমিটির এখতিয়ারভুক্ত। কমিটি বেআইনি কাজ করলে সংক্ষুব্ধ কেউ শিক্ষা অধিদপ্তর বা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিতে পারেন। অভিযোগ পেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা অধিদফতরে পাঠানো হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন: ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার প্রদর্শনী
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, সরকারি নীতিমালায় উল্লেখ রয়েছে, কোনো মাদরাসায় সুপারিনটেনডেন্টের পদ শূন্য থাকলে সহকারী সুপারিনটেনডেন্ট ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালন করবেন। সহকারী সুপারিনটেনডেন্টের পদ শূন্য থাকলে জ্যেষ্ঠতম আরবি বিষয়ের শিক্ষক ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালন করবেন। এ নীতিমালার পরিপন্থী কোনো কাজ করলে তা অবৈধ বলে গণ্য হবে।
ম্যানেজিং কমিটির সভাপতি লাকি আক্তার বলেন, সরওয়ার কামাল তাঁর বাড়িতে পাঁচ-ছয়বার এসেছিলেন। তিনি প্রথমে স্বাক্ষর দেননি। পরে সংসদ সদস্যের অনুরোধে স্বাক্ষর দিয়েছেন। তাঁকে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করেন, সংসদ সদস্য বললে কি তিনি সরকারি নীতিমালার বাইরে গিয়ে কাজ করতে পারেন? জবাবে তিনি বলেন, ‘আমি এসব বুঝি না।’
সরকারি নীতিমালায় উল্লেখ রয়েছে, কোনো মাদরাসায় সুপারিনটেনডেন্টের পদ শূন্য থাকলে সহকারী সুপারিনটেনডেন্ট ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালন করবেন। সহকারী সুপারিনটেনডেন্টের পদ শূন্য থাকলে জ্যেষ্ঠতম আরবি বিষয়ের শিক্ষক ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালন করবেন।
অভিযোগকারীদের দাবি, সরওয়ার কামাল কোনো সহকারী সুপারিনটেনডেন্ট নন, জ্যেষ্ঠতম আরবি শিক্ষকও নন। তিনি একজন এবতেদায়ি শিক্ষক। তাই তাঁর সুপারিনটেনডেন্টের পদ দখল করে নেওয়া সম্পূর্ণ নীতিমালাপরিপন্থী।
আরও পড়ুন: স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি
মাদরাসার প্রতিষ্ঠাতা ও কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা জাফর উল্লাহ নুরী বলেন, কোনো প্রতিষ্ঠানের শিক্ষক সরকারি নীতিমালার বাইরে গিয়ে দায়িত্ব পালন করতে পারেন না। সরওয়ার কামাল একজন এবতেদায়ি মাদরাসার শিক্ষক। কোনোভাবেই তাঁর মাদরাসার সুপারের দায়িত্ব পালন করার সুযোগ নেই।
মাদরাসার সুপারিনটেনডেন্ট মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, সরওয়ার কামাল ক্যাম্পাসে ঢুকে বহিরাগত ব্যক্তিদের নিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন। প্রতিষ্ঠানে যেকোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তাঁর অভিযোগ, সরওয়ার কামাল সারাক্ষণ তাঁর চেয়ারে বসে থাকেন, শিক্ষকদের ও ছাত্রীদের ভয়ভীতি দেখান এবং উত্তপ্ত পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন