১২:৫০ এম
‘বর্তমানে প্রচলিত গণতন্ত্র হলো সমাজের কেবল উচ্চশ্রেণির স্বল্পসংখ্যক লোকের গণতন্ত্র। এই গণতন্ত্রের সুবিধাও ভোগ করে মোট জনসংখ্যার বড়জোর ৫ শতাংশ লোক। বাকিরা এতে শোষিত, বঞ্চিত ও প্রতারিত।’
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সোনার বাংলা পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি সৈয়দ হারুন–অর রশীদ এই মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করেছে দলটি।
তিনি উল্লেখ করেন, ১৯৮০ -এর দশক থেকে যুক্তরাষ্ট্র এই গণতন্ত্রকে লিবারেল ডেমোক্রেসি হিসেবে অভিহিত করে আসছে। পূর্বে এটি শুধুমাত্র ডেমোক্রেসি হিসেবে পরিচিত ছিল। ফলে গণতন্ত্রের রূপান্তর ঘটেছে নির্বাচনতন্ত্রে। শিক্ষা ও সংস্কৃতির ধারণাও পরিবর্তিত হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
সৈয়দ হারুন–অর রশীদ আরও বলেন, আমরা এই গণতন্ত্রের পরিবর্তে শতভাগ মানুষের গণতন্ত্রের দাবি জানাচ্ছি। এই গণতন্ত্রের মাধ্যমে সরকার গঠন হবে রাজনৈতিক দলগুলোর আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে। শতভাগ মানুষের গণতন্ত্রকে আমরা জনগণের গণতন্ত্র বা ‘সর্বজনীন গণতন্ত্র’ বলেও অভিহিত করি। পৃথিবীর প্রায় সব দেশে সর্বজনীন গণতন্ত্রের ভিত্তিতে নতুন জাতি রাষ্ট্র গড়ে তোলা প্রয়োজন। আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্বব্যবস্থার ক্ষেত্রে আন্তর্জাতিক ফেডারেল বিশ্ব সরকার প্রতিষ্ঠা করা জরুরি। এই বিশ্ব সরকার হবে সকল জাতি রাষ্ট্রের সরকারের ঊর্ধ্বতন একটি সরকার।
তিনি আরও বলেন, বিশ্ব সরকারের দায়িত্ব হবে জাতিরাষ্ট্রগুলোর মধ্যে সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধি করা। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধ মীমাংসা করা এবং পর্যায়ক্রমে যুদ্ধের আশঙ্কা দূর করা। আলোচনার মাধ্যমে আন্তরাষ্ট্রীয় সমস্যার সমাধান করা হবে। রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠিত করতে হবে যাতে কোনো রাষ্ট্রেরই সেনাবাহিনী না থাকে এবং কেবল বিশ্বসরকারের কাছে একটি সেনাবাহিনী থাকবে। রাষ্ট্রকে গুরুত্ব দিয়ে সভ্যতা, সংস্কৃতি, সর্বজনীন কল্যাণ ও প্রগতির নীতি অনুসরণ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হারুন–অর–রশীদ। এ সময় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, সমাজতান্ত্রিক দলের সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, সোনার বাংলা পার্টির সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ঈশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান চৌধুরী, মুস্তাফিজুর রহমান মুক্তা, ন্যাশনাল পলিটিকাল ক্লাবের প্রেসিডেন্ট অধ্যক্ষ মিন্টু, শেরে বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়, রাজনৈতিক সম্মান ও দায়িত্বশীলতা দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন