১২:৩১ এম
অস্ট্রেলিয়ার সিডনিতে অত্যন্ত চিত্তাকর্ষক আলোক উৎসব ‘ভিভিড সিডনি’র মনোরম আবহে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক আনন্দোজ্জ্বল নৌবিহার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম (এবিবিএফ) ও বিডি হাব সিডনি এই ব্যতিক্রমী মিলনমেলার আয়োজন করে।
সিডনি হারবারে চার ঘণ্টা ব্যাপী এই আয়োজনে দুই সংগঠনের সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। সন্ধ্যা সোয়া ৬টায় কিং স্ট্রিট ওয়ার্ফ-৩ থেকে ‘জেরি বেইলি’ নামের নৌযানে যাত্রা শুরু করা হয়।
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম এবং বিডি হাব সিডনির সভাপতি আবদুল খান রতন জানান, দুই প্রতিষ্ঠানের সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে এই নৌবিহারের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি তৈরির তদন্তের নির্দেশ
তিনি বলেন, ‘আমাদের সদস্যদের পাশাপাশি নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের মধ্যে পরিচিতি ও বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পরিবারকেন্দ্রিক এমন মিলনমেলা কমিউনিটির বন্ধনকে আরও সুদৃঢ় করে।’
নৌবিহারে অংশগ্রহণকারীরা সিডনি হারবারে ভিভিড সিডনির বর্ণিল আলোকসজ্জা উপভোগ করেন। এ সময় সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে প্রাণবন্ত আড্ডা, মতবিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজমান থাকে।
নৌবিহারে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সহ-সভাপতি সোহেল খান বিডি হাব সিডনি’র আগামী বছরের চাঁদ রাত মেলায় অংশগ্রহণের জন্য উপহারের ঘোষণা দেন।
আয়োজনে অতিথিদের জন্য স্ন্যাকস, রাতের খাবার, এবং বিভিন্ন ধরনের জুসের ব্যবস্থা ছিল। অংশগ্রহণকারীরা এই ধরনের আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। ভবিষ্যতেও একই ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আরও পড়ুন: ঢাকা মেডিকেলে দালাল ধরতে অভিযান, ১১ জন আটক, ৭ জনের কারাদণ্ড
উল্লেখ্য, প্রতিবছর অস্ট্রেলিয়ার শীত মৌসুমের শুরুতে সিডনি শহরজুড়ে ‘ভিভিড সিডনি’ উৎসব অনুষ্ঠিত হয়। আলো, সংগীত, শিল্পকলা এবং সৃজনশীল ভাবনার সমন্বয়ে আয়োজিত এই উৎসবকে বিশ্বের অন্যতম বৃহৎ আলোক উৎসব হিসেবে বিবেচনা করাহয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো দর্শনার্থী এই উৎসব উপভোগ করার জন্য সিডনিতে আসেন। বিশেষ করে সিডনি অপেরা হাউস, হারবার ব্রিজ এবং শহরের অন্যান্য স্থাপনা রঙিন আলোকসজ্জায় সজ্জিত হওয়ায় পুরো শহর একটি অনন্য সৌন্দর্যে রূপ নেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন